ইতালির গৌরব ফেরানোর দায়িত্ব নতুন প্রজন্মের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী সালাউদ্দিন
কাজী সালাউদ্দিন

হায় ইতালি!
টানা দুটি বিশ্বকাপে গ্রুপপর্ব থেকেই বিদায়। ইতালির জন্য এটা অনেক বড় মানসিক ধাক্কা। এমনটা আঁচ করতে পেরে ইতালি-উরুগুয়ে ম্যাচের ওপর চোখ রাখতে বলেছিলাম সবাইকে। অনিশ্চয়তায় ভরা এ লড়াই না দেখা মানে বড় কিছু মিস করা। তাই ম্যাচটা নিয়ে আমার ব্যক্তিগত আগ্রহও পৌঁছে যায় তুঙ্গে। খারাপই লাগল ইতালির জন্য। স্পেন, ইংল্যান্ডের পর ইতালিরও বিদায়—ব্রাজিল বিশ্বকাপ কী শুরু করল!
বলে রাখি, আমার বাসায় ইতালির অনেক সমর্থক। তার মধ্যে বড় দুজন আমার মেয়ে ও মেয়ের মা। বুঝতেই পারছেন, বাসায় ইতালির ম্যাচ দেখার ঝঁুকি আমি নিতে পারি না (হা হা হা)। আমি হল্যান্ডের ভক্ত, কাজেই ইতালির সমর্থকদের অবস্থান আমার বিপরীত মেরুতে। তার পরও চেয়েছি ইতালিপ্রেমীদের জয় হোক। হলো না। আজ্জুরিদের বিদায় আমার পরিবারের কাছেও কষ্টকর হয়ে এল।
একটা ভুলই আসলে শেষ করে দিয়েছে ইতালির মতো চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। লাল কার্ডের কথা বলছি। আমার চোখে ওটা লাল কার্ডই ছিল। তবে উরুগুয়েরও একটা লাল কার্ড প্রাপ্য, যেটা রেফারি দেননি। যা-ই হোক, রেফারি না দিলে কিছু বলার নেই। মাঠে তাঁর সিদ্ধান্তই চূড়ান্ত এবং সেটা সবাইকে মানতে হবে।
তবে সুয়ারেজ-কাণ্ড মেনে নেওয়া কঠিন। তাঁর শাস্তি হতে পারে শোনা যাচ্ছে, মনে হচ্ছে ব্যাপারটা কঠোর দৃষ্টিতেই দেখছে ফিফা। এই স্তরের কোনো খেলোয়াড় কাউকে কামড় দিতে পারেন, তা এককথায় অকল্পনীয়। মজার ব্যাপার, সুয়ারেজের কামড়-কাণ্ড এটাই প্রথম নয়। এর আগেও বার দুয়েক তিনি এমন ঘটনার জন্ম দিয়ে নিন্দিত হয়েছেন। ধারাবাহিকভাবে এমন কামড়-কাণ্ড করে যাওয়ায় সুয়ারেজকে এখন মানসিক চিকিৎসকের কাছে নেওয়া উচিত। শুনতে খারাপ লাগতে পারে, আমি বলব এটা তাঁর মানসিক সমস্যাই । নইলে এমন ভয়ানক কিছু মাঠে কেউ এভাবে ধারাবাহিকভাবে করতে পারেন, বিশ্বাস করতেই কষ্ট হয়।
একটা ব্যাপারে আমার মনে অবশ্য কোনো সংশয় নেই। স্পেনের মতো নতুন খেলোয়াড় নিয়ে উঠে দাঁড়াতে হবে ইতালিকেও, ওই নতুনদেরই নিতে হবে দেশটির ফুটবল গৌরব ফেরানোর দায়িত্ব। স্পেন-ইতালির একটা প্রজন্ম শেষ, এটাই এখন বাস্তবতা। ইংল্যান্ড এবার তরুণ দল নিয়ে এসেিছল। চার বছর পর এই দলটা পরিণত হবে। গত বিশ্বকাপে জার্মানির ছিল তরুণ দল, যে দল এবার অনেকটাই পরিণত।
ইতালি নিশ্চয়ই বুফন-পিরলোদের দলটাকে নতুন করে ঢেলে সাজাবে? সেটা না করে উপায়ও নেই। দক্ষিণ আফ্রিকার পর ব্রাজিল থেকেও শূন্য হাতে ফেরায় ইতালির ফুটবল এখন লন্ডভন্ড। ইউরোপিয়ান এই পরাশক্তির ফুটবল অন্দরমহলে তোলপাড়ের নানা খবর পাচ্ছি সংবাদমাধ্যমে। সেসব সামাল দেওয়া সহজ নয়। ঝড়ের পর সবকিছু শান্ত হয় যখন, আবার গুছিয়ে ওঠার একটা চ্যালেঞ্জও থাকে। ইতালির তা ভালোই জানা থাকার কথা। চারবার বিশ্বকাপ তো এমনিই জেতেনি ওরা।
ইতালিকে বিদায় দিয়ে উরুগুয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে বটে, তবে বেশি দূর যাবে বলে মনে হচ্ছে না। লাতিন ছন্দ খুঁজে বেড়াচ্ছি দলটার মধ্যে। পেলাম না এখন অব্দি। ফুটবলপিপাসুদের ভালো ফুটবল উপহার দেওয়ার দায়টা এখন বর্তাচ্ছে উরুগুয়ের কাঁধেও। তবে সুয়ারেজকে তাঁর অমন কাণ্ড-কারখানা কিন্তু ছাড়তে হবে!