ইতালির টানা দ্বিতীয় শিরোপা
ইতালির ফ্যাসিবাদী নেতা বেনিত্তো মুসোলিনি ১৯৩৪ সালের বিশ্বকাপ ব্যবহার করেছিলেন তাঁর ফ্যাসিবাদকে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করার লক্ষ্যে। দুই বছর পর ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিক গেমসকে আরেক ফ্যাসিবাদী চরিত্র এডলফ হিটলার ব্যবহার করেছিলেন তাঁর নািসবাদকে সুপ্রতিষ্ঠিত করতে। এই দুই নেতার কল্যাণে গোটা বিশ্ব তখন আক্ষরিক অর্থেই রাজনৈতিকভাবে বিভক্ত। এ সময় তৃতীয় বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে রাজনৈতিক বিভক্তিকে এড়াতে ফিফা একটি গুরুত্বপূর্ণ অথচ কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করে। বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়া হয় ফ্রান্সকে। ফিফার এই সিদ্ধান্তটি ছিল মূলত লাঠি না ভেঙে সাপ মারার মতো ব্যাপার। তবে লাতিন দেশ আর্জেন্টিনা আবেদন সত্ত্বেও বিশ্বকাপ আয়োজনের সুযোগ না পেয়ে রীতিমতো ‘গোস্বা’ করে বসে। দ্বিতীয় আসরে দুর্বল দল পাঠালেও এবার তারা ঘরে বসে থাকারই সিদ্ধান্ত গ্রহণ করে। উরুগুয়ে সেই ইউরোপ-লাতিন আমেরিকা দ্বন্দ্ব ধরে বসে থেকে এবারও বিরত থাকে অংশ নেওয়া থেকে। আর্জেন্টিনার অংশ নেওয়ার কারণে তারা মনে করেছিল, প্রথমবার লাতিন আমেরিকায় আয়োজনের পর দ্বিতীয়বার যখন ইউরোপে প্রতিযোগিতা আয়োজিত হলো, তৃতীয়বার সেই বিশ্বকাপ আবার লাতিন আমেরিকায় ফিরে আসবে। কিন্তু ‘রাজনৈতিক কারণে’ ফিফা এই ‘পালানীতি’ পরিহার করে। সেই সময়কার বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতিতে লাতিন আমেরিকায় বিশ্বকাপ আয়োজিত হলে ফ্যাসিবাদ অথবা নািসবাদকে আরও উসকে দেওয়া হতো।যা হোক, এই আসরেও ইতালি তাদের শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ন রাখে। বিশ্বকাপের তৃতীয় আসরে বাছাইপর্ব থাকলেও শেষ মুহূর্তে হিটলারের নািসবাদের শিকার অস্ট্রিয়া প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি। অস্ট্রিয়ার পরিবর্তে বিশ্বকাপে সুযোগ পায় সুইডেন। ফিফা এবারই প্রথম স্বাগতিক দলকে বাছাইপর্ব ছাড়া সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ করে দেয়। এর পাশাপাশি চ্যাম্পিয়ন দলও সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পায়। অংশ নেওয়া দল ১৬টির বদলে ১৫টি হওয়ায় ভাগ্য খুলে যায় সুইডেনের। সুইডিশরা নিয়মের মারপ্যাঁচে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পায়।এই বিশ্বকাপ যে খেলাটির কারণে স্মরণীয় হয়ে থাকবে, তা হলো প্রথম রাউন্ডে ব্রাজিল-পোল্যান্ডের খেলাটি। সেই খেলায় ব্রাজিল ৬-৫ গোলে পোল্যান্ডকে পরাজিত করে। স্ট্রাসবার্গের বৃষ্টিভেজা পিচ্ছিল মাঠে হ্যাটট্রিক করেন ব্রাজিলের লিওনিদাস। এই লিওনিদাসই পুরো প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন। সাত গোল করে প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতাও তিনি।তৃতীয় বিশ্বকাপের আরও একটি খেলা স্মরণীয় হয়ে থাকবে। বোর্দোতে ব্রাজিল-চেকোস্লোভাকিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটিকে ফুটবল না বলে অনেকে রাগবি বলে থাকেন রসিকতা করে। খেলার শুরু থেকেই শারীরিক বল প্রয়োগ করে খেলা দুই দলের খেলোয়াড়রাই উত্তপ্ত হয়ে ওঠেন। ব্রাজিলের জেজে চেকোস্লোভাকিয়ার নেজেদলেকে একটি বাজে আঘাত করে বসেন। এই অপরাধে হাঙ্গেরিয়ান রেফারি জেজেকে মাঠ থেকে বের করে দেন। খেলার একপর্যায়ে ব্রাজিলীয় খেলোয়াড় ম্যাচাডোস ও চেক জান রিহার মধ্যে হাতাহাতি শুরু হয়। মারামারি, ঘুষোঘুষিতে খেলাটি এমন অবস্থায় দাঁড়ায়, যেখানে দুই দলেরই ১১ জন খেলোয়াড় মাঠে নামানোর সামর্থ্য হারিয়ে যায়। এই বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে আসে নেদারল্যান্ডস, ডাচ ইস্ট ইন্ডিজ, কিউবা ও নরওয়ে।প্যারিসে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় ইতালি ও হাঙ্গেরি। সেই ম্যাচে ৪-২ গোলে হাঙ্গেরিকে হারায় আজ্জুরিরা।১৯৩৮ সালের বিশ্বকাপ এমন সময় অনুষ্ঠিত হয়, যখন গোটা ইউরোপজুড়ে যুদ্ধের দামামা। স্পেনে তখন গৃহযুদ্ধ, হিটলারের নািসরা অস্ট্রিয়া দখল করে রেখেছে, এমন একটা সময়ে ১৫ দিন ইউরোপসহ গোটা ফুটবল বিশ্বকে আচ্ছন্ন করে রাখে বিশ্বকাপের তৃতীয় এই আসর। এই বিশ্বকাপের পরপরই দ্বিতীয় বিশ্বযুদ্ধে কেঁপে ওঠে গোটা পৃথিবী। মোট ১২ বছরের জন্য নির্বাসনে চলে যায় বিশ্বকাপের আসর।