
তিন মিনিটের মধ্যে দুবার হলুদ কার্ড। দুয়ে মিলে লাল কার্ড হয়ে যাওয়ায় যখন মাঠ ছাড়তে হচ্ছিল মারিও বালোতেল্লিকে, এমন ভাব করলেন যেন তাঁর কোনো দোষই নেই! হাত-পা ছোড়াছুড়ি করছেন, কাছেপিঠে কিছু পেলে হয়তো ছুড়েও মারতেন। শেষমেশ কোচ সিজারে প্রানদেল্লি গিয়ে শান্ত করলেন তাঁকে।৭২ মিনিটের সময় ‘ব্যাডবয়’কে হারিয়ে ১০ জনের দল হয়ে গিয়েছিল ইতালি। তার পরও যে তারা বিশ্বকাপ বাছাইপর্বের ইউরোপীয় অঞ্চলে চেক প্রজাতন্ত্রের কাছে ম্যাচটা হারেনি, বরং গোলশূন্য ড্র করেছে, সেটির কৃতিত্ব গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের। ম্যাচ শেষে সিজার প্রানদেল্লিও এটি অস্বীকার করতে পারেননি, ‘ও না থাকলে আমরা হেরে যেতাম। মাঠে ও-ই ছিল সেরা খেলোয়াড়।’ বুফনকে প্রশংসায় ভাসিয়ে প্রানদেল্লি কিছুটা ভর্ৎসনা করেছেন আরেক শিষ্য বালোতেল্লিকে, ‘সে উত্তেজিত হয়ে পড়েছিল। এটা তার ব্যক্তিগত সমস্যা। কিন্তু আমি বলব, তার অবশ্যই সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া শিখতে হবে।’ চেকদের সঙ্গে ড্র করেও অবশ্য ইউরোপের ‘বি’ গ্রুপে পয়েন্ট তালিকার শীর্ষেই আছে ইতালি। ছয় ম্যাচে ১৪ পয়েন্ট পাওয়া ইতালির পরই বুলগেরিয়ার অবস্থান (ছয় ম্যাচে ১০)।লিসবনের লুজ স্টেডিয়ামে রাশিয়ার বিপক্ষে জয়টা জরুরি হয়ে পড়েছিল পর্তুগালের জন্য। ক্রিস্টিয়ানো রোনালদোর দল সেটি পেয়েছে ম্যাচের নয় মিনিটে হেলগার পোস্টিগার দেওয়া একমাত্র গোলে। আগের ম্যাচগুলোর তুলনায় অনেকটা সাদামাটা মনে হওয়া রাশিয়াকে আরও বড় ব্যবধানেই হারাতে পারত পর্তুগাল, যদি অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো বেশ কিছু সুযোগ নষ্ট না করতেন। তবে শেষ পর্যন্ত দল জিতেছে, এটাই তাঁর সান্ত্বনা। এর চেয়েও বড় স্বস্তি ‘এফ’ গ্রুপের শীর্ষ দল হিসেবে সরাসরি ব্রাজিলের টিকিট পাওয়ার সম্ভাবনাটা ধরে রেখেছে তারা। ম্যাচ শেষে তাই পর্তুগালের কোচ পাওলো বেনতোর কণ্ঠেও তৃপ্তির সুর, ‘রাশিয়ার বিপক্ষে জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল। কোনো ম্যাচকে আলাদা করে ভাগ্যনির্ধারক বলার অভ্যাস নেই আমার, তবে এই ৩ পয়েন্ট আমাদের জন্য খুব মূল্যবান।’
বালোতেল্লি আর রোনালদোরা যেটা পারেননি, পরশু রাতে ফারো আইল্যান্ডসের বিপক্ষে সেটাই করে দেখিয়েছেন আইরিশ তারকা রবি কিন। দেশের হয়ে ১২৬তম ম্যাচ খেলতে নেমে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির এই তারকা ভেঙে দিয়েছেন এত দিন ধরে রাখা শে গিভেনের সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড (১২৫টি)। রেকর্ডের দিনটিকে হ্যাটট্রিক করেই স্মরণীয় করে রাখলেন সাবেক টটেনহাম তারকা। ৩-০ গোলে ম্যাচ জিতে ইউরোপের ‘সি’ গ্রুপে ৩ নম্বরে উঠে এসেছে আয়ারল্যান্ড। প্রথম দুটি স্থান যথাক্রমে জার্মানি ও অস্ট্রিয়ার।
পরশু রাতে ইউরোপের অন্য ম্যাচে ক্রোয়েশিয়াকে ১-০ গোলে হারিয়েছে স্কটল্যান্ড আর অস্ট্রিয়া ২-১ গোলে জিতেছে সুইডেনের বিপক্ষে। এএফপি, রয়টার্স।