ইতালিয়ানদের আশঙ্কাটা ছিল অমূলক। নিজেরা আয়ারল্যান্ডকে হারাল ২-০ গোলে। ওদিকে স্পেন-ক্রোয়েশিয়া ম্যাচটি ‘বিস্কুট’ তত্ত্ব মেনে ২-২ গোলে ড্র হলো না। গ্রুপ রানার্সআপ হিসেবেই ইতালি উঠে গেল কোয়ার্টার ফাইনালে। স্কোরলাইন দেখে যতটা সহজ মনে হচ্ছে, ইতালিয়ানদের জয় কিন্তু তত সহজে আসেনি। প্রথম দুই ম্যাচেই আশার সমাধি দেওয়া আয়ারল্যান্ড ভালোই ভুগিয়েছে তাদের শেষ ম্যাচে।ইতালিকে জেতালেন দুই ‘ব্যাড বয়’। ৩৫ মিনিটে আন্তোনিও কাসানোর হেডে এল প্রথম গোল। মারিও বালোতেল্লির দুর্দান্ত ভলিতে জয় নিশ্চিত করা গোলটি এল একেবারে ৯০ মিনিটে। সেট পিসে দুর্দান্ত ইতালির দুটি গোলেরই উৎস কর্নার। আর দুটি কর্নারই নিয়েছেন সেট পিস বিশেষজ্ঞ আন্দ্রিয়া পিরলো। প্রথম দুই ম্যাচে ক্রোয়েশিয়া ও স্পেনের কাছে পাত্তা না পাওয়া আইরিশরা চেপে ধরেছিল ইতালিকে, বিশেষ করে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি।ম্যাচটা ভালোয় ভালোয় শেষ করতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ইতালিয়ান কোচ সিজারে প্রানদেল্লি, ‘ম্যাচটা খুব কঠিন ছিল। এমন এক দলের বিপক্ষে আমরা খেলেছি, যারা আমাদের অনেক ভুগিয়েছে।’প্রানদেল্লি পরশু একাদশটি সাজিয়েছিলেন কিছুটা পরিবর্তিত ছকে। প্রথম দুই ম্যাচে তিন ডিফেন্ডার নিয়ে খেলা আজ্জুরিরা আইরিশদের বিপক্ষে নামায় চার ডিফেন্ডার। ড্র করলেই বাদ—এই আশঙ্কা নিয়ে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের লড়তে হয়েছে দাঁতে দাঁত চেপে। প্রানদেল্লি এ কথা অস্বীকার করতে পারেননি, ‘আজ (পরশু) আমরা বুঝতে পারলাম, মানের চেয়ে বুকের জোরটাই বেশি গুরুত্বপূর্ণ। আজ আমরা অনেক সুযোগ তৈরি করেছি। আশা করছি, পরের ম্যাচেও এ রকম হবে।’আইরিশদের সামনে সমতা ফেরানোরও সুযোগ এসে গিয়েছিল। কিথ অ্যান্ডু্রজের ফ্রি-কিকটি অসাধারণ দক্ষতায় বাঁচিয়ে দেন জিয়ানলুইজি বুফন। পরে এই অ্যান্ড্রুজই লাল কার্ড দেখায় স্বস্তি পায় ইতালি। তাঁর বহিষ্কারের কিছু সময় পরই বদলি হিসেবে নেমে বালোতেল্লির সেই গোল।আগের দুই ম্যাচেই ১-১ গোলে ড্র করেছিল ইতালি। দুটি ম্যাচেরই শেষ ২০ মিনিট ইতালিকে দেখা গেছে দম হারানো এক দল। পরশু ওই সমস্যা তারা কাটিয়ে ওঠে অনেকটাই। প্রানদেল্লির জন্য এটি খুশির খবর, ‘আজ (পরশু) আর শারীরিক সমস্যায় পড়তে হয়নি। ওরা লং বল খেলছিল, আর আমরাও ক্লান্ত হয়ে পড়িনি। শেষ পর্যন্ত আমরা ম্যাচে ছিলাম।’ইতালির কোচ প্রশংসা করেছেন পাশের ড্রেসিংরুমের ‘বস’, তাঁর সাবেক গুরু জিওভান্নি ত্রাপাত্তোনিরও, ‘তারা সমতা আনার চেষ্টা করেছে, এমনকি জিততেও চেয়েছে। আর এটাই হচ্ছে ত্রাপাত্তোনির মানসিকতা।’গোল পেয়েছেন কাসানো ও বালোতেল্লি। অধিনায়ক বুফনের দৃষ্টিতে এটি শুভলক্ষণ, ‘এটা বেশ ভালো লক্ষণ, আমাদের ওদের দরকার। আগে খুব ভালো খেলেও ওরা গোল পায়নি। এই দুটো গোলই সবকিছু সহজ করে দিয়েছে।’ইতালির হাতে তাঁর দলের হলো চূড়ান্ত হেনস্থা, তবে আয়ারল্যান্ড কোচের ইতালিয়ান মনে ইতালির জন্য জাগছে শুভ ইঙ্গিত, ‘ইতালির সেই মান আছে, যা নিয়ে যাওয়া যায় অনেক দূর।’ এএফপি, রয়টার্স।কিয়েভে ২৪ জুনের কোয়ার্টার ফাইনালে ইতালির প্রতিপক্ষ গ্রুপ ‘ডি’ এর চ্যাম্পিয়ন ইংল্যান্ড।