ইতালির দীর্ঘ প্রতীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪৪ বছরের দীর্ঘ প্রতীক্ষা শেষে অবশেষে বিজয়ের হাসি হাসতে পেরেছিল ইতালি
৪৪ বছরের দীর্ঘ প্রতীক্ষা শেষে অবশেষে বিজয়ের হাসি হাসতে পেরেছিল ইতালি

বিশ্বকাপ, দ্য গ্রেটেস্ট শো অন আর্থের পর্দা ওঠার আর মাত্র ৪৪ দিন বাকি। দুরু দুরু বুকে ফুটবলপ্রেমীরা ক্ষণগণনা শুরু করে দিয়েছেন নিশ্চয়ই। শুরু হয়েছে প্রথম আলো অনলাইনেরও ‘কাউন্টডাউন’। প্রতিদিন ধারাবাহিকভাবে ক্ষণগণনা নিয়ে একটি বিশেষ রচনা থাকবে। আজ থাকবে ‘৪৪’ সংখ্যাটি নিয়ে—

বিশ্বকাপের অন্যতম সফল দল ইতালি। এখন পর্যন্ত তারা জিতেছে মোট চারটি বিশ্বকাপ শিরোপা। কিন্তু পরপর দুটি বিশ্বকাপ জয়ের পর তৃতীয়টি পেতে আজ্জুরিদের অপেক্ষা করতে হয়েছিল দীর্ঘ ৪৪ বছর। ১৯৩৮ সালের পর ইতালি পরের শিরোপাটি জিতেছিল ১৯৮২ সালে।

১৯৩০ সালে বিশ্বকাপের প্রথম আসরে খেলতেই আসেনি ফুটবলের অন্যতম পরাশক্তি ইতালি। কিন্তু ১৯৩৪ সালে নিজেদের মাঠে আয়োজিত বিশ্বকাপে শিরোপাটা প্রথমবারের মতো নিজেদের করে নেয় তারা। ১৯৩৮ সালে ফ্রান্সে অনুষ্ঠিত পরের বিশ্বকাপেও নিজেদের শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ন রাখে তারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে এরপর বিশ্বকাপ মাঠে গড়ায়নি ১২টি বছর। ১৯৫০ সালে অবশ্য ইতালিকে হতাশই হতে হয়েছিল।

আজ্জুরিদের হতাশার মাত্রাটা এরপর কেবল দীর্ঘই হয়েছে। বিশ্বকাপ ছিল তাঁদের কাছে ব্যর্থতারই উপাখ্যান। অনেক দিন পর ১৯৭০ সালে মেক্সিকো বিশ্বকাপে ফাইনালে খেললেও ব্রাজিলের কাছে ৪-১ গোলে হেরে শিরোপার প্রতীক্ষাটা লম্বাই হয়েছে তাঁদের।

১৯৮২ সালে এসে সেই প্রতীক্ষার অবসান হলো। ৪৪ বছর পর ইতালি শিরোপা জয় করল ৪২ বছর বয়স্ক গোলরক্ষক দিনো জফের নেতৃত্বে। পাওলো রসি নামের এক জেল ফেরত ‘আসামি’র জাদুমন্ত্রে সারা বিশ্বকে মন্ত্রমুগ্ধ করে তারা হাতে তুলে নেয় ফিফা বিশ্বকাপ। অথচ, বিরাশির প্রতিযোগিতা শুরুর আগে ইতালির শিরোপা জয়ের ব্যাপারটি ছিল না ফুটবলবোদ্ধাদের সুদূরতম কল্পনায়ও।

আশি ও নব্বইয়ের দশকজুড়ে ফুটবল বিশ্বের অন্যতম শীর্ষ পরাশক্তি হয়েও বিশ্বকাপটা বারবার আশাহতই করেছে ইতালিকে। বিরাশির পর নব্বইয়ে নিজেদের মাটিতে সেমিতে খেললেও টাইব্রেকার-ভাগ্যে কাঁদতে হয় তাদের। পরের বার যুক্তরাষ্ট্র বিশ্বকাপে টাইব্রেকার-ভাগ্য তাদের বঞ্চিত করে বিশ্বকাপ জয়ের আনন্দ থেকেই। ফাইনালে তারা ভাগ্য পরীক্ষায় হেরে যায় ব্রাজিলের কাছে।

২০০৬ সালে এসে আবারও ভাগ্য প্রাণ খুলে হাসল তাদের দিকে তাকিয়ে। যে টাইব্রেকার ইতালিকে ১৯৯৪ সালে বঞ্চিত করেছিল বিশ্বকাপ জয় থেকে, সেই টাইব্রেকারই তাদের ভাসিয়ে দেয় চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের আনন্দে। পাঁচবার বিশ্বকাপজয়ী ব্রাজিলের পর ইতালিই এই মুহূর্তে সবচেয়ে বেশিবার বিশ্বকাপজয়ী দল। জার্মানি, আর্জেন্টিনা, ফ্রান্স কিংবা স্পেন—পরাশক্তিগুলো কিন্তু ইতালিকে সমীহের চোখে দেখে সব সময়ই।