ইতালির দুশ্চিন্তার নাম জাকেরনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের হয়ে শততম ম্যাচ। গত রোববার মারাকানা স্টেডিয়ামে মেক্সিকোর বিপক্ষে সেই ম্যাচে গোলও করেছেন। পরশু অনুশীলনের আগে সতীর্থদের স্বাক্ষর-সংবলিত জার্সি উপহার পেলেন ইতালিয়ান মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলো ষ এএফপি
দেশের হয়ে শততম ম্যাচ। গত রোববার মারাকানা স্টেডিয়ামে মেক্সিকোর বিপক্ষে সেই ম্যাচে গোলও করেছেন। পরশু অনুশীলনের আগে সতীর্থদের স্বাক্ষর-সংবলিত জার্সি উপহার পেলেন ইতালিয়ান মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলো ষ এএফপি

দুটি কারণে জাপানকে নিয়ে চিন্তিত ইতালির কোচ সিজারে প্রানদেল্লি। এক. প্রথম ম্যাচ খেলার পর জাপান একটা দিন বেশি বিশ্রাম পেয়েছে। দুই. জাপানের কোচ আলবার্তো জাকেরনি একজন ইতালিয়ান।

প্রথম ম্যাচে ব্রাজিলের কাছে জাপান ৩-০ গোলে হেরেছে জেনেও প্রানদেল্লির কপালে তাই ভাঁজ। এমনিতে দুই দলের শক্তির যা ব্যবধান, তাতে আজকের ম্যাচ জিতে ইতালির সহজেই সেমিফাইনালে উঠে যাওয়ার কথা। কিন্তু সেটি ভাবতে গেলেই প্রানদেল্লির চোখের সামনে ভেসে উঠছে জাকেরনির মুখ। জাপানের দায়িত্ব নেওয়ার আগে দুই মিলান আর জুভেন্টাসসহ ইতালির অন্তত গোটা দশেক ক্লাবের কোচ ছিলেন এই ভদ্রলোক। ইতালিয়ান ফুটবলের নাড়ি-নক্ষত্র তাঁর চেনা। ‘ঘরের শত্রু বিভীষণ’ জাকেরনি আজ কী রণপরিকল্পনা এঁটে দলকে মাঠে নামান, এটি নিয়েই চিন্তিত প্রানদেল্লি, ‘আলবার্তো আমাদের খুব ভালো চেনে। আমাদের কৌশল জানে। আমার মনে হচ্ছে, সে আমাদের জন্য কোনো ফাঁদ পেতে রাখবে।’ যাঁকে নিয়ে প্রানদেল্লি এত ভাবছেন, সেই জাকেরনির কথাও শোনাল আগাম সতর্কবার্তার মতো, ‘আমাদের জন্য এই ম্যাচ ফাইনালের মতো। আমরা সর্বস্ব দিয়ে খেলব, কারণ হেরে গেলেই সব শেষ।’ জাকেরনির মতো জাপানি ডিফেন্ডার ইয়তো নাগাতোমোরও ইতালি কিছুটা চেনা-জানা। ইন্টার মিলানে খেলেন, সিরি ‘আ’তে চেনা অনেককেই আজ পাবেন প্রতিপক্ষ হিসেবে। কোচের কথার প্রতিধ্বনি তাঁর কণ্ঠেও, ‘আমরা ব্রাজিলের বিপক্ষে ভুলগুলোর পুনরাবৃত্তি করতে চাই না। ওই ম্যাচ দিয়ে আমাদের বিচার করাটা ঠিক হবে না।’

ফুটবল-ঐতিহ্যের বিচারে ইতালি অনেক এগিয়ে থাকতে পারে, তবে মুখোমুখি লড়াইয়ের ফল অবশ্য পক্ষ নিচ্ছে না কারও। এর আগে একটিই ম্যাচ খেলেছে দুই দল। ১২ বছর আগে সেই প্রীতি ম্যাচ ড্র হয়েছিল ১-১ গোলে।

দুই দিন আগে মেক্সিকোর বিপক্ষে শততম ম্যাচ খেলেছেন আন্দ্রেয়া পিরলো। জিয়ানলুইজি বুফন অনেক আগেই ছুঁয়েছেন এই মাইলফলক। দেশের হয়ে আজ ১৩০তম ম্যাচ খেলতে নামবেন ইতালিয়ান গোলরক্ষক। ইতালির জার্সি গায়ে তাঁর চেয়ে বেশি ম্যাচ (১৩৬) খেলেছেন শুধু ফ্যাবিও ক্যানাভারোই। রেকর্ডটা বুফনই ভাঙবেন বলে একরকম মেনে নিয়েছেন সবাই। অধিনায়ক হয়তো তাই দলের সঙ্গে ব্যক্তিগত এই অর্জনের দিকে আরেকটু এগোনোর কথাও মাথায় রেখে বলেছেন, ‘শেষ পর্যন্ত শিরোপা জিততে পারলে তবেই আমাদের সফল বলা যাবে। আমরা সে লক্ষ্যেই এগোচ্ছি।’ এএফপি ও রয়টার্স।

ইতালি-জাপান

সর্বশেষ সাত ম্যাচের একটিও হারেনি ইতালি। সর্বশেষ পরাজয় ২০১২ সালের নভেম্বরে ফ্রান্সের কাছে (২-১)।

সর্বশেষ পাঁচ ম্যাচের একটি জিতেছে জাপান। সেটিও গত সপ্তাহেই, এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ইরাকের বিপক্ষে।

এ নিয়ে মাত্র দ্বিতীয়বার কনফেডারেশনস কাপে খেলছে ইতালি, জাপান খেলছে পঞ্চমবারের মতো