ইতালির পতাকা মিলানের হাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কান্না সামলাতে পারেননি হিগুয়েইন। সান্ত্বনা দিতে এগিয়ে এলেন ক্লাব-কর্তারা। পরশু আর্সেনালকে হারিয়েও চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ হয়ে যাওয়ার পর   এএফপি
কান্না সামলাতে পারেননি হিগুয়েইন। সান্ত্বনা দিতে এগিয়ে এলেন ক্লাব-কর্তারা। পরশু আর্সেনালকে হারিয়েও চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ হয়ে যাওয়ার পর এএফপি

নেপলসের সান পাওলোতে বাজল শেষ বাঁশি। শব্দটা যেন বুক চিরে ফেলল হলুদ জার্সির প্রায় ৩৫ হাজার সমর্থকের বুক। হঠাৎ করেই থেমে গেল সব চিৎকার, গ্যালারির মুখগুলোও রক্তহীন। টেলিভিশনের ক্যামেরা ধরল গঞ্জালো হিগুয়েইনের দিকে। জার্সিতে মুখ গুঁজে আছেন নাপোলির আর্জেন্টাইন স্ট্রাইকার। শুরুতে বোঝা যায়নি। মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় একবার মুখ থেকে জার্সিটা নামালেন, গাল বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রুকণা। কাঁদছেন হিগুয়েইন! কেঁদে বুক হালকা করা ছাড়া আর করার কীই-বা আছে?

আর্সেনালকে তিন গোলে হারাতে হবে এটা জেনেই খেলতে নেমেছিল নাপোলি। হিগুয়েইন আর হোসে কায়েহনের গোলে পাওয়া ২-০ ব্যবধানের জয়টাই বলে দিচ্ছে চেষ্টার কমতি রাখেনি তারা। এতেই হয়ে যেত, যদি গ্রুপের অন্য ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ড ড্র করত মার্শেইয়ের সঙ্গে। কিন্তু ৮৭ মিনিটে গ্রসক্রটসের গোলে ওই ম্যাচে ডর্টমুন্ড ২-১ ব্যবধানে জিতে গড়বড় করে দিল সেই হিসাবেও।

তিন দলের পয়েন্ট সমান হওয়ার পর তাই গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে যাচ্ছে ডর্টমুন্ড, রানার্সআপ হিসেবে আর্সেনাল। ছয় ম্যাচের চারটিতে জিতেও চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিতে হচ্ছে নাপোলিকে। ১২ পয়েন্ট নিয়েও গ্রুপে তৃতীয় হওয়ার ঘটনা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এই প্রথম! হিগুয়েইনদের দুঃখটা নিশ্চয়ই আরও বেড়ে গেছে যখন শুনেছেন, ‘জি’ গ্রুপ থেকে জেনিত নকআউট পর্বে উঠেছে ৬ ম্যাচের মাত্র একটিতে জিতে! ম্যাচ শেষে হিগুয়েইনের এই কষ্টটাই বেরিয়ে এল ক্ষোভ হয়ে, ‘এমন কঠিন একটা গ্রুপ থেকে চার ম্যাচ জিতেও বাদ পড়ে যাওয়া, এটা একেবারেই অবিচার।’ একই কারণে ম্যাচ জিতেও বিষণ্ন মুখে মাঠ ছেড়েছেন নাপোলি কোচ রাফায়েল বেনিতেজ, ‘আমি জানি না, হয়তো আমার ক্যারিয়ারে এটাই সবচেয়ে তেতো জয়।’ নাপোলির জন্য সমবেদনা আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারের কণ্ঠেও, ‘আজ নাপোলি ভালো খেলেছে, কিন্তু শেষ পর্যন্ত আমরা যাচ্ছি পরের রাউন্ডে। এই গ্রুপটা খুব কঠিন ছিল সুতরাং একটা দলকে বাদ পড়তেই হতো।’ আর খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে উঠে যাওয়ায় দারুণ আনন্দিত ডর্টমুন্ড কোচ ইয়ুর্গেন ক্লপ, ‘এই অনুভূতিটা আসলেই দারুণ।’

নাপোলির বিদায়ে চ্যাম্পিয়নস লিগে একমাত্র ইতালিয়ান ক্লাব এবার এসি মিলান। আয়াক্সের সঙ্গে ড্র করলেই পরের রাউন্ড নিশ্চিত হবে, এটা জানত মিলান। তবে সান সিরোতে ডাচ ক্লাবের সঙ্গে ম্যাচ গোলশূন্য ড্র রাখতেই ঘাম ঝরাতে হয়েছে সাতবারের চ্যাম্পিয়নদের। মাত্র ২২ মিনিটের সময় অধিনায়ক রিকার্ডো মন্তোলিভো লাল কার্ড দেখায় বাকি সময়টা ১০ জন নিয়ে খেলতে হয়েছে মিলানকে। তবে শেষ পর্যন্ত টানা ১১তম বারের মতো শেষ ষোলো দলের লড়াইয়ে থাকা নিশ্চিত করতে পেরেই খুশি মিলান কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি, ‘এটা একটা বিশাল স্বস্তি। আমার মনে হয় আজ আমাদের সবার ওপর থেকে একটা বিশাল ভার নেমে গেছে।’ ভালো খেলেও গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়াটাকে স্রেফ দুর্ভাগ্য বলে মনে করেন আয়াক্স কোচ ফ্রাঙ্ক ডি বোর, ‘ছেলেরা চেষ্টার কোনো ঘাটতি রাখেনি। কিন্তু মাঝেমধ্যে আপনার ভাগ্যেরও সাহায্য লাগে।’

নকআউট পর্ব নিশ্চিত ছিল আগেই। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা নিশ্চিত করার জন্য পরশু সেল্টিকের কাছ থেকে ১ পয়েন্ট দরকার ছিল বার্সেলোনার। জেরার্ডো মার্টিনোর দল ড্র নয়, নেইমারের দুর্দান্ত হ্যাটট্রিকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে স্কটিশ ক্লাবকে। একই রাতে স্ট্যামফোর্ড ব্রিজে স্টুয়া বুখারেস্টকে ১-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে চেলসিও। এএফপি।

এক নজরে

চেলসি ১ : ০ বুখারেস্ট
শালকে ২ : ০ বাসেল
মার্শেই ১ : ২ ডর্টমুন্ড
নাপোলি ২ : ০ আর্সেনাল
অ্যাটলেটিকো ২ : ০ পোর্তো
অস্ট্রিয়া ভিয়েনা ৪ : ১ জেনিত
মিলান ০ : ০ আয়াক্স
বার্সেলোনা ৬ : ১ সেল্টিক
* স্বাগতিক দল প্রথমে