ইতালির বদল চান মালদিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দশক আগেও ইতালিয়ান লিগ ছিল ইউরোপের অন্যতম সেরা। সেই সিরি ‘আ’ এখন কেন ইউরোপের শীর্ষ তিনের মধ্যে নেই? কেনই-বা ইউরোপীয় প্রতিযোগিতায় খাবি খাচ্ছে ইতালির ক্লাবগুলো? এই পতনযাত্রা থেকে ইতালিয়ান ফুটবলকে উদ্ধারের উপায়ই-বা কী? পাওলো মালদিনি বললেন, দরকার মৌলিক পরিবর্তন। বিনিয়োগ করতে হবে অর্থ।২০১০ সালে ইন্টার মিলানের শিরোপা জয়ের পর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠতে পারেনি ইতালির কোনো ক্লাব। এবার তো কোয়ার্টার ফাইনালে জুভেন্টাস দুই লেগ মিলিয়ে বায়ার্ন মিউনিখের কাছে বিধ্বস্ত হয় ৪-০ গোলে। বায়ার্নের কাছে জুভদের হারটা যেন মালদিনিকে ইতালিয়ানদের দুর্বলতাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, ‘ইউরোপের গ্রেট দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে টাকা ঢালতে হবে। ওই পর্যায়ে পৌঁছাতে হলে এ ছাড়া আর কোনো পথ নেই। বায়ার্নের বিপক্ষে জুভেন্টাসের ম্যাচটার দিকেই তাকাতে পারেন। জুভেন্টাস অসাধারণ দল, বিশেষ করে ইতালিতে। কিন্তু যখন বায়ার্নের মতো দলের বিপক্ষে খেলবেন, পার্থক্যটা দেখতে পাবেন। তাদের অন্তত আরও দু-তিনজন গ্রেট খেলোয়াড় দরকার।’ইতালির হয়ে ১২৬টি ম্যাচ খেলেছেন। ২৫ বছরের ক্যারিয়ারে মিলানকে পাঁচবার জিতেছেন ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়নস লিগ। পেছনে তাকিয়ে মিলান কিংবদন্তি হয়ে পড়ছেন স্মৃতিকাতর, ‘১৯৯০-এর দশকে আমাদের সাতটি গ্রেট দল ছিল—মিলান, ইন্টার, জুভেন্টাস, পার্মা, লাৎসিও, রোমা, ফিওরেন্টিনা। যদি খেলোয়াড়দের দিকটা দেখেন, তাদের সবারই দারুণ সব খেলোয়াড় ছিল। কিন্তু কিছু বেহিসাবি বিনিয়োগ হলো এবং কয়েকটা দল হয়ে পড়ল দেউলিয়া। যেমন পার্মা, লাৎসিও। এরপর মোরাত্তি ও বেরলুসকোনি পরিবার এল এবং তারা প্রচুর অর্থ বিনিয়োগ করল। তারা এখনো টিকে আছে, তবে এটা কঠিন।’২০০৯ সালে ৪১ বছর বয়সে অবসর নেওয়ার পর আর ফুটবলের সঙ্গে নিজেকে জড়াননি মালদিনি। যদিও আগামী জুলাইতে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের ‘শুভেচ্ছা দূত’ মনোনীত হয়েছেন। খেলোয়াড়ি জীবন থেকেই প্রতিবছরই প্রাক-মৌসুম বিরতির সময়টা কাটান মায়ামির সমুদ্রসৈকতের পাশে নিজের অ্যাপার্টমেন্টে। সৈকতের জীবনটা উপভোগও করেন বেশ।মায়ামিতে বাস করে মালদিনির চোখে পড়েছে, খেলাটার ব্যবসায়িক দিকটিও ভালো বোঝে যুক্তরাষ্ট্র। মালদিনির কথা, ইতালির ক্লাবগুলো যুক্তরাষ্ট্রের কাছে থেকে অনেক কিছু শিখতে পারে। মালদিনি দায়ী করেছেন অবকাঠামোকেও, ‘ইতালির স্টেডিয়ামগুলো খুবই পুরোনো। সান সিরোতে একটা ঐতিহাসিক স্টেডিয়াম আছে। এটা সুন্দর। কিন্তু এখানে খেলা দেখে মজা পাবেন না। এটি উন্নত করতে হবে।’ ইতালিয়ান ফুটবলে এখন যে ইতিবাচক দিকটি দেখছেন মালদিনি, তা হলো ক্লাবগুলো দেশের তরুণ ফুটবলারদের সুযোগ দিচ্ছে বেশি।সমস্যা কোথায় বুঝতে পারছেন। তবে দেশের ফুটবলকে উদ্ধারে এখনোই সংস্কারকের ভূমিকায় নামতে রাজি নন মালদিনি, ‘আমি ফুটবলের সঙ্গে নেই। আমি একজন বাবা। আমার দুটি ছেলে আছে। এখন কিছুটা সময় নিজেকে দিতে চাই। আমি ২৫ বছর ফুটবল খেলেছি। আমার বিশ্বাস, আমার নিজের জন্য কিছু সময় দরকার। ভিন্ন কিছু করছি, ভিন্ন বিষয় নিয়ে আছি এবং জীবনটা উপভোগ করছি।’ রয়টার্স।