ইতালির বাঁচা-মরার লড়াই
স্বাগতিকেরা বিদায় নিয়েছে। গত বিশ্বকাপের রানার্সআপরাও দেশে ফিরছে। এবার কি তবে চ্যাম্পিয়নদের পালা? এমন অলক্ষুনে কথা মুখে আনতে নেই!ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রথম রাউন্ডে লজ্জাজনক বিদায়ের প্রথম নজির ইতালির সৌজন্যেই দেখেছে সবাই। ১৯৩৪ আর ১৯৩৮—টানা দুটো বিশ্বকাপ জেতার পর ১৯৫০ বিশ্বকাপের প্রথম রাউন্ডে নতমস্তকে বিদায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত অক্ষশক্তির সদস্য ইতালি আরও একটি চপেটাঘাত সহ্য করেছিল ফুটবলের ‘বিশ্বযুদ্ধে’ও।স্লোভাকিয়ার বিপক্ষে আজকের ম্যাচে হেরে যাওয়া মানে ট্রফিটা আবারও বাড়িতে নিয়ে আসার স্বপ্নের গ্রুপ পর্বেই মৃত্যু। ড্র হলেও অবশ্য টিমটিমে আলো হয়ে বেঁচে থাকবে আশা। সে ক্ষেত্রে একই সময়ে পোলকওয়ানে চলা ম্যাচে প্যারাগুয়ের কাছে হারতে হবে নিউজিল্যান্ডকে। তিন ম্যাচে তিনটি ড্র নিয়েও দ্বিতীয় রাউন্ডে যাবে ইতালি। তবে ইতালি আর নিউজিল্যান্ড যদি নিজ নিজ ম্যাচে একই ব্যবধানে ড্র করে, সে ক্ষেত্রে দ্বিতীয় রাউন্ডের দল বেছে নিতে টস করা ছাড়া উপায় থাকবে না!এমনই এক জটিল হিসাবের ধাঁধায় পড়েছে ইতালি। গোল-ব্যবধান, গোল করা, গোল খাওয়া, হেড-টু-হেড—এ সবই আসছে বিবেচনায়। ইতালির অনেক খেলোয়াড়ের মাথাতেও ঢুকছে না ‘কী করিলে কী হইবে’র জটিল সমীকরণ। সবচেয়ে ভালো সমাধানটি দিয়েছেন ড্যানিয়েল ডি রসি। প্যারাগুয়ে ম্যাচে ইতালির সমতা ফেরানো গোলটি করা এই মিডফিল্ডার বলেছেন, ‘এতসব হিসাবের ঝামেলা করার দরকার কী? আমাদের এই ম্যাচ জিততে হবে—এটাই তো সবচেয়ে সহজ হিসাব।’কিন্তু বলা যত সহজ, করে দেখানো ততটাই কঠিন। ডি রসি নিজেও সেটি ভালো করেই জানেন। বিশেষ করে, ইতালির ফরোয়ার্ডরা যখন হুট করে বাবুরাম সাপুড়ের সাপ হয়ে গেছেন। যে সাপের শিং নেই, নখ নেই। কাউকেই কাটে না। বিশ্বকাপে সমস্যাটা চোখে পড়ছে বেশি করে, কিন্তু ফরোয়ার্ডদের এই নখদন্তহীন হয়ে পড়া রোগটি পুরোনোই। ইতালির গত সাত ম্যাচে সেট পিসের বাইরে মাত্র একটি গোলই করতে পেরেছেন ইতালির ফরোয়ার্ডরা। সমস্যা শুধু আক্রমণভাগেই নয়, রক্ষণেও। গত বিশ্বকাপে ইতালি সব মিলে গোল খেয়েছিল মাত্র দুটি। এবার প্রথম দুই ম্যাচেই দুটো গোল হজম করা সারা। দুটো গোলই অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারোর ভুলের মাশুল। ডি রসি তাই সতীর্থ ফরোয়ার্ডদের শুধু নয়, ঘুম থেকে জেগে উঠতে বলছেন সবাইকেই, ‘আমাদের দ্রুতই উন্নতি করতে হবে। কারণ উন্নতি করতে না পারলে বেশি দূর আমরা যেতে পারব না। সমস্যা শুধু ফরোয়ার্ডদের নিয়েই নয়; পুরো দলই তো ভালো খেলছে না।’ইতালির এই দৈন্য কাজে লাগিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্ন দেখছে স্লোভাকিয়া। কোচ ভ্লাদিমির ভেইস দিয়েছেন সেই হুঙ্কার। বক-সাদা চুলের ইতালির কোচ মার্সেলো লিপ্পি অবশ্য এসব হুমকি-ধমকিতে টলে যাওয়ার মানুষ নন। তাঁর দৃঢ় বিশ্বাস, ইতালি সব বাধা পেরিয়ে এগিয়ে যাবেই।গ্রুপের পয়েন্ট টেবিলের অবস্থা এমন, স্বপ্ন আসলে দেখছে চার দলই। শক্তি আর অভিজ্ঞতার বিচারে নিউজিল্যান্ড-প্যারাগুয়ে ম্যাচে দক্ষিণ আমেরিকানরাই ফেবারিট। তবে এখনো টুর্নামেন্টে না-হারা নিউজিল্যান্ডকে বড় কিছু করে দেখানোর চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছেন কোচ রিকি হার্বার্ট। প্যারাগুয়েই সবচেয়ে সুবিধাজনক অবস্থানে। ড্র হলেও দ্বিতীয় রাউন্ড নিশ্চিত তাদের। প্যারাগুয়ে-নিউজিল্যান্ড লড়াই দিয়েই আবার ৭৫০তম ম্যাচ পূর্ণ করে ফেলবে বিশ্বকাপ।