ইতালির বাধা এক ইতালিয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিওভান্নি ত্রাপাত্তোনির মনে ২০০৪ ইউরোর স্মৃতি না ভিড়ে পারেই না। ‘সি’ গ্রুপের সমীকরণ এমন এক জট পাকিয়েছে, আট বছর আগের টুর্নামেন্ট মনে পড়তে বাধ্য। তখন ত্রাপাত্তোনি ছিলেন ইতালিরই কোচ। শেষ ম্যাচটা জিতেও ইতালি জায়গা করে নিতে পারেনি শেষ আটে। একই গ্রুপের ডেনমার্ক-সুইডেন ম্যাচটি ড্র হওয়াতেই ছিটকে গিয়েছিল তারা। ভাগ্যের কী আশ্চর্য খেলা, আজ ইতালি ঠিক একই সমীকরণের সামনে। আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলেও ইতালির শেষ আট নিশ্চিত নয়, যদি ড্র হয়ে যায় স্পেন-ক্রোয়েশিয়া ম্যাচ! ২০০৪ সালে ইতালি খুঁজে পেয়েছিল একটি ষড়যন্ত্র তত্ত্ব—ডেনমার্ক-সুইডেন দুই দল হাত মিলিয়ে ২-২ ড্র করে একসঙ্গে পরের রাউন্ডে গেছে। ইতালির সংবাদমাধ্যম একই ষড়যন্ত্র তত্ত্ব দিয়েছে আবার। স্পেন-ক্রোয়েশিয়া নাকি জোট বেঁধেছে! ত্রাপাত্তোনি আজও আছেন দৃশ্যপটে। ইতালি নয়, আজ তিনি আয়ারল্যান্ডের কোচ!ক্রোয়েশিয়াও চাইলে এই ষড়যন্ত্র তত্ত্ব দিতে পারে, ইতালিয়ান কোচ ত্রাপাত্তোনি হয়তো আজ নিজের দলের চেয়ে নিজের দেশের প্রতি আবেগটাকেই প্রাধান্য দেবেন বেশি! প্রথম দুই ম্যাচেই হেরে যাওয়া আয়ারল্যান্ড টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। নিজের দলকে কিছুই দেওয়ার নেই, কিন্তু নিজের দেশকে তো দিতে পারেন! না, ত্রাপাত্তোনির আনুগত্য নিয়ে এখনো পর্যন্ত প্রশ্ন ওঠেনি। ৭৩ বছর বয়সী কোচ নিজের চূড়ান্ত পেশাদারির পরিচয় দিয়ে বলছেন, আজকের ম্যাচে নামানো হবে সেরা দলই। টুর্নামেন্ট থেকে মাথা উঁচু করেই বিদায় নিতে চায় আইরিশরাও, ‘আজ সেরা দল না নামালে এই গ্রুপের অন্য দলগুলোর জন্য সেটি ন্যায়বিচার হবে না।’ সংবাদমাধ্যমের ষড়যন্ত্রতত্ত্বে বিশ্বাস করতে চাইছেন না ইতালি কোচ সিজারে প্রানদেল্লিও, ‘আমি জানি, শেষ পর্যন্ত বিশ্বাস রাখতেই হবে। কোনো সন্দেহজনক কিছু ঘটছে এ আমি বিশ্বাস করি না।’ স্পেন-ক্রোয়েশিয়ার ম্যাচটিতে ফল এলে কোনো সমস্যা নেই। সে ক্ষেত্রে ইতালি জিতলেই হতো। কিন্তু ওই ম্যাচটি ড্র হলেই জটিল সমীকরণের ফাঁদে পড়বে ইতালি। কিন্তু ইতালি জিততে পারবে তো? এই প্রশ্নটাও উঠছে। নিজেদের গত পাঁচটি ম্যাচেই ইতালি জিততে পারেনি। শুধু তা-ই নয়, এই পাঁচ ম্যাচে গোল করেছে মাত্র দুটি। এই দুই গোলের একটিই শুধু স্ট্রাইকারের। অন্যটি করেছেন মাঝমাঠের খেলোয়াড় আন্দ্রে পিরলো। স্ট্রাইকারদের এই গোলখরায় আরও একটি দুঃসংবাদ। পরশু অনুশীলনে হাঁটুতে চোট পেয়ে খোঁড়াতে খোঁড়াতে বেরিয়েছেন মারিও বালোতেল্লি।অবশ্য আইরিশদের রক্ষণভাগের অবস্থাও যাচ্ছেতাই। বড় টুর্নামেন্টে ‘সবুজ দেয়াল’ গড়ে তোলার ব্যাপারে সুনাম ছিল তাদের। আগের তিনটি বিশ্বকাপ ও একটি ইউরো মিলিয়ে ১৬ ম্যাচে মাত্র ১২ গোল হজম করেছিল তারা। সেখানে এবার দুই ম্যাচেই হজম করেছে সাত গোল! আইরিশ অধিনায়ক রবি কিন অবশ্য বলছেন, আগের দুই ম্যাচে চাপ ছিল। এই ম্যাচে তাঁরা খেলবেন চাপমুক্ত হয়ে। এই ম্যাচ আইরিশ গৌরব পুনরুদ্ধারের। এএফপি, রয়টার্স।