‘এখন একটি কথাও আমরা বলব না। এখনো প্রক্রিয়াটা শেষ হয়নি। সবকিছু গুছিয়ে একটা রিপোর্ট আমরা দেব ফেডারেশন সভাপতিকে’—গত শনিবার বলেছেন বাংলাদেশ লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী।তবে পাতানো খেলার এই তদন্ত নিয়ে প্রশ্ন উঠে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ফুটবল-সংশ্লিষ্ট অনেকেই বলছেন, তদন্তের নামে যা চলছে, সবই লোক দেখানো। অনেকে তো বলেই দিচ্ছেন, শেখ জামাল-রহমতগঞ্জ ম্যাচ পাতানো প্রমাণিত হলেও কিছু জরিমানা করে ছেড়ে দেওয়া হবে দুই দলকে। বলির পাঁঠা হবেন রহমতগঞ্জ গোলরক্ষক ইরান শেখ। সালাম মুর্শেদী অবশ্য প্রতিবাদ করলেন, ‘আমরা লোক দেখানো কিছু করছি না। পাতানো প্রমাণিত হলে অবশ্যই বাইলজ অনুযায়ী শাস্তি দেওয়া হবে (বাইলজে পাতানো খেলার সর্বোচ্চ শাস্তি লিগ থেকে বহিষ্কার। পয়েন্ট কাটা ও আর্থিক জরিমানার বিধানও আছে)। ফুটবলের ক্ষতি করে কাউকে বাঁচানোর জন্য আমরা এই দায়িত্ব নিইনি।’বাংলাদেশ লিগ কমিটির একটি সূত্র জানিয়েছে, রহমতগঞ্জ গোলরক্ষকের ব্যাপারেই তদন্ত কমিটির সন্দেহটা দানা বাঁধছে। নাম প্রকাশে অনিচ্ছুক লিগ কমিটির একজন কর্মকর্তা বলেছেন, ‘ম্যাচ দেখলে তো বোঝা যায়। গোলরক্ষক গোল খেতেই পারে, কিন্তু সেদিন রহমতগঞ্জ গোলরক্ষকের কোনো মুভমেন্ট ছিল না। অথচ পরের ম্যাচেই সে অন্য রকম খেলেছে। এতেই তো আমরা বুঝতে পারি ম্যাচটা ফেয়ার ছিল কি ছিল না।’খুব পেছনে যাওয়ার দরকার নেই, গত বছরের লিগেও পাতানো খেলার মহোৎসব হয়েছে। বাফুফে ভবনে বসে কর্মকর্তারাই পাতানো খেলা হচ্ছে বলে আলোচনা করতেন এবং এখনো করেন। কিন্তু বাফুফে বরাবরই নিয়েছিল নীরব থাকার নীতি।এবার কী হবে, কে জানে। তবে বাংলাদেশ লিগ কমিটির সুপারিশের ভিত্তিতে বাফুফের নির্বাহী কমিটি সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত শেখ জামাল চ্যাম্পিয়ন হলে হয়ে যাক—এই হলো লিগ কমিটির অভিমত। আজ কক্সবাজারে চট্টগ্রাম মোহামেডানের সঙ্গে মুক্তিযোদ্ধা ড্র করলে আজই চ্যাম্পিয়ন শেখ জামাল। শনিবার শেখ জামালের শুনানি শেষে লিগ কমিটির সদস্য হারুনুর রশিদ অবশ্য বলেছেন, ‘শেখ জামাল চ্যাম্পিয়ন হয়ে গেলেও পরিস্থিতি দাবি করলে সিদ্ধান্ত পরিবর্তন হতেও পারে।’ওদিকে পাতানো খেলা বন্ধে ইতালির সহযোগিতা চেয়েছে বাফুফে। ২০০৬ সালে পাতানো খেলায় জড়িত থাকায় জুভেন্টাস, মিলান, রোমা, লাৎসিওর মতো বড় ক্লাবকে শাস্তি দিয়েছিল ইতালি ফুটবল ফেডারেশন। কাল বাফুফে সেই ফেডারেশনকে চিঠি পাঠিয়ে ‘পথ’ বাতলানোর অনুরোধ করেছে। এ প্রসঙ্গে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এই প্রতিবেদককে বলেছেন, ‘ইতালিতে আজই (কাল) চিঠিই পাঠিয়েছি। তবে এতেই আমি ক্ষান্ত দিচ্ছি না, প্রয়োজনে ইতালিতে লোক পাঠাব। এটা আমি ধরেছি, একটা ব্যবস্থা নেবই।’বাইরে থেকে সবকিছু দেখেশুনে জাতীয় দলের সাবেক কোচ গোলাম সারোয়ার টিপু বলছেন, ‘অভিযুক্ত দুটি দলই শক্তিশালী না হলে এত দিনে শাস্তি হয়ে যেত। পাতানো খেলার অভিযোগ তো আজকের নয়, কই আবাহনী-মোহামেডান কখনো শাস্তি পেয়েছে বলে তো শুনিনি! বড় দলের পয়েন্ট কাটার সামর্থ্য ফেডারেশনের আছে বলে মনে করি না। তবে এবার ফেডারেশন ভালো কিছু করলে সেটি ফুটবলের জন্যই ভালো। সালাম বলেছে, “এক জায়গা থেকে তারা শুরু করতে চায়”, এটা শুভ দিক।’সাবেক ফুটবলার ও বাফুফে সদস্য শেখ মোহাম্মদ আসলামও আশায় আছেন, ‘জামাল-রহমতগঞ্জ ম্যাচের ভিডিও দেখেছি আমি। ভিডিও দেখলে খেলার স্বাভাবিক-অস্বাভাবিক দুটি গতিই বোঝা যায়। ফুটবলের কল্যাণে একটা ভালো সিদ্ধান্ত নেওয়া উচিত। আমাদের প্রেসিডেন্ট সাহেব অনড়, এটা আমার ভালো লেগেছে।’