ইতালির হাতেই খুন জার্মান-স্বপ্ন
এক টানে খুলে ফেললেন জার্সি। আদুল গায়ে দাঁড়ালেন বডি বিল্ডারদের পোজে। যেন আরনল্ড শোয়ার্জনেগার হতে চান! মুখের অভিব্যক্তিতে বুনো উল্লাস। কিন্তু ভেতরের কিশোরটাকে লুকিয়ে রাখতে পারলেন না বেশিক্ষণ। সতীর্থরা তাঁর ওপর হামলে পড়তেই হাসলেন সারল্যমাখা হাসি। ১৫ মিনিটের ব্যবধানে দুই গোল—এমন উল্লাস তাঁকেই মানায়। এভাবেই ম্যাচের ৩৬ মিনিটেই ম্যাচের ভাগ্য লিখে দিলেন মারিও বালোতেল্লি। ২১ বছর বয়সী ‘ব্যাড বয়’-এর জোড়া গোলে জার্মানিকে হারিয়ে এক যুগ পর ফাইনালে উঠল ইতালি। জার্মানরা মচকায় কিন্তু ভাঙে না। প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়েও ম্যাচে ফিরে আসার প্রাণপণ চেষ্টা করেছে জোয়াকিম লোর দল। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মেসুত ওজিলের পেনাল্টি ক্ষণিকের জন্য আশা ফিরিয়ে দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত জার্মানরা ভাঙলই। থেমে গেল প্রতিযোগিতামূলক ম্যাচে তাদের গড়া টানা ১৫ ম্যাচ জয়ের বিশ্ব রেকর্ড। আরেকটি রেকর্ড থাকল অব্যাহত। কোনো টুর্নামেন্টে জার্মানদের কাছে না-হারার কৃতিত্ব অক্ষুণ্ন রাখল ইতালি। এ নিয়ে অষ্টম প্রচেষ্টাতেও ব্যর্থ জার্মানি। কোয়ার্টার ফাইনালে আক্রমণভাগের তিন খেলোয়াড় পাল্টে চমকে দিয়েছিলেন লো। সুযোগ পেয়ে আলো ছড়িয়েছিলেন মিরোস্লাভ ক্লোসা, মার্কো রিউস আর আন্দ্রে শুর্লে। পরশুও লো একটা চমক দিতে চাইলেন এই তিনজনকে বসিয়ে রেখে। কিন্তু প্রথম একাদশে ফিরলেন অনুজ্জ্বল মারিও গোমেজ আর লুকাস পোডলস্কি। জার্মানরা শুরুটা অবশ্য দারুণ করেছিল। পঞ্চম মিনিটেই গোল-লাইন থেকে বল ক্লিয়ার করতে হয়েছে আন্দ্রেয়া পিরলোকে। কিন্তু দ্রুতই রাশটা নিজেদের হাতে নিয়ে ফেলেছে ইতালি। ‘পিরলোকে মাঝমাঠ পেরোতে দেব না’—এমন একটা প্রতিজ্ঞা যেন করেছিল জার্মানরা। সুযোগ বুঝে পিরলোও আরও নিচে নেমে খেলে আন্তোনিও কাসানো আর রিকার্ডো মন্তোলিভোকে অনেক জায়গা করে দিয়েছেন। নিজেদের পাতানো ফাঁদে নিজেরাই পা দিয়েছে জার্মানরা। ইতালির দুটো গোলই অপ্রস্তুত জার্মান-রক্ষণকে বোকা বানিয়ে দেওয়া। তবে ন্যূনতম সুযোগে নিখুঁত ফিনিশিং বালোতেল্লির। পিরলোর বাড়িয়ে দেওয়া পাস থেকে জর্জো কিয়েলিনি, সেখান থেকে বক্সের বাঁ প্রান্তে থাকা কাসানো। হামেলসকে ফাঁকি দিয়ে কাসানোর চিপ খুঁজে নিয়েছে ওত পেতে থাকা বালোতেল্লিকে। বাডস্টুবারের ভুলের মাশুল তুলেছেন বালোতেল্লি। দুর্দান্ত টাইমিংয়ে জোরালো হেডার ম্যানুয়েল নয়্যারকে ফাঁকি দিয়ে ঢুকে গেছে জালে। দুই ‘ব্যাড বয়’ কাসানো-বালোতেল্লির যুগলবন্দীতে প্রথম গোল। ২০ মিনিটে গোল খেয়ে জার্মানরা আরও মরিয়া হয়ে ওঠে। ইতালিয়ান রক্ষণে হামলে পড়ে সবাই মিলে। ১৫ মিনিট পর মন্তোলিভোর লং বল আবারও বালোতেল্লির ঠিকানায়। ইতালিয়ান স্ট্রাইকারকে অফসাইডের ফাঁদে ফেলতে গিয়ে হিসাবে ভুল করে ফেলেন অধিনায়ক ফিলিপ লামই। দারুণভাবে বল রিসিভ করে ডান পায়ের বুলেট শটে দ্বিতীয়বারের মতো নয়্যারকে অসহায় দর্শক বানিয়েছেন বালোতেল্লি। গোলের কুড়ি ভাগ কৃতিত্ব ‘আধা জার্মান’ মন্তোলিভোর, জার্মান পতাকা আঁকা বুট থেকেই লম্বা পাসটি দিয়েছিলেন জার্মান মায়ের সন্তান। ম্যাচটি ওখানেই এক রকম শেষ। কিন্তু দলটা জার্মানি। পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর জন্য বিখ্যাত। জার্মান সমর্থকেরা তাই গলা চড়িয়েই যাচ্ছিল গ্যালারিতে। দ্বিতীয়ার্ধের শুরুতে নিষ্প্রভ গোমেজ-পোডলস্কিকে বসিয়ে আগের ম্যাচের দুই গোলদাতা ক্লোসা-রিউসকে নামানোয় আক্রমণের ধারও বেড়ে যায়। কিন্তু কিছুতেই গোলমুখ খুলতে পারছিল না তারা। চিরায়ত ইতালিয়ান রক্ষণ তো বটেই, সিংহভাগ কৃতিত্ব জিয়ানলুইজি বুফনের। দুর্দান্ত গোটা কয় সেভ করেছেন ইতালিয়ান গোলরক্ষক। এর মধ্যে রিউসের দুর্দান্ত একটি ফ্রি-কিক ফিস্ট করে নিশ্চিত গোলও বাঁচিয়েছেন। ১৪টি কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি জার্মানি। একটি কর্নার না পেয়েও তাই ইতালিই জয়ী।যোগ করা সময়ের প্রথম মিনিটে ফেদেরিকো বালজারেত্তির হ্যান্ডবলের সুবাদে পেনাল্টি পেয়ে যায় জার্মানি। ওজিলের গোলের পর শেষ তিন মিনিট চড়াও হয়েই খেলেছে মরিয়া জার্মানরা। কিন্তু শেষ বাঁশি একই সঙ্গে বাজিয়ে দিয়েছে তাদের বিদায়ঘণ্টা। সর্বশেষ চার টুর্নামেন্টের তিনটিতেই সেমিফাইনাল থেকে বিদায় নিয়ে শেষ চারের দল হয়ে ওঠার মানসিক চাপে পড়ে গেল লোর তরুণ দল। অন্যদিকে, অনেকের হিসাব পাল্টে দিয়ে রোববারের ফাইনালে স্পেনের সামনে উজ্জীবিত ইতালি। এএফপি, রয়টার্স।