ইতালির হার, কষ্টার্জিত জয় স্পেনের
বিশ্বকাপের আগে বড় একটা ধাক্কা খেয়েছে ইতালি। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ওয়ার্ম আপ ম্যাচে মেক্সিকোর কাছে ১-২ গোলে হেরে গেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে বসনিয়া হার্জেগোভেনিয়ার বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে জার্মানি। আর শেষ মুহূর্তের গোলের সুবাদে দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারাতে সক্ষম হয়েছে স্পেন।মেক্সিকোর বিপক্ষে এক অচেনা ইতালিকে দেখা গেছে। শক্তির বিচারে এ ম্যাচে স্পষ্টত এগিয়ে থাকার কথা ছিল বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে ম্যাচ জুড়ে আধিপত্য ছিল মেক্সিকোর। ম্যাচের ১৬ মিনিটে মেক্সিকোকে এগিয়ে নেন কার্লোস ভেলা। ১২ গজ দূরত্ব থেকে কার্লোসের করা শট ঠেকাতে ব্যর্থ হন ইতালির গোলরক্ষক জিয়ানলুগি বুফন। প্রথমার্ধে কোনো দলই আর গোলের দেখা পায়নি। খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে মেক্সিকোর বদলি খেলোয়াড় মেদিনা গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর থেকে কেবল হারের প্রহর গুনেছে ইতালি। ৮৯ মিনিটে ইতালির ডিফেন্ডার লিওনার্দো গোল করে হারের ব্যবধান কমান।দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ড্রয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হতো বিশ্বকাপের অন্যতম দাবিদার স্পেন। দুই দলই এদিন এলোমেলো খেলা উপহার দিয়েছে। তবে স্পেনকে বড় লজ্জার হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন জেসাস নাভাস। ২৫ গজ থেকে শট করে অসাধারণ গোল করে স্পেনকে জয় এনে দেন এই মিডফিল্ডার।জার্মানির জয় পেতে অবশ্য খুব একটা বেগ পেতে হয়নি। ওয়ার্ম আপ ম্যাচে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে তারা। খেলার ১৫ মিনিটে গোল করে এগিয়ে গিয়েছিল বসনিয়া হার্জেগোভেনিয়া। তবে দ্বিতীয়ার্ধের পর পরই জার্মানিকে সমতায় আনেন অধিনায়ক ফিলিপ লাম। ম্যাচের ৭৩ ও ৭৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে জার্মানির বড় জয় নিশ্চিত করেন বাস্তিয়ান শোয়েনস্টেইগার।