ইতালির ‘রাজা’ জুভেন্টাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেকটি লিগ শিরোপা উঠল জুভেন্টাসের ঘরে। কোচ আন্তোনিও কন্তে একই সঙ্গে খুশি এবং অতৃপ্ত। খুশি কারণ, এই শিরোপা জিতে ইতালিতে আবারও শ্রেষ্ঠত্ব প্রমাণ করল জুভরা। আগের মৌসুমে অপরাজিত চ্যাম্পিয়ন। এবার তিন ম্যাচ বাকি থাকতেই টানা দ্বিতীয় শিরোপা—জুভেন্টাস আক্ষরিক অর্থেই যেন ইতালিয়ান ফুটবলের ‘সম্রাট’। এই স্বীকৃতিটা দিচ্ছেন ইতালির বিশ্বকাপজয়ী কোচ মার্সেলো লিপ্পিও, ‘ইতালিতে জুভেন্টাসের প্রতিদ্বন্দ্বী নেই।’জিতলেই শিরোপা—সমীকরণটা জানাই ছিল। পালের্মোকে অবনমনের দিকে ঠেলে জুভেন্টাস নিজেদের মাঠে সমীকরণটা মিলিয়েছে মিডফিল্ডার আরতুরো ভিদালের পেনাল্টি গোলে। তবে তাঁদের ২৯তম স্কুডেট্টো (জুভেন্টাসের হিসাবে ৩১তম) জয়ের আনন্দ কিছুটা ম্লান হয়ে যায় শেষ দিকে পল পগবা লাল কার্ড দেখায় এবং সমর্থকেরা মাঠে ঢুকে পড়ায়। মুকুট ধরে রাখার আনন্দে কন্তে এবং তাঁর দলের উদ্বেলিত হওয়াটাই স্বাভাবিক। কিন্তু কন্তে অতৃপ্ত ইউরোপীয় ফুটবলে ইতালিয়ান ফুটবলের দুর্দশা দেখে। চ্যাম্পিয়নস লিগে ইতালির একমাত্র দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছিল জুভেন্টাস। কিন্তু দুই লেগ মিলিয়ে জুভরা বায়ার্ন মিউনিখের কাছে বিধ্বস্ত হয় ৪-০ গোলে। বায়ার্নের কাছে জুভদের এমন অসহায় আত্মসমর্পণ কন্তের চোখ খুলে দিয়েছে।পরশু ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসেও কন্তে বললেন সেই কথাই, ‘ইতালিতে, দেশের ফুটবলে আমরা কীভাবে উন্নতি করতে পারি সেদিকে না তাকিয়ে লোকের বেশি আগ্রহ অন্তঃসারশূন্য গল্পের প্রতি।’ উপায়টাও বাতলেছেন জুভেন্টাস কোচ, ‘উত্তরটা হলো, কঠোর পরিশ্রম করতে হবে এবং চেষ্টা করতে হবে আমাদের ফুটবলকে নতুন উচ্চতায় নেওয়ার। এটা করতে হলে আমাদের বাজেট বাড়াতে হবে। আমি মনে করি, ইতালিয়ান ফুটবলে দরকার পরিবর্তন।’পরিবর্তনের আশায় কন্তে জুভেন্টাস কর্তৃপক্ষের কাছে দাবি জানালেন, খেলোয়াড় কেনার জন্য পর্যাপ্ত টাকার জোগান দিতে হবে। দিয়ে রাখলেন একটি হুমকিও, ক্লাব লক্ষ্য পূরণে ব্যর্থ হলে ছেড়ে দেবেন দায়িত্ব! নিজের পারফরম্যান্সের জোরেই হুমকিটা দিতে পারছেন কন্তে। ২০১১ সালে দায়িত্ব নিয়ে দুই মৌসুমেই ক্লাবকে উপহার দিলেন লিগ শিরোপা। এদিনই আরেক ম্যাচে এডিনসন কাভানির হ্যাটট্রিকে নাপোলি ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মিলানকে। এ নিয়ে নাপোলির পক্ষে উরুগুইয়ান স্ট্রাইকারের গোল হয়ে গেল ১০১টি। জয়টা নাপোলিকেও সরাসরি চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার দৌড়ে এগিয়ে দিল আরেক ধাপ। তুরিনোর বিপক্ষে এসি মিলানও জিতেছে ১-০ গোলে। তবে তিন ম্যাচ বাকি থাকতে নাপোলি মিলানের চেয়ে এগিয়ে ৭ পয়েন্টে। আরেক ম্যাচে ৪০ মিনিটের জাদুতে মিরোস্লাভ ক্লোসা করেছেন ৫ গোল। এক ম্যাচে পাঁচ গোল করার কীর্তিটা লাৎসিওর ইতিহাসেই প্রথম, আর ১৯৮৬ সালে রবার্তো প্রুজ্জোর পর সিরি ‘আ’তেই প্রথম। এই জার্মান স্ট্রাইকারের এই কীর্তিতে তাঁর দল লাৎসিও বোলোনিয়াকে হারিয়েছে ৬-০ গোলে। এএফপি।