ঢাকার বাইরে থেকে এসেছিলেন অনেকেই। আন্দোলনটা রুটি-রুজির, তাই ঢাকায় যাঁরা ছিলেন ছুটে এসেছিলেন তাঁরাও। বিসিবি কার্যালয়ের বাইরে পরশু জড়ো হয়েছিলেন ৬০ জনের মতো ক্রিকেটার। হারারেতে বাংলাদেশ দল যখন হারের শঙ্কায় দিন শুরু করছে, জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা তখন আন্দোলনে ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর দাবি নিয়ে। ব্যানার টাঙানো হলো, অবস্থান কর্মসূচি চলল, সঙ্গে বক্তৃতা পর্ব। বোর্ড সভাপতির কাছ থেকে মিলল আশ্বাস। এতে লিগ শুরুর একটা সম্ভাবনা জাগলেও অনিশ্চয়তা কাটেনি।দুপুরে ক্রিকেটারদের একটি প্রতিনিধিদলের সঙ্গে কথা বলেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল, সিনিয়র কয়েকজন ক্রিকেটারের সঙ্গে ১০-১২ সদস্যের দলে ছিলেন সাবেক অধিনায়ক ও বিসিবির বর্তমান অস্থায়ী কমিটির পদত্যাগী সদস্য খালেদ মাহমুদও। কোয়াব সভাপতি নাঈমুর রহমানও ছিলেন, যিনি আবার বোর্ডের অস্থায়ী কমিটির সদস্যও। সুনির্দিষ্ট কোনো ঘোষণা আসেনি, তবে দেবব্রতর দাবি, আলোচনা ফলপ্রসূই হয়েছে, ‘বোর্ড সভাপতি আমাদের ডেকে কথা বলেছেন। আমাদের দাবি ছিল মে মাসের প্রথম সপ্তাহেই লিগ শুরু করা। বোর্ড সভাপতি ক্লাবগুলোর সঙ্গে আলোচনার জন্য ৭-১০ দিন সময় চেয়েছেন। আশ্বাস দিয়েছেন সমস্যা সমাধানের। আমাদের মনে হয়েছে লিগ মাঠে নামাতে বোর্ড সভাপতি আন্তরিক। ওনার কথায় আমরা ভরসা রাখছি।’ঢাকার ক্লাব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা সিসিডিএমের চেয়ারম্যান ও বোর্ডের মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস আশাবাদী যে মে মাসের মাঝামাঝি শুরু করে জুলাইয়ের মাঝামাঝি নাগাদ লিগ শেষ করা যাবে। সে ক্ষেত্রে বৃষ্টিকে মাথায় রেখে ‘রিজার্ভ ডে’ রাখার পরিকল্পনা আছে। শীর্ষ কয়েকটি ক্লাব চাইছে লিগ পিছিয়ে সেপ্টেম্বরে শুরু করতে। কিন্তু সেই সুযোগ সামান্যই। আগস্টে বাংলাদেশ ‘এ’ দলের ইংল্যান্ড সফর। অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। মে মাসে শুরু না হলে এ বছর লিগের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। কিন্তু বোর্ড সভাপতি ও সিসিডিএম চেয়ারম্যান চান না এক বছর লিগ না হওয়ার দায় মাথায় নিতে।তবে শীর্ষ ক্লাবগুলোকে রাজি করানো সহজ হবে না বোর্ড সভাপতির জন্য। প্রতিবন্ধকতা যে তাঁর বোর্ডেই! বোর্ডের অস্থায়ী কমিটির সদস্য, আবার মোহামেডান লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়ার দাবি, শীর্ষ ক্লাবগুলো আগের অবস্থানে অনড়, ‘আমরা দেখেছি, সেপ্টেম্বরের আগে লিগ শুরু করা সম্ভব নয়। আমাদের আরও কিছু দাবি আছে। ঢাকা লিগ ঘিরে আর আগের মতো আকর্ষণ নেই। তাই আমরা চাই প্রতি বছর বিপিএলের আগেই প্রিমিয়ার লিগ সেরে ফেলতে, সঙ্গে চাই ক্লাবভিত্তিক একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট।’ তবে ক্লাবগুলোর মৌসুমি বরাদ্দ বাড়ানোর দাবিটা সম্ভবত পূরণ হতে যাচ্ছে। বর্তমানে ক্লাবগুলোকে দেওয়া হয় ৬ লাখ ২৫ হাজার টাকা করে। বিসিবি সূত্রে জানা গেছে, ওটা বাড়িয়ে এবার ১০ লাখ টাকা পর্যন্ত করা হতে পারে। কোয়াবের সাধারণ সম্পাদক জানান, তাঁরা কোনোক্রমেই লিগ পেছাতে দেবেন না, ‘বোর্ড সভাপতির আশ্বাসের প্রতি আমরা শ্রদ্ধাশীল। কিন্তু ৭-১০ দিনের মধ্যে সমাধান না হলে আমরা কঠিন আন্দোলনে যাব।’ বর্ষপঞ্জির ভুলটা স্বীকার করে ভবিষ্যতে শোধরানোর আশা দিয়েছেন জালাল ইউনুস, ‘হয়তো ক্যালেন্ডারে আমরা কিছু ভুল করি। বিপিএলের আগে প্রিমিয়ার লিগকে অগ্রাধিকার দেওয়া উচিত। ক্যালেন্ডারে জাতীয় লিগের পর ঢাকা লিগকে অগ্রাধিকার দিলে লিগ হবেই।’এতে আগামী বছরের সংকট না হয় দূর হবে। কিন্তু এবার?