ইতিবাচক খেলুক বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিচার্ড হ্যাডলি
রিচার্ড হ্যাডলি

ইংল্যান্ড এ পর্যন্ত ভালো ক্রিকেট খেলতে পারেনি। তবে তারা এখনো বিশ্বকাপে টিকে আছে। এই গ্রুপের চমক হতে পারে বাংলাদেশ। যদি তারা ইংল্যান্ডকে হারাতে পারে, পৌঁছে যাবে শেষ আটে, ইংল্যান্ড নেবে বিদায়। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে ইংল্যান্ড দলে পরিবর্তন জরুরি। অন্যদিকে বাংলাদেশের দরকার হবে ইতিবাচক ও শক্ত মানসিকতা। বাংলাদেশ ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে পারলে এই ইংল্যান্ডকে হারানোর সামর্থ্য রাখে।
বিশ্বকাপের প্রায় এক মাস পেরিয়েছে, অপরাজিত নিউজিল্যান্ড এ পর্যন্ত পাঁচ প্রতিপক্ষকেই অলআউট করেছে এবং ৫০টি উইকেট নিয়েছে। নিঃসন্দেহে এ পর্যন্ত তাদের বোলিং আক্রমণটা বিশ্বকাপের সেরা। টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট দুর্দান্ত ফর্মে আছে। ব্যাট হাতে তো বটেই, অধিনায়ক হিসেবে ব্রেন্ডন ম্যাককালামকে খুবই আক্রমণাত্মক দেখাচ্ছে। তবে নিউজিল্যান্ডের বেশির ভাগ রান এসেছে ম্যাককালাম আর উইলিয়ামসনের ব্যাট থেকে। এটা তাদের জন্য একটু উদ্বেগেরই।
ভারত দুর্দান্ত ক্রিকেট খেলছে। প্রথম চার ম্যাচেই জয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মহেন্দ্র সিং ধোনি আবার তার স্নায়ুর ধার দেখিয়েছে। ভারতের পেসাররাও দারুণ বল করছে। এই মুহূর্তে ভারতকে অন্যতম ফেবারিট মনে হচ্ছে।
দক্ষিণ আফ্রিকা যেকোনো প্রতিপক্ষের জন্যই হুমকি। হাশিম আমলা, ডি ভিলিয়ার্সরা দারুণ ফর্মে। ওদের দলের প্রথম ছয় ব্যাটসম্যানই রান পেয়েছে। তার পরও পাকিস্তানের সঙ্গে এই ব্যাটসম্যানরাই রান তাড়ায় ব্যর্থ। এটা দক্ষিণ আফ্রিকার জন্য দুশ্চিন্তার।
অস্ট্রেলিয়া সব সময়ই ট্রফির বড় দাবিদার। বাংলাদেশের সঙ্গে বৃষ্টিবিঘ্নিত ম্যাচ আর নিউজিল্যান্ডের কাছে হার ভুলে ওরাও ঘুরে দাঁড়িয়েছে। আপাতত তাদের লক্ষ্য গ্রুপের দ্বিতীয় স্থান। ব্যাটিং-বোলিং দুটোই দারুণ অস্ট্রেলিয়ার। বাড়তি যেটা তা হচ্ছে, শেষ মুহূর্ত পর্যন্ত হাল না ছাড়ার মানসিকতা। প্রমাণ নিউজিল্যান্ড ম্যাচ।
দুর্দান্ত শ্রীলঙ্কা দলে কুমার সাঙ্গাকারা সেঞ্চুরি করেই যাচ্ছে। ব্যাটিং হিসাব করলে শ্রীলঙ্কা টুর্নামেন্টের সেরা চার দলের একটি। বোলাররা খুব একটা খারাপ করছে না। তবে লাসিথ মালিঙ্গার কােছ শ্রীলঙ্কার প্রত্যাশাটা আরও বেশিই ছিল। ফিল্ডিংটাও আরও ভালো করতে হবে তাদের।
ক্রিস গেইলের সঙ্গে অন্য ব্যাটসম্যানদের জ্বলে ওঠাটা খুব দরকার উইন্ডিজের জন্য। আরব আমিরাতের বিপক্ষে শেষ ম্যাচটা জিতলেও তাদের তাকিয়ে থাকতে হবে আয়ারল্যান্ডের বাকি দুটি ম্যাচের দিকে। উইন্ডিজে ভালো নেতৃত্বের অভাবও রয়েছে।
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে পাকিস্তান কোয়ার্টার ফাইনালের অনিশ্চয়তা অনেকটা দূর করেছে। তবে এখনো ফিল্ডিংয়ে অনেক উন্নতি ও ব্যাটিংয়ে ভালো করা চাই।
আমার ধারণা, শেষ আটে নিউজিল্যান্ড পাবে উইন্ডিজ বা আয়ারল্যান্ডকে, অস্ট্রেলিয়া পাকিস্তানকে। দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হতে পারে শ্রীলঙ্কার, ভারত পাবে ইংল্যান্ড বা বাংলাদেশকে। এমনটা হলে ইডেন পার্কে ভারত-নিউজিল্যান্ড ও সিডনিতে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল হবে।
অপেক্ষা করুন, ক্রিকেট রোমাঞ্চের আরও অনেক বাকি। (হক–আই)।