ইতিবাচক ব্যাটিংয়ের পরামর্শ ইনজামামের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ২১১ রানের বিশাল ব্যবধানে হেরেছিল পাকিস্তান। সে ম্যাচে প্রথম ইনিংসে মাত্র ৪৯ রানেই অলআউট হওয়ার লজ্জায়ও ডুবেছিল পাকিস্তান। দ্বিতীয় টেস্টে ব্যাটিং বিপর্যয়টা অত ভয়ংকর না হলেও হার এড়াতে পারেনি মিসবাহ বাহিনী। চার উইকেটের জয় দিয়ে টেস্ট সিরিজটা জিতে নিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এখন ধবলধোলাইয়ের লজ্জা এড়ানোর চাপ নিয়ে তৃতীয় টেস্টে মাঠে নামতে হবে পাকিস্তানকে। সে ক্ষেত্রে পাকিস্তানি ব্যাটসম্যানদের আরও ইতিবাচক ব্যাটিং করতে হবে বলে মন্তব্য করেছেন ইনজামাম উল হক। দ্বিতীয় টেস্টে আসাদ শফিক ও ইউনুস খান চমত্কার দুটি শত রানের ইনিংস খেললেও রানসংগ্রহের গতি নিয়ে মোটেও সন্তুষ্ট হতে পারেননি পাকিস্তানের এই কিংবদন্তি ব্যাটসম্যান।২২ ফেব্রুয়ারি থেকে সেঞ্চুরিয়নে শুরু হবে সিরিজের শেষ টেস্টটি। আর এ ম্যাচটি জিতে সম্মানজনকভাবে সিরিজ শেষ করার জন্য ইতিবাচক ব্যাটিংয়ের কোনো বিকল্প নেই বলে মনে করছেন পাকিস্তানের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করা ইনজামাম উল হক। তিনি বলেছেন, ‘দ্বিতীয় টেস্টে জয়ের ভালো সুযোগ ছিল আমাদের সামনে। কিন্তু শুধু ইতিবাচক ব্যাটিংয়ের অভাবে তা সম্ভব হয়নি। ব্যাটসম্যানদের রানসংগ্রহের গতিটা আমাকে উদ্বিগ্ন করে তুলেছে। দীর্ঘ সময় উইকেটে থাকার পরও যদি আমরা বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে ওভারপ্রতি ৩ গড়ে রান তুলতে না পারি, তা হলে আমরা তাদের কীভাবে হারাতে পারব?’ দ্বিতীয় টেস্টে দুই সেঞ্চুরিয়ান ইউনুস খান ও আসাদ শফিককে আরও সতর্ক হয়ে ব্যাটিং করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন ইনজামাম। তিনি বলেছেন, ‘আমাদের ব্যাটসম্যানরা তাদের বোলারদের মোকাবিলা করছিল খুবই চাপের মধ্য থেকে। কোনো সন্দেহ নেই যে তারা বিশ্বের এক নম্বর দল, কিন্তু তারা তো আর অজেয় নয়।’ রয়টার্স