ইতিবাচকতার ভিড়ে ব্যতিক্রম গাভাস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনুষ্ঠানিক ঘোষণাটা আসতেই টুইটার-টেলিভিশনে প্রতিক্রিয়ার ঝড়। ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্ক জোড়া লাগানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন দুই দেশের বর্তমান-সাবেক তারকারা। দুই দেশের সবচেয়ে আবেগ জড়িয়ে থাকা খেলাটির সঙ্গে রাজনৈতিক বৈরীকে আর না জড়ানোর আহ্বান অনেকের কণ্ঠে। ব্যতিক্রম শুধু একজন। সুনীল গাভাস্কার বলছেন, ‘এত তাড়া কিসের! মুম্বাই হামলার তদন্তে তো কোনো সহযোগিতা করছে না পাকিস্তান!’২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাই হামলার পর থেকেই বন্ধ হয়ে ছিল ভারত-পাকিস্তান সিরিজ। ভারত বরাবরই পাকিস্তানকে এই হামলার জন্য দায়ী করে আসছে। পরশু এসেছে আবার চিরবৈরী দুই দেশের সিরিজ শুরুর ঘোষণা। একজন ক্রিকেটার বা খেলার দূত পরিচয়ের চেয়ে ‘মুম্বাইকার’ পরিচয়টাই এখন বেশি নাড়া দিচ্ছে গাভাস্কারকে। সাবেক ভারতীয় অধিনায়ক এখন ইংল্যান্ডে। সময়ের আলোচিত ইস্যু নিয়ে ভাবনাটা সেখান থেকেই জানিয়েছেন এনডিটিভিকে, ‘একজন মুম্বাইকার হিসেবে আমি বলতে পারি, এত তাড়া কিসের ছিল, যখন আরেক দিক থেকে কোনো সহযোগিতা নেই!’গাভাস্কার ইঙ্গিত করেছেন পাকিস্তান সরকারের বারবার অস্বীকার ও মুম্বাই হামলার তদন্তে পাকিস্তানের অসহযোগিতার দিকে। তবে ক্রিকেটীয় একটা যুক্তিও আছে গাভাস্কারের, ‘ইংল্যান্ড সিরিজের মাঝখানের বিরতিটা এখন আর পাবে না ক্রিকেটাররা। ওরা তো নিঃশ্বাস ফেলারও সময় পাবে না! চোট সমস্যা কাটানো, নিজেদের নিয়ে কাজ করার জন্য কিছুটা সময় তো দিতে হবে ক্রিকেটারদের!’ ওয়েবসাইট।উচ্ছ্বসিত প্রতিক্রিয়া ছিল বাকি প্রায় সবার। সফল কূটনৈতিক মিশনের জন্য পাকিস্তানে প্রায় নায়কের মর্যাদা পাচ্ছেন বোর্ড প্রেসিডেন্ট জাকা আশরাফ। আশরাফ এটিকে দেখছেন কঠিন পরিশ্রমের ফসল হিসেবে। চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সিরিজ নিয়ে রোমাঞ্চিত পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল হক। জাভেদ মিয়াঁদাদ, সঞ্জয় মাঞ্জরেকার, আমির সোহেল, জহির আব্বাস, আবদুল কাদির, এমনকি আজীবন বিরুদ্ধ স্রোতে চলা বিষেন সিং বেদী পর্যন্ত বলেছেন ইতিবাচক কথা।শোনা যাচ্ছে, আগামী আইপিএলে খেলার সুযোগও দেওয়া হবে পাকিস্তানি ক্রিকেটারদের। প্রথম আইপিএলে খেলেছিলেন পাকিস্তানিরা, কিন্তু দুই দেশের ক্রিকেট-সম্পর্ক বন্ধের জের ধরে বন্ধ হয়ে যায় তাঁদের আইপিএল খেলাও।