ইতিহাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের এই আক্রমণ ঠেকিয়ে দিয়েছে দক্ষিণ কোরিয়া, তবে শেষ পর্যন্ত হেরেছে ২-০ গোলে। কাল মালয়েশিয়ায় জুনিয়র এশিয়া কাপের গ্রুপ পর্বে l সৌজন্য ছবি
বাংলাদেশের এই আক্রমণ ঠেকিয়ে দিয়েছে দক্ষিণ কোরিয়া, তবে শেষ পর্যন্ত হেরেছে ২-০ গোলে। কাল মালয়েশিয়ায় জুনিয়র এশিয়া কাপের গ্রুপ পর্বে l সৌজন্য ছবি

এশিয়ান হকি ফেডারেশনের অফিশিয়াল ফেসবুক পেজে লেখা ছোট্ট স্ট্যাটাস—বাংলাদেশ বিট কোরিয়া! দুই দলের খেলোয়াড়দের নিয়ে তৈরি প্রচ্ছদের ওপর দেওয়া আছে ম্যাচের স্কোরলাইন—কোরিয়া ০: ২ বাংলাদেশ। মুম্বাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র রোহান প্রিন্স নিচে মন্তব্য করেছেন, ‘হিউজ আপসেট’!
তা বড় একটা অঘটনই ঘটিয়ে ফেলেছেন বাংলাদেশের যুবারা। মালয়েশিয়ায় অনুষ্ঠানরত জুনিয়র এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দিয়েছেন অসীম গোপরা। বিশ্ব র্যা ঙ্কিংয়ে কোরিয়ান জাতীয় দলের অবস্থান নবম, যেখানে বাংলাদেশ আছে ২৯তম স্থানে। সিনিয়র বা জুনিয়র কোনো পর্যায়েই এর আগে কখনো কোরিয়াকে হারাতে পারেনি বাংলাদেশ। ২৫ মিনিটে প্রথমে গোল করে দলকে এগিয়ে নেন সারোয়ার। ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিলন।
দলবদলের দাবিতে আন্দোলনরত খেলোয়াড়েরা এশিয়া কাপের ক্যাম্পে যোগ দিয়েছিলেন একেবারে শেষ মুহূর্তে। ঢাকা ছাড়ার আগে খুব বেশি দিন অনুশীলনও করাতে পারেননি কোচ মাহবুব হারুন। গ্রুপে প্রতিপক্ষ দলগুলোর নাম পাকিস্তান, কোরিয়া ও ওমান, তার ওপর প্রস্তুতিও ভালো হয়নি। হারুন তাই যাওয়ার আগে খুব জোর গলায় জয়ের কথা বলে যেতে পারেননি। কিন্তু মালয়েশিয়ায় যাওয়ার পরই যেন অন্য চেহারায় বাংলাদেশের যুবারা। গ্রুপের প্রথম ম্যাচে শক্তিশালী পাকিস্তানের কাছে লড়াই করে ৩-১ গোলে হার। পরের ম্যাচে ওমানের বিপক্ষে ৫-৪ গোলে জয়। সবচেয়ে স্মরণীয় জয়টা এল শেষ ম্যাচে। যে জয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ। তিন ম্যাচেই জিতে পাকিস্তান হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন।
আগামীকাল কোয়ার্টার ফাইনালে ‘বি’ গ্রুপের রানার্সআপ বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপের তৃতীয় দল জাপানের সঙ্গে। ওই ম্যাচ জিতলেই খুলে যেতে পারে বাংলাদেশের স্বপ্নের সিঁড়ি। এই টুর্নামেন্টের সেমিফাইনালে উঠলেই আগামী বছর ভারতে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ মিলতে পারে।
২০১৬ সালের ডিসেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপ। স্বাগতিক ভারতসহ যুব এশিয়া কাপের সেরা চারটি দল সুযোগ পাবে চূড়ান্তপর্বে। যদি ভারত এশিয়া কাপের সেমিফাইনালের আগেই বাদ পড়ে, তবে বিশ্বকাপে যেতে হলে থাকতে হবে শীর্ষ তিনে।
ম্যাচ শেষে মালয়েশিয়া থেকে টেলিফোনে কোচ মাহবুব হারুনের কণ্ঠে ছিল উচ্ছ্বাস, ‘অঘটন বলব না এটাকে। তবে জিতেছি এটাই বড় কথা। এই জয়ের সব কৃতিত্ব ছেলেদের।’ এখানেই থেমে থাকতে চাইলেন না তিনি, ‘এটাই আমাদের আসল ফল না। কোয়ার্টার ফাইনালে জিততে হবে। জিততে চাই সেমিফাইনালেও।’
সেই ১৯৯৩ সালে হিরোশিমায় এশিয়া কাপে বাংলাদেশ জাতীয় দল ১-১ গোলে ড্র করেছিল কোরিয়ার সঙ্গে। ওই দলের অধিনায়ক ছিলেন হারুন। কাল সে কথা মনে করিয়ে দিতেই বললেন, ‘সেদিন খেলোয়াড় হিসেবে জিততে পারিনি, তবে আজ কোচ হিসেবে জিতলাম। খুবই ভালো লাগছে।’ অধিনায়ক অসীম গোপের প্রতিক্রিয়ায় অবশ্য খুব একটা বিস্ময় নেই, ‘আমরা খেলোয়াড়েরা সবাই ছিলাম উজ্জীবিত। আমরা জেতার জন্যই মাঠে নেমেছিলাম।’