ইতিহাস আর ক্লাইস্টার্সের সামনে লি
ফাইনালের আগে প্রতিপক্ষের নাড়ি-নক্ষত্র জেনে নিতে ভিডিও ফুটেজে চোখ রাখে সবাই। কিম ক্লাইস্টার্সও নেবেন নিশ্চয়ই। খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন লি নার সঙ্গে তাঁর আগের ম্যাচগুলোর ভিডিও। কিন্তু এই বেলজিয়ান জানাচ্ছেন, সব ভিডিও দেখলেও এ মাসেই সিডনি ইন্টারন্যাশনালের ফাইনালটি তিনি একদমই দেখবেন না। কেন? অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতি টুর্নামেন্টের ওই ফাইনালে লি যে হারিয়ে দিয়েছিলেন ক্লাইস্টার্সকে!৭-৬ (৭/৩), ৬-৩ গেমে হারা ওই ম্যাচ ক্লাইস্টার্স কেন দেখবেন না সেই ব্যাখ্যাও দিয়েছেন। ওই ম্যাচে প্রথম সেটে তিনি ৫-০-তে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হেরে গেছেন! নির্দ্বিধায় তাই স্বীকার করলেন, চীনের ২৮ বছর বয়সী লি মানসিকভাবে আসলেই খুবই দৃঢ়।ক্লাইস্টার্সের কথা থেকেই প্রেরণা খুঁজে নিতে পারেন লি। প্রথম এশীয় খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে আসা এই তরুণী মুখোমুখি লড়াইয়ে (২-৪) পিছিয়ে আছেন ক্লাইস্টার্সের সঙ্গে, কিন্তু তাঁর প্রেরণা হতে পারে ২০০৭ মিয়ামির ফাইনালও। সেই ম্যাচেও প্রথম সেট হারা লি ঘুরে দাঁড়িয়ে জিতে নিয়েছিলেন শিরোপা।এসব পরিসংখ্যান, মুখোমুখি লড়াইয়ের হিসাবও বাদ দিন। লির জন্য তো আসল প্রেরণা ইতিহাস গড়ার হাতছানি। আর এক ধাপ। তাহলেই তো পা পড়বে সেই কাঙ্ক্ষিত দুয়ারে। তাঁর দিকে তো তাকিয়ে থাকবে শতকোটি মানুষের দেশও। ‘আমি জানি, এখানে আমার ভালো করা মানে দেশে টেনিসের ব্যাপারে আগ্রহ আরও শতগুণ বেড়ে যাওয়া। তরুণ খেলোয়াড় কিংবা ছোটরা আমাকে দেখে অনুপ্রাণিত হবে, “আমরা তো ওর চেয়েও ভালো করে দেখাতে পারি।”শুধু চীন নয়, লির পেছনে আজ পুরো এশিয়ার সমর্থন। এবং রড লেভার অ্যারেনার ১৫ হাজার দর্শকের মধ্যেও বিশাল সমর্থক খুঁজে পেলে বিস্ময়ের কিছু থাকবে না। টানা দুই বছর ধরে (গতবারও সেমিফাইনালে উঠেছিলেন) এখানে দারুণ খেলা, কোর্টের বাইরে হাস্যোজ্জ্বল, কৌতুকপ্রিয়তার কারণে লি অস্ট্রেলিয়াতেও সমর্থকের সংখ্যা বাড়িয়ে নিয়েছেন বহুগুণ।আর তাই আজ ক্লাইস্টার্স অস্ট্রেলীয়দের একটা অংশের কাছে ‘ভিলেন’ও হয়ে যেতে পারেন। অস্ট্রেলীয় তারকা লেটন হিউইটের সঙ্গে প্রেমের সুবাদে এখানে তিনিও দারুণ জনপ্রিয়। সেই প্রেম নেই, কিন্তু অস্ট্রেলীয়দের প্রতি তাঁর ভালোবাসা আজও অটুট। কিন্তু আজ হয়তো ভাগাভাগি হয়ে যাবে সেই ভালোবাসার ক্ষেত্র।এমনিতে অভিজ্ঞতায়, অর্জনে ক্লাইস্টার্সই এগিয়ে। ক্যারিয়ারে ৪০টি ডব্লুটিএ শিরোপা জিতেছেন। গ্র্যান্ড স্লামে এটি তাঁর সপ্তম ফাইনাল। অন্যদিকে চারটি ডব্লুটিএ শিরোপা জেতা লি প্রথমবারের মতো খেলবেন গ্র্যান্ড স্লাম ফাইনাল, যেটি তাঁর ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচও।ক্লাইস্টার্সই ফেবারিট। ২০০৮-এ অবসরের আগে মাত্র একটি গ্র্যান্ড স্লাম জিতেছিলেন। ২০০৯-এর শেষাশেষি ফিরে আসার পর জিতেছেন দুটি। তার পরও ক্লাইস্টার্সকে নিরঙ্কুশ ফেবারিট বলা যাচ্ছে না লি এবার দুর্দান্ত খেলায়। সেমিফাইনালের আগ পর্যন্ত একটি সেটেও হারেননি লি। ক্লাইস্টার্সও হারেননি। তবে তিনটি ম্যাচে তাঁকে একটি করে সেট জিততে লড়তে হয়েছে টাইব্রেকার পর্যন্ত।কিন্তু তার পরও এ ধরনের খেলায় অভিজ্ঞতা আর স্নায়ুকে বশে রাখা বড় প্রভাবক হয়ে দাঁড়ায়। ঠান্ডা মাথার ক্লাইস্টার্স এগিয়ে থাকছেন এখানে। এএফপি, রয়টার্স।