ইতিহাস ও নাদালের মাঝে ফেরার

যেন রূপকথাকে হার মানানো এক গল্প। মাস পাঁচেক আগেও চোটের সঙ্গে সংগ্রাম করতে থাকা রাফায়েল নাদাল কবে আবার কোর্টে ফিরবেন সেটাই নিশ্চিত ছিল না। কিংবা ফিরলেও পুরোনো রূপ ফিরে পাবেন কি না, তা নিয়েও সংশয় ছিল যথেষ্টই। অন্যের কথা বলবেন কী, সংশয়ের বৃত্তে ঘুরপাক খাচ্ছিলেন নাদাল নিজেই। সাত মাসের চোট-সংগ্রাম শেষে ফেব্রুয়ারিতে যখন ফিরলেন, নাদালই বলেছিলেন প্রথম রাউন্ডেই হারের শঙ্কা তাঁকে পেয়ে বসেছিল! অথচ প্রত্যাবর্তনের পর সেই নাদাল নয়টি টুর্নামেন্টে অংশ নিয়ে সবগুলোরই ফাইনালে উঠলেন। আগের আটটি টুর্নামেন্টের ছয়টিরই শিরোপাজয়ী নাদালের সামনে আজ অনন্য এক ইতিহাসেরই হাতছানি।
আজকের অল স্প্যানিশ ফাইনালে তাঁর প্রতিপক্ষ ডেভিড ফেরার। অন্য সেমিফাইনালে যিনি জো-উইলফ্রায়েড সোঙ্গাকে ৬-১, ৭-৬ (৭/৩), ৬-২ গেমে হারিয়ে ক্যারিয়ারে প্রথম দাঁড়িয়েছেন কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে। বন্ধু ফেরারকে আজ আরেকবার হারাতে পারলেই নাদাল হয়ে যাবেন কোনো গ্র্যান্ড স্লামের ৮টি শিরোপাজয়ী ইতিহাসের প্রথম খেলোয়াড়। সর্বোচ্চ ৮ বার গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তি অবশ্য একজনের আছে, এই ফ্রেঞ্চ ওপেনেই ৮ বার জিতেছিলেন ম্যাক্স ডেকুগিস। কিন্তু এই ফরাসির কীর্তিটা ঠিক হিসাবে ধরা হয় না। কারণ, তখন ফ্রেঞ্চ ওপেনে অংশ নিতে পারতেন কেবল ফ্রেঞ্চ ক্লাবের সদস্যরাই। টুর্নামেন্টটি বৈশ্বিক রূপ পাওয়ার পর তাই নাদালের সাত শিরোপাই ফ্রেঞ্চ ওপেনে সর্বোচ্চ।
নাদালকে হাতছানি দিচ্ছে আরও একটি রেকর্ড। পরশু জোকোভিচের বিপক্ষে মহাকাব্যিক জয় দিয়ে ছুঁয়েছেন রোলাঁ গারোঁতে গিলের্মো ভিলাস, নিকোলা পিয়েত্রাঙ্গেলি ও রজার ফেদেরারের সর্বোচ্চ ৫৮ ম্যাচ জয়ের রেকর্ড। আজ জিতলে ৫৯তম জয় পাবেন নাদাল। নিজেকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যেতে নাদালকে অনুপ্রাণিত করছে প্রতিপক্ষও। ২০০৪ সালে দুজনের প্রথম সাক্ষাতেই নাদালকে হারিয়েছিলেন ফেরার। সেই থেকে মাটির কোর্টে আর কখনো ফেরারের কাছে নাদাল হারেননি। সব মিলিয়ে ২৩ সাক্ষাতে নাদালের ১৯ জয়, ফেরারের ৪। সর্বশেষ ৮ সাক্ষাতেই জয়ী নাদাল।
সব মিলিয়ে ইতিহাস গড়ার ডাকটা যেন শুনতে পাচ্ছেন নাদাল! যদিও ক্যারিয়ারে প্রথমবার গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে ফেরারও স্বপ্ন দেখছেন শিরোপার। পরশু ফরাসিদের স্বপ্ন গুঁড়িয়ে দেওয়ার পথেই গড়েছেন ১৯৯০ সালে আন্দ্রে গোমেজের পর সবচেয়ে বেশি বয়সে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ওঠার কীর্তি। আজ জিতলে ফেরার ঢুকে পড়বেন সবচেয়ে বেশি বয়সে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জয়ীদের তালিকায়ও। মজার ব্যাপার হলো, নাদালের মতো ফেরারের কাছেও মাটির কোর্টটাও প্রেরণা। মাটির কোর্টে ২৫৩ জয়ের বিপরীতে ৩১ বছর বয়সী হেরেছেন মাত্র ১০৩ ম্যাচে। জয়ের হার ৭১.১ শতাংশ। এবারের ফ্রেঞ্চ ওপেনেও ফেরার খেলছেন দুর্দান্ত। ফাইনালের পথে ছয় ম্যাচেই জিতেছেন সরাসরি সেটে। কিন্তু মাটির কোর্টে নাদালের রেকর্ড যে আরও ঈর্ষণীয়! ২৮৫ জয়ের পাশে হার মাত্র ২১ ম্যাচে! জয়ের হার শতকরা ৯৩ ভাগ! এএফপি, রয়টার্স।