ইতিহাস গড়ল উইগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

না, সান্ত্বনার প্রলেপটিও দিতে পারল না ম্যানচেস্টার সিটি। গত ১৭ এপ্রিল লিগে এই অ্যাথলেটিক উইগানেরই মুখোমুখি হয়েছিল সিটি। এফএ কাপের ফাইনালের সেই মহড়ায় ১-০ গোলে জিতে মনস্তাত্ত্বিকভাবে এগিয়ে ছিল সিটিই। কিন্তু কাল ওয়েম্বলির ফাইনালে সেই উইগানই ১-০ গোলে গড়ল ইতিহাস। ১৯৩২ সালে প্রতিষ্ঠার পর ৮১ বছরের ক্লাব ইতিহাসে এই প্রথম বড় কোনো শিরোপা ঘরে তুলল লিগে অবনমন এলাকায় থাকা উইগান।

এফএ কাপের ফাইনালে গত ২৫ বছরের মধ্যে এটাকেই বলা হচ্ছে সবচেয়ে বড় অঘটন। তুলনা করা হচ্ছে ১৯৮৮ সালে লিভারপুলকে হারিয়ে উইম্বলডনের শিরোপা জয়ের সঙ্গে। উইগানের এই অবিস্মরণীয় জয়ের নায়ক বেন ওয়াটসন। শন ম্যালোনির কর্নারে দুর্দান্ত এক হেডে সিটির অন্তত একটি শিরোপা জিতে মৌসুম শেষ করার স্বপ্ন ভেঙে দিয়েছেন ওয়াটসন।

দলের ঐতিহাসিক জয়ের মুহূর্তে মাঠেই ছিলেন উইগানের মালিক এবং চেয়ারম্যান ডেভ হোয়েলান। শেষ বাঁশি বাজতেই জয়টা তিনি উদ্যাপন করেন মুষ্টিবদ্ধ হাতখানা শূন্যে ছুড়ে মেরে। উইগান মালিকের হয়তো মনে পড়ে যাচ্ছিল ভয়ানক দুঃসহ যন্ত্রণার এক স্মৃতিও। ১৯৬০ সালে ব্ল্যাকবার্ন রোভার্সের হয়ে এই এফএ কাপ ফাইনাল খেলার সময়ই পা ভেঙে গিয়েছিল তাঁর। ওই দুর্ঘটনা তাঁর ফুটবল ক্যারিয়ারেরই ইতি টেনে দিয়েছিল। ৫৩ বছর পর নিজ দলের সেই এফএ কাপের শিরোপা জয়ে ডেভের সেই দুঃখ কিছুটা কী কমল!

এই হারে খালি হাতেই মৌসুম শেষ হয়ে গেল সিটির। কোচ রবার্তো মানচিনির বিদায় ঘণ্টাও কি বাজিয়ে দিল? এএফপি।