ইতিহাস গড়লেন রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতিহাস গড়েই চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের উত্সবে যোগ দিয়েছেন রোনালদো। ছবি: রয়টার্স
ইতিহাস গড়েই চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের উত্সবে যোগ দিয়েছেন রোনালদো। ছবি: রয়টার্স

ইউরোপিয়ান ফুটবলের এবারের মৌসুমটা একেবারেই নিজের করে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বছরের শুরুতেই হানা দিয়েছিলেন লিওনেল মেসির সাম্রাজ্যে। চার বছর পর জিতেছিলেন ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে সর্বোচ্চ ১৭টি গোলের নতুন রেকর্ডও গড়েছেন পর্তুগিজ তারকা। গতকাল চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে নতুন একটা অধ্যায়ও যোগ করেছেন এসময়ের অন্যতম সেরা এই ফুটবলার।
দুটি আলাদা ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগ খেলা বা শিরোপা জয়ের অভিজ্ঞতা অনেকেরই আছে। কিন্তু দুটি ভিন্ন ক্লাবের হয়ে ফাইনালে গোল করা ও দলকে জেতানোর কৃতিত্ব আর কারোরই ছিল না। রোনালদো গতকাল ঠিক এ কাজটাই করেছেন।
২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছিলেন রোনালদো। সেবারের ফাইনালে করেছিলেন দলের পক্ষে একমাত্র গোলটি। চেলসির বিপক্ষে সেই ম্যাচটা ম্যানইউ জিতেছিল টাইব্রেকারে। গতকাল রিয়াল মাদ্রিদের জার্সি গায়েও ম্যাচের একেবারে শেষমুহূর্তে পেনাল্টি থেকে গোল করেছেন এই পর্তুগিজ তারকা। নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জয়ের স্বাদ পেয়েছে রিয়াল।
গতকালের এ গোলটি দিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকেও ছুঁয়ে ফেলেছেন রোনালদো। চ্যাম্পিয়নস লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানটা এখন ভাগাভাগি করে নিচ্ছেন এসময়ের সেরা দুই খেলোয়াড়। দুজনেরই গোলসংখ্যা ৬৭। ৭১ গোল নিয়ে শীর্ষে আছেন স্পেনের সাবেক স্ট্রাইকার রাউল।
ইউরোপিয়ান ফুটবলের আগামী মৌসুমেই যে মেসি বা রোনালদোর কাছে রাউলকে শীর্ষস্থান হারাতে হবে, সে ব্যাপারে কোনোই সন্দেহ নেই। চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা কে আগে ভাঙতে পারবেন, সেটাই হচ্ছে প্রশ্ন।— রয়টার্স