ইতিহাস গড়ছেন উ ডি
বয়স ২১। এটিপি র্যাঙ্কিংয়ে অবস্থান ১৮৬। বিশ্ব টেনিসে তাঁর নামটাও চেনা নয়—উ ডি। তবু অস্ট্রেলিয়ান ওপেনে আজ লাখো মানুষের চোখ থাকবে তাঁর ওপর। লাখো না বলে কোটি বলাই ভালো। উ ডি যে চীনের প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্লামে খেলার রেকর্ড গড়তে যাচ্ছেন। এমন ‘ইতিহাস’ গড়ার আগের অনুভূতিটা অনুমিতই, ‘আমি একটু নার্ভাসই। কারণ, গ্র্যান্ড স্লামে এটাই আমার প্রথম ম্যাচ। এটা আমার জন্য একটা চাপও। তবে আমার চেষ্টা থাকবে চাপকে প্রেরণায় পরিণত করার।’উর বড় প্রেরণা লি না। চীনের যে উহান থেকে উঠে এসেছেন লি না, সেখানেই জন্ম উর। চীনের প্রথম মহিলা হিসেবে ২০১১ সালের ফ্রেঞ্চ ওপেন জিতে ইতিহাস গড়েছেন লি না। একটি টুর্নামেন্টে খেলতে উ তখন ছিলেন দক্ষিণ কোরিয়ায়, লি নার ফাইনালটি দেখেছেন ইন্টারনেটে। শুধু প্রেরণাই নন, উর লক্ষ্যটাও ঠিক করে দিয়েছেন চীন তথা এশিয়ার প্রথম গ্র্যান্ড স্লামজয়ী লি না। ‘যে লক্ষ্য অর্জন (গ্র্যান্ড স্লাম জয়) করেছেন তিনি, ভবিষ্যতে আমিও তা অর্জন করতে চাই’—শুরুর আগেই গ্র্যান্ড স্লাম নিয়ে বড় স্বপ্নের কথা জানিয়ে দিলেন উ ডি। এএফপি।