ইতিহাস গড়তে চান দেল বস্ক
এবার ইউরো চ্যাম্পিয়নশিপটা জিততে পারলেই নতুন একটা রেকর্ড গড়তে পারবে স্পেন। প্রথম দল হিসেবে তারা পাবে টানা দুইটি ইউরো জয়ের সম্মান। তবে আরও একটা ইতিহাস গড়ার হাতছানি আছে লা রোজাদের সামনে। আজ শেষ আটের লড়াইয়ে জিততে পারলে প্রথমবারের মতো কোনো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় ফ্রান্সের বিপক্ষে জয়ের স্বাদ পাবে তারা। আর শিষ্যদের সেই ইতিহাস গড়ার আহ্বানই জানিয়েছেন স্প্যানিশ কোচ ভিসেন্তে দেল বস্ক।এখন পর্যন্ত বড় কোনো প্রতিযোগিতায় ফ্রান্সকে হারাতে পারেনি স্পেন। ২০০৬ বিশ্বকাপে ফ্রান্সের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল গতবারের শিরোপাজয়ীদের। তবে এবার এই ইতিহাসটা পরিবর্তনই করতে চান দেল বস্ক। তিনি বলেছেন, ‘সবাই আমাদেরকে ফেভারিটের সম্মান দিচ্ছে; কারণ আমরা চার বছর আগে ইউরো কাপের শিরোপা জিতেছি, দুই বছর আগে বিশ্বকাপও জিতেছি। অবশ্য প্রতিযোগিতামূলক ম্যাচে ফ্রান্স অনেক ভালো খেলে বলে প্রমাণ রয়েছে। কিন্তু আমরা অতীত নিয়ে না, বর্তমান নিয়েই চিন্তা করছি। আজ রাতে আমাদের চেষ্টা করতে হবে সেই ইতিহাসটাকেই নতুনভাবে লেখার।’আজ রাতে ফ্রান্সের বিপক্ষে খেলায় কী রকম কৌশল নিয়ে মাঠে নামবেন, তার কোনো ইঙ্গিত দেননি দেল বস্ক। তিনি বলেছেন, ‘ফ্রান্স খুবই শক্তিশালী প্রতিপক্ষ। তবে আমরা সব সময়ই আশাবাদী হয়ে মাঠে নামব। আমি এখনো মূল একাদশ চূড়ান্ত করিনি। আমাদের অনেক ভালো খেলোয়াড় আছে যারা সামনের সারিতে আসতে পারে।’ তবে একই সঙ্গে যে দলের ২৩ জন খেলোয়াড়কেই ব্যবহার করা সম্ভব না, সেটাও স্মরণ করিয়ে দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী দলের এই কোচ।