ইতিহাস গড়তে চান রিবেরি
বড় আশা করে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই আশায় গুড়ে বালি। ফিফা-ব্যালন ডি’অর না পেয়ে নিজের হতাশা প্রকাশ্যেই জানিয়ে দিয়েছিলেন ফ্রাঙ্ক রিবেরি। বায়ার্ন মিউনিখ তারকা এক মৌসুমে সম্ভাব্য সবকিছুই জেতার পরও পুরস্কার না পেয়ে মন খারাপ করবেন, এটা স্বাভাবিকই। তবে সেই দুঃখ ভুলে রিবেরি এখন তাকাতে চান সামনে। বায়ার্নকে এই মৌসুমেও ইউরোপ-সেরা করার স্বপ্ন তাঁর।
কাজটা কঠিন। একটা পরিসংখ্যান থেকে সেটি বোঝা যাচ্ছে। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এখন পর্যন্ত কোনো দল টানা দুবার শিরোপা জেতেনি। বায়ার্নকে তাই শিরোপা ধরে রাখতে ইতিহাস গড়তে হবে। সেই যাত্রায় নকআউট পর্বের শুরুতেই কঠিন প্রতিপক্ষ। আর্সেনালের মতো দলের বাধা পেরোনো তো সহজ নয়।
রিবেরিও তা মানছেন, ‘আমরা ২০১৩ সালের মতো আরও একটা সফল বছর চাই। এটা ঠিক, চ্যাম্পিয়নস লিগের শিরোপা ধরে রাখা কঠিন। তবে আমি সম্ভব মনে করি। বায়ার্নে অবিশ্বাস্য সম্ভাবনাময় কিছু খেলোয়াড় আছে। আমরা সম্ভাব্য সবকিছুই জিতে ইতিহাস গড়তে চাই।’ এএফপি, ওয়েবসাইট।