ইতিহাস গড়তে চায় চিলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুশীলন ফেলে হঠাৎই গোলপোস্ট মাপতে শুরু করলেন নেইমার। সতীর্থ ফ্রেড বিস্মিত হয়ে দেখছেন সেটাই। কতটুকু উচ্চতায় শট নিলে আজ চিলি গোলরক্ষককে সহজেই পরাস্ত করা যাবে? l এএফপি
অনুশীলন ফেলে হঠাৎই গোলপোস্ট মাপতে শুরু করলেন নেইমার। সতীর্থ ফ্রেড বিস্মিত হয়ে দেখছেন সেটাই। কতটুকু উচ্চতায় শট নিলে আজ চিলি গোলরক্ষককে সহজেই পরাস্ত করা যাবে? l এএফপি

স্বাগতিক ব্রাজিলকে সামনে পেয়ে চিলিয়ানদের মনে প্রতিশোধের আগুন দাউদাউ করে জ্বলছে। সেটা বোঝা গেছে আগের দিন চিলির গোলরক্ষক-অধিনায়ক ক্লদিও ব্রাভোর কথাতেই। তবে অধিনায়কের মতো আকারে-ইঙ্গিতে নয়, অালেক্সিস সানচেজ স্পষ্টই বলে দিলেন ব্রাজিলকে ব্রাজিলের মাটিতে হারিয়ে গড়তে চান ইতিহাস।
ব্রাজিল দলে নেইমার যেমন, চিলি দলে সানচেজও তাই। আনুষ্ঠানিক অধিনায়ক না হলেও তিনিই দলের সত্যিকারের নেতা। পরশু চিলির সংবাদ সম্মেলনও হয়ে থাকল তারই প্রতীকী ছবি। কোচ-অধিনায়ক নন, দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এলেন সানচেজ। সঙ্গে সতীর্থ মরিসিও ইসলা ছিলেন বটে। কিন্তু ব্রাজিল ম্যাচ নিয়ে যত কথা বললেন সানচেজই। বার্সেলোনা তারকার প্রতিিট কথাতেই ফুটে বেরোচ্ছিল ব্রাজিলকে হারানোর প্রতিজ্ঞা।
বিশ্বকাপে এর আগে তিনবার গ্রুপপর্ব পেরিয়েছে চিলি। তিনবারই তাদের স্বপ্নভঙ্গ করেছে এই ব্রাজিল। আজ বেলো হরিজন্তেতে অতীতের গ্লানি একটু হলেও হালকা করতে মরিয়া চিলিয়ানরা। এতটাই যে, সানচেজ বলছেন ব্রাজিলের সঙ্গে হিংস্র কুকুরের মতো লড়াই করবেন তাঁরা, ‘আমরা এখানে এসেছি ইতিহাস গড়তে। আমরা এরই মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়েছি (গ্রুপপর্বে)। দলে আমরা সবাই হয়তো বন্ধু নই, তবে মাঠে দলের প্রত্যেকেই প্রত্যেকের জন্য দৌড়ায়। এই দলটি হিংস্র কুকুরের মতো।’
ব্রাজিলের মুখোমুখি হওয়া মানে সানচেজকে আজ তাঁর বার্সেলোনার দুই সতীর্থ নেইমার ও দানি আলভেজের মুখোমুখি হতে হবে। তবে মাঠে নামলে যে সেই বন্ধুত্ব ভুলে যাবেন, সে তো বোঝাই যাচ্ছে। কিন্তু ব্রাজিলকে ব্রাজিলের মাটিতে হারানো এত সহজ? নিজেদের মাটিতে প্রতিযোগিতামূলক ম্যাচে ১৯৭৫ সালের পর কখনো হারেনি ব্রাজিল। এই সময়ে ঘরের মাঠে ৬১ ম্যাচেই অপরাজিত তারা। এ ছাড়া ব্রাজিলের মাটিতে ব্রাজিলকে কোনো ধরনের ম্যাচেই কখনো হারাতে পারেনি চিলি। আর এটা তো বিশ্বকাপ। বিশ্বকাপে বরাবরের ফেবারিট ব্রাজিল খেলছে নিজেদের মাঠে। ব্রাজিলের রক্ষণও এবার দুর্দান্ত। সিলভা-লুইজ-মার্সেলো-আলভেজদের নিয়ে গড়া ব্রাজিলের রক্ষণদুর্গে ফাটল ধরানো সহজ কর্ম হবে না। সানচেজও তা মানছেন। তবে ব্রাজিলের রক্ষণের চেয়েও ২৫ বছর বয়সী ফরোয়ার্ড বেশি উদ্বিগ্ন রেফারিদের নিয়ে। দুই স্বদেশিকে নিয়ে ম্যাচটা পরিচালনা করবেন ইংলিশ রেফারি হাওয়ার্ড ওয়েব। ২০১০ বিশ্বকাপের ফাইনালটিকে দক্ষ হাতে পরিচালনা করে প্রশংসিত হয়েছিলেন তিনি। তার পরও সানচেজের উদ্বেগ, ‘এই মুহূর্তে ব্রাজিলের রক্ষণই বিশ্বের সেরা। ব্রাজিলের সঙ্গে খেলতে আমি সত্যিই খুশি। আমি চিন্তিত রেফারিং নিয়ে। দেখা যাক...।’
ব্রাজিল ম্যাচের আগে সানচেজ অনুপ্রেরণা খুঁজে নিচ্ছেন প্রতিবেশী দেশ আর্জেন্টিনার কাছ থেকেও, ‘তারা (আর্জেন্টিনা) প্রতিটা ম্যাচই জিততে চায়। ব্রাজিলের সঙ্গে আমাদেরও সেই মানসিকতা নিয়ে নামতে হবে। ম্যাচটা এমন একটা দলের বিপক্ষে, যারা হৃদয় দিয়ে জিততে চায় এবং যেভাবেই হোক ফাইনালে উঠতে চায়।’ পাশে বসে থাকা সতীর্থ ইসলাকে দেখিয়ে বলেছেন, ‘মরিসিওর মতো আমাদের সবারই জয়ের মানসিকতা থাকতে হবে।’ রয়টার্স।
ম্যাচ ব্রাজিল চিলি ড্র
মোট ৬৮ ৪৮ ৭ ১৩
বিশ্বকাপে ৩ ৩ ০ ০
n ব্রাজিলে গিয়ে ব্রাজিলকে কখনোই হারাতে পারেনি চিলি
n বিশ্বকাপে আগের তিনবারের সাক্ষাতে তিনবারই জয়ী ব্রাজিল (১৯৬২, সেমিফাইনাল, ১৯৯৮ দ্বিতীয় রাউন্ড, ২০১০ দ্বিতীয় রাউন্ড)
n ওই তিন ম্যাচে চিলি গোল খেয়েছে ১১টি গোল, ম্যাচপ্রতি ৩.৭! দিয়েছে মাত্র তিনটি।
n দুই দলের সর্বশেষ ৯ ম্যাচের প্রতিটিতেই দুই বা তার বেশি গোল করেছে ব্রাজিল। এই ৯ ম্যাচে ব্রাজিলের মোট গোল ৩২টি, ম্যাচপ্রতি গড় গোল ৩.৬!
n ব্রাজিলের সঙ্গে সর্বশেষ দুই ম্যাচেই গোল করেছেন এদুয়ার্দো ভার্গাস। এর একটি এই বেলো হরিজন্তেতেই ২০১৩ সালের এপ্রিলে।