ইতিহাস গড়তে চায় হংকং!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেমি অ্যাটকিনসনের শেষ কথাগুলো শুনে নড়েচড়ে বসলেন সবাই। কেউ হতবাক, কারও মুখে মৃদু হাসি। লেখার মসলাও পাওয়া গেল। ‘এই ম্যাচ জিতে ইতিহাস গড়তে চাই’—বাংলাদেশকে হারানোর স্বপ্ন দেখেন হংকং অধিনায়ক।
পরের দিন আর অনুশীলন করবে না বলে পরশু হংকং দুটি কাজ সেরে ফেলল একসঙ্গে। আফগানিস্তান ম্যাচ নিয়ে কথা বলার জন্য পাঠিয়ে দেওয়া হলো কোচকে। আর বাংলাদেশের সঙ্গে পরবর্তী ম্যাচ নিয়ে কথা বলতে এলেন অধিনায়ক। চোখে-মুখে সদ্য পরাজয়ের গ্লানি, অধিনায়ক অ্যাটকিনসন বললেন, ‘হংকংয়ের কাছে চেষ্টা করে দেখার এটি বড় সুযোগ। বাংলাদেশকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করা। যদি এটা হয়, হংকংয়ের তো বটেই সম্ভবত বিশ্বকাপের ইতিহাসেও এটি হবে বড় অঘটন।’
নেপাল ও আফগানিস্তানের কাছে পর পর হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে দলটি। মূল পর্বে এক পা দিয়ে রাখা বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচটি তাই নিয়মরক্ষার। সেটি মেনেও নিলেন অ্যাটকিনসন, ‘বাংলাদেশ টেস্ট খেলুড়ে দল। ইতিমধ্যে প্রায় কোয়ালিফাই করে ফেলেছে। বাংলাদেশের মতো বড় দলের সঙ্গে আমরা খেলতে পারছি এটা আমাদের সবার জন্যই বড় সুযোগ। তাই সবাই নিজেদের সাধ্যমতো চেষ্টা করবে।’
বাছাইপর্বের আগে প্রস্তুতি ম্যাচ স্বপ্নই দেখিয়েছিল হংকংকে। টেস্ট খেলুড়ে দল জিম্বাবুয়েকে তারা হারায় ৪ উইকেটে। হারায় হল্যান্ডকেও। কিন্তু আসল ম্যাচে এসে তারা পারল না। নেপালের কাছে উড়ে যাওয়ার পর হারল আফগানিস্তানের কাছেও। এ ম্যাচে হার কয়েকটি ক্যাচ ফেলার মাশুল বলে মনে করেন হংকং অধিনায়ক, ‘আমাদের কিছু ক্যাচ পড়েছে। এগুলোর মূল্য দিতে হয়েছে। বিশেষ করে শাহজাদের ক্যাচটির।’ তবে আজ এ ধরনের ভুলের পুনরাবৃত্তি চান না তাঁরা।
দলের প্রথম বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ম্যাচে হংকং অধিনায়কের প্রত্যাশা একটা ‘নতুন শুরু’, ‘আমরা ওয়ানডে স্ট্যাটাস পেয়েছি। এখন বড় কিছু দলের বিপক্ষে ভালো কিছু করে দেখাতে চাই। প্রথম বিশ্বকাপে এসে পর পর হেরেছি। হতাশা ঝেড়ে নতুন করে শুরু করতে চাই।’