ইতিহাস গড়তে দিল না সৌদি আরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর প্রতিটি দেশই অন্তত একজন করে হলেও নারী প্রতিযোগীকে পাঠিয়েছে অলিম্পিকে! ইতিহাস গড়ার জন্য এতটুকুই যথেষ্ট। এবারের লন্ডন অলিম্পিকই গড়ে ফেলতে পারত এই ইতিহাসটা। কিন্তু শেষ পর্যন্ত সৌদি আরবের জন্য ভেস্তে যেতে বসেছে সব কিছু। মধ্যপ্রাচ্যের রক্ষণশীল এই দেশটি জানিয়ে দিয়েছে, লন্ডন অলিম্পিকে কোনো নারী প্রতিযোগীকে পাঠাবে না তারা। সৌদি আরবের এ সিদ্ধান্তে রীতিমতো ক্ষুব্ধ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। গতকাল শুক্রবার কিউবেকে অনুষ্ঠিত আইওসির এক বৈঠকে তো সৌদি আরবের ওপর নিষেধাজ্ঞা আরোপেরও ব্যাপারেও প্রস্তাব উঠে গিয়েছিল।২০০৮ সালের বেইজিং অলিম্পিকে নারী প্রতিযোগী পাঠায়নি কেবল তিনটি দেশ—কাতার, সৌদি আরব ও ব্রুনেই। এবার কাতার ও ব্রুনেইও সব রক্ষণশীলতা ঝেড়ে ফেলে মেয়েদের অলিম্পিকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বেঁকে বসেছে কেবল সৌদি আরব। আইওসি ভেবেছিল, মেয়েদের অংশগ্রহণের দিক দিয়ে লন্ডন অলিম্পিকটিকে স্মরণীয় করে রাখা যাবে। কিন্তু কেবল একটি দেশের বিরোধিতার একেবারেই মেনে নিতে পারছে না তারা। একই সঙ্গে সৌদি আরবের এ মনোভাবের প্রতিবাদও জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।মানবাধিকার সংস্থাগুলো আইওসির সভাপতি জ্যাকুয়েস রোগেকে চাপ দিয়েছেন সৌদি আরবের অলিম্পিকে অংশগ্রহণের ব্যাপারে নিষেধাজ্ঞা জারির জন্য। কিন্তু সে সম্ভাবনা নাকচ করে দিয়েছেন জ্যাকুয়েস। তাঁর আশা, দেশটির অলিম্পিক কমিটি হয়তো তাদের সিদ্ধান্ত বদলাবে। তিনি বলেছেন, ‘আমরা তাদের সঙ্গে ক্রমাগত আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছি। আর তাদের নারী অ্যাথলেটরা প্রস্তুতিও নিচ্ছে। আশা করি তারা অলিম্পিক শুরু হওয়ার আগে সময়মতোই আমাদের সঙ্গে যোগ দেবে।’হিউম্যান রাইটস ওয়াচের মধ্যপ্রাচ্য শাখার পরিচালক সারাহ লিহ হুইটসন বলেছেন, ‘নারীদের ক্রীড়া অনুষ্ঠান থেকে বঞ্চিত রাখা একমাত্র দেশ সৌদি আরব। সৌদি সরকারের এ অবস্থানকে খুব ভালোমতো নিরীক্ষা করা দরকার অলিম্পিক পরিবারের। নারীদের প্রতি এই বৈষম্যমূলক পরিস্থিতির অবসান ঘটানো দরকার সৌদি আরবের।’—মেইল অনলাইন