ইতিহাস গড়তে যাচ্ছেন গ্রায়েম স্মিথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট জগতকে নতুন একটি মাইলফলকের সঙ্গে পরিচয় করিয়ে দিতে যাচ্ছেন গ্রায়েম স্মিথ। টেস্ট ক্রিকেট ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে অধিনায়কত্বের সেঞ্চুরি করতে চলেছেন দক্ষিণ আফ্রিকার এই দলনেতা। ১০০টি টেস্টে দলকে নেতৃত্ব দেওয়ার অনন্য কীর্তিটি স্মিথ করতে পারবেন নিজের ৩২তম জন্মদিনে। কাল শুক্রবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস করতে নামলেই ক্রিকেট ইতিহাসে জায়গা করে নেবে গ্রায়েম স্মিথের নতুন এই মাইলফলকটি।২০০২ সালে নিজের ২১তম জন্মদিনে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল গ্রায়েম স্মিথের। মাত্র আটটি টেস্ট খেলার অভিজ্ঞতা নিয়েই দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়কত্বের গুরুদায়িত্বটি কাঁধে নিয়েছিলেন এই বামহাতি ব্যাটসম্যান। সে সময় নানা সমালোচনার মুখেও পড়তে হয়েছিল স্মিথকে। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজের যোগ্যতা বেশ ভালোভাবেই প্রমাণ করেছেন তিনি। অধিনায়ক হিসেবে জীবনের প্রথম ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে ইনিংস ও ৬০ রানের বড় ব্যবধানের জয় পেয়েছিলেন স্মিথ। এখন পর্যন্ত ৯৯টি ম্যাচে তাঁর নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা জয় পেয়েছে ৪৭টিতে। হারের স্বাদ পেয়েছে ২৬ ম্যাচে, ড্র হয়েছে ২৬টি। তরুণ অবস্থায় অধিনায়কত্বের দায়িত্বটা সামলাতে যে বেশ কষ্ট করতে হয়েছে, সেটা স্বীকার করে নিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাত্কারে স্মিথ বলেছেন, ‘শুরুর দিকে আমি মনে করতাম অধিনায়কত্বটা শুধু মাঠেরই ব্যাপার। কিন্তু এর পেছনেও যে দল নির্বাচন, রাজনীতি ইত্যাদি ব্যাপার জড়িয়ে থাকে, সে সম্পর্কে আমার ধারণা প্রায় ছিলই না।’ শুরুর দিকে খানিকটা সমস্যায় পড়লেও যোগ্যতার প্রমাণ দিয়ে নিজেকে টেস্ট ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন স্মিথ। তাঁর নেতৃত্বে ভর করেই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে টানা দুটি টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল প্রোটিয়ারা। দখল করেছিল আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি।গ্রায়েম স্মিথের এই মাইলফলকটি যে আরও বেশ কিছুদিন ক্রিকেট অঙ্গনে একক কীর্তি হয়েই থাকবে, সেটা নিঃসন্দেহেই বলা যায়। কারণ, এখনো খেলে যাচ্ছেন এমন খেলোয়াড়দের মধ্যে স্মিথের সবচেয়ে কাছাকাছি পর্যায়ে আছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু তাঁর সঙ্গে স্মিথের ব্যবধানটা অর্ধেকেরও বেশি। ধোনি ভারতের অধিনায়ক হিসেবে মাঠে নেমেছেন ৪৩টি টেস্টে। আর স্মিথের পরে সর্বোচ্চ ম্যাচে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন অ্যালান বোর্ডার। ৯৩টি ম্যাচে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে মাঠে নেমেছিলেন সাবেক এই ক্রিকেটার।— রয়টার্স ও ক্রিকইনফো