>মহান মুক্তিযুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর ১৯৭১, বিশ্ব মানচিত্রে জন্ম নেয় নতুন এক দেশ বাংলাদেশ। হাতে বন্দুক নিয়ে নয়, স্বাধীন বাংলা ফুটবল দল গড়ে মুক্তিযুদ্ধে লড়েছিলেন এ দেশের ফুটবলাররা। স্বাধীনতার ৪৫ বছর পর ইতিহাসে জায়গা করে নেওয়া স্বাধীন বাংলা ফুটবল দলকে নিয়ে শুক্রবারের ‘স্টেডিয়াম’-এর বিশেষ আয়োজন—
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল পৃথিবীর মানুষের কাছে এক বিস্ময়। সশস্ত্র যুদ্ধ প্রতিটি স্বাধীনতার জন্যই অনিবার্য। এ ক্ষেত্রে মোটেও পিছিয়ে ছিলেন না বাংলার দামাল সন্তানেরা। তাঁদের সাহস, তাঁদের বীরত্ব, তাঁদের আত্মত্যাগ অমলিন হয়ে আছে। পাশাপাশি স্বাধীনতার জন্য বাংলাদেশের মুক্তিকামী মানুষ যা করেছেন, তারও কোনো তুলনা হয় না। কেউ কলম তুলে নিয়েছেন। কেউ গান গেয়েছেন। কেউ কূটনৈতিক তৎপরতা চালিয়েছেন। তবে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন ফুটবলাররা। মুক্তিযুদ্ধের সপক্ষে জনমত ও তহবিল গড়ে তোলার জন্য ভারতের মাটিতে স্বাধীন বাংলা ফুটবল দল যা করেছে, তা ব্যতিক্রমধর্মী ও অবিশ্বাস্য। যখন পাকিস্তানি হানাদার সৈন্যদের তাণ্ডবে পুরো দেশ তছনছ হয়ে পড়ে, মানুষ ছুটতে থাকেন বনপোড়া হরিণীর মতো, সেই বেসামাল পরিস্থিতিতে শরণার্থী হয়ে বিদেশের মাটিতে একটি ফুটবল দল গড়ে তুলে বিভিন্ন স্থানে ম্যাচ খেলাটা মোটেও সহজ ছিল না। স্বীকৃতিহীন একটি ছন্নছাড়া দেশের পক্ষে চাইলেও কোনো ফুটবল ম্যাচ খেলা সম্ভব ছিল না। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ফুটবলার ও ছাত্রনেতা সাইদুর রহমান প্যাটেল, ফুটবলার আলী ইমাম, আওয়ামী লীগের নেতা মো. সামছুল হক এমএনএ, লুৎফর রহমান প্রমুখ।
১৯৭১ সালের ১৩ জুন মুজিবনগর সরকারের সহযোগিতায় কলকাতায় গঠন করা হয় বাংলাদেশ ক্রীড়া সমিতি। সামছুল হককে সভাপতি ও লুৎফর রহমানকে সম্পাদক করে গঠিত কমিটির মুখ্য উদ্দেশ্য ছিল ১. স্বাধীনতার সপক্ষে বিশ্ব জনমত গড়া, ২. তহবিল সংগ্রহ ও ৩. পরিস্থিতি স্বাভাবিক দেখাতে পাকিস্তান সরকার ঢাকায় কোনো টুর্নামেন্ট যেন আয়োজন না করতে পারে। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ বাড়িয়ে দেন সর্বাত্মক সহযোগিতার হাত। এ জন্য তুলে দেন ১৪ হাজার রুপি। প্রথমে ফুটবল দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হলেও পর্যায়ক্রমে অন্যান্য খেলা আয়োজনেরও পরিকল্পনা ছিল। অনেক দেনদরবারের পর পাওয়া যায় ভারত সরকারের অনুমোদনও। ফুটবলারদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয় কারনানি এস্টেট বিল্ডিংয়ে (কোকাকোলা ম্যানশন)। প্রাথমিকভাবে ভারতে অবস্থানরত বাংলাদেশের ফুটবলারদের নিয়ে দল গঠনের উদ্যোগ নেওয়া হয়। এ দল গঠনের কথা জানতে পেরে অনেকেই ছুটে আসেন।
প্রথম ম্যাচটি খুব ঘটা করে কিংবা গুরুত্বপূর্ণ দলের সঙ্গে খেলতে হবে, এমন ভাবনা ছিল না। সে মুহূর্তে যারা প্রথমে সাড়া দিয়েছে, তাদের সঙ্গেই পর্যায়ক্রমে খেলা হয়। খেলা শুরু করতে পারাটাই ছিল প্রাথমিক লক্ষ্য। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল নদীয়া জেলা একাদশ। ম্যাচটি ২৫ জুলাই অনুষ্ঠিত হয় কৃষ্ণনগরে। কোনো দেশের মুক্তিসংগ্রামে ফুটবল খেলা যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, সেদিনের আগে দেখা যায়নি। ম্যাচ শুরুর আগে বাংলাদেশ দল ভারতের পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত বাজানোর অনুরোধ জানায়। বাংলাদেশ যেহেতু স্বীকৃত দেশ নয়, এ কারণে স্থানীয় প্রশাসন এ ব্যাপারে অপারগতা প্রকাশ করে। শেষ অবধি বাংলাদেশ দল ও দর্শকদের দাবির মুখে তারা সম্মতি দেয়। আর এ ক্ষেত্রে দায়িত্ব নেন নদীয়ার জেলা প্রশাসক ডি কে ঘোষ। সে দিনটি ঐতিহাসিক এক দিন। স্বাধীন দেশ না হয়েও ভারতের মাটিতে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং বাজানো হয় জাতীয় সংগীত। এ ঘটনা যুদ্ধরত বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের দারুণভাবে অনুপ্রাণিত করে।
দ্বিতীয় ম্যাচটি কলকাতায় আয়োজিত হওয়ায় বিপুলভাবে সাড়া পড়ে। প্রতিপক্ষ মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব আইনগত জটিলতার কারণে খেলেছে ‘গোষ্ঠপাল একাদশ’ নামে। বাংলাদেশ যেহেতু স্বাধীন রাষ্ট্র নয় ও আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার স্বীকৃত নয়, এ কারণে তাদের সঙ্গে নিয়মমাফিক খেলার সুযোগ ছিল না। এ ম্যাচকে কেন্দ্র করে পত্রপত্রিকায় ব্যাপক কভারেজ দেওয়া হয়। গোষ্ঠপাল একাদশের অধিনায়ক ছিলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক চুনী গোস্বামী। ম্যাচে প্রধান অতিথি ছিলেন কিংবদন্তি ফুটবলার গোষ্ঠপাল। এরপর ভারতের বিভিন্ন স্থানে স্বাধীন বাংলা ফুটবল দল খেলায় অংশ নেয়। মুম্বাই সফরটিও বেশ আলোচিত হয়। মুম্বাই দলের হয়ে খেলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মনসুর আলী খান পতৌদি। উপস্থিত ছিলেন বলিউড কাঁপানো অভিনেতারা। সর্বত্র অভিনন্দিত হলেও কোথাও কোথাও প্রতিকূল অবস্থায় পড়তে হয় বাংলাদেশ দলকে। এমনকি হামলারও শিকার হতে হয়।
আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের অবস্থান হয়তো গৌরব করার মতো নয়। তবে স্বাধীন বাংলা ফুটবল দল যে ইতিহাস গড়েছে, তা নিয়ে অবশ্যই গর্ব করা যায়। বাংলাদেশের ভাষা আন্দোলনকে ইউনেসকো যে কারণে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি দিয়েছে, একইভাবে স্বাধীন বাংলা ফুটবল দলের অবদানের কথা ফিফাকে যথাযথভাবে অবহিত করা হলে এ দলটিও স্বীকৃতি পেতে পারে। তাহলে তাবৎ দুনিয়া জানতে পারবে বাংলাদেশের ফুটবলের উজ্জ্বল এক অধ্যায়ের কথা।
লেখক: সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও সম্পাদক, পাক্ষিক ক্রীড়া জগত