ইতিহাস গড়া মেসি বললেন ইতিহাস গড়ুক বার্সাও

বয়স মাত্র ২৬। অথচ এই বয়সেই ইতিহাসের পৃষ্ঠার পর পৃষ্ঠায় নিজের নাম ছড়িয়ে দিচ্ছেন। মাত্রই কদিন আগে বার্সেলোনার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হলেন। লা লিগার ইতিহাসেই সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে ছুটছেন লিওনেল মেসি। আর একটি গোল করলেই সর্বোচ্চ গোলদাতার তালিকায় দুইয়ে থাকা হুগো সানচেজকে ছুঁয়ে ফেলবেন। স্প্যানিশ লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হতে চাই আর ১৯টি গোল।
গত ম্যাচে হ্যাটট্রিক দিয়ে বার্সার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার কীর্তি গড়া মেসি বরাবরের মতোই বিনয়ী। নিজের কৃতিত্ব নিয়ে তিনি উচ্ছ্বসিত নন। বলছেন, নিজের ইতিহাস গড়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ দল হিসেবে বার্সার ইতিহাস গড়ে চলা। বার্সা টিভিকে দেওয়া সাক্ষাত্কারে মেসি বলেছেন, ‘গুরুত্বপূর্ণ হলো দলের ইতিহাস গড়ে চলাটাই। এই দলের খেলোয়াড়েরা সম্ভাব্য সবকিছুই জিতেছে। সামনেও আরও গুরুত্বপূর্ণ কিছু জেতার যোগ্য তারা। এই অসাধারণ ক্লাবটির ইতিহাসের অংশ হতে পারাটা বিরাট সম্মানের।’
লিগে তিন ম্যাচের দুটোতে হেরে ভীষণ সমালোচনার মুখে পড়েছিল বার্সা। শুধু তা-ই নয়, পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদকে সুবিধাজনক অবস্থায় উঠে যেতে সাহায্যও করেছে রিয়াল সোসিয়েদাদ ও রিয়াল ভ্যালাদোলিদের কাছে বার্সার এই দুই পরাজয়। অবশ্য ২৩ মার্চের এল ক্লাসিকো জিতলে বার্সার শিরোপা ধরে রাখার স্বপ্ন আবার উজ্জ্বল হবে। যদিও সেই ম্যাচটি গিয়ে খেলতে হবে রিয়ালের মাঠে।
এখন সেই ম্যাচের দিকে তাকিয়ে আছেন মেসিও। গত ম্যাচে ওসাসুনাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে বার্সা আবার স্বরূপে ফিরেছে বলেও মনে করেন আর্জেন্টাইন জাদুকর, ‘ভ্যালোদোলিদের ম্যাচটার পর আমরা কঠোর সমালোচনার মুখে পড়েছিলাম। তবে সবকিছু যে ঠিকঠাক মতো হচ্ছে না, এটা আমাদের চেয়ে ভালো আর কে বোঝে। লিগ জিততে চাইলে আমাদের বাকি সব ম্যাচই জিততে হবে। আমরা এখনো সেটার দিকেই তাকিয়ে আছি। আশা করি পরের ম্যাচে আমরা ভালো খেলাই উপহার দিয়ে লড়াইটা জিইয়ে রাখব। মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমানোর এটা ভালো সুযোগ। তবে কাজটা কঠিন হবে। কারণ আমরা ওদের মাঠে গিয়ে খেলব, আর ওরাই অসাধারণ একটা দল। তবে আমরা লড়াই চালিয়ে যাব।’