ইতিহাস গড়ার অপেক্ষায় বরুসিয়া
১৯৯৬-৯৭ মৌসুমে প্রথম ও শেষবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছিল বরুসিয়া ডর্টমুন্ড। সেবার শিরোপা জয়ের স্বাদও পেয়েছিল এই জার্মান ক্লাবটি। দীর্ঘ ১৬ বছর পর আবারও তেমনি এক মুহূর্তের সামনে দাঁড়িয়ে আছে বরুসিয়া। বার্নাব্যুতে আজ সেমিফাইনালের দ্বিতীয় পর্বেই ইতিহাস গড়ার পথটা পরিষ্কার করে ফেলতে চান বরুসিয়ার কোচ ইয়ুর্গেন ক্লপ। দ্বিতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করে নিজেদের ঠাঁই দিতে চান ইতিহাসের পাতায়।সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৪-১ গোলের বড় ব্যবধানের জয় পেয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। নিজেদের মাঠে দুর্দান্ত এই জয় দিয়ে ফাইনালে যাওয়ার কাজটাও অনেকখানি এগিয়ে রেখেছেন ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। এবার অপেক্ষা বার্নাব্যুতে দ্বিতীয় লেগের খেলার জন্য। আজকের এ দ্বিতীয় লেগের ম্যাচে ফুটবলপ্রেমীরা ইতিহাস গড়ার মুহূর্তটি উপভোগ করবেন বলে মন্তব্য করেছেন বরুসিয়া ডর্টমুন্ডের কোচ ক্লপ। তিনি বলেছেন, ‘আমরা জানি, ফুটবলে যেকোনো কিছুই ঘটতে পারে। তবে যা-ই ঘটুক, সেটা হবে একটা ইতিহাস গড়া মুহূর্ত। আমরা যদি ফাইনালে যেতে পারি, তাহলে সেটাও যেমন ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে বিবেচিত হবে, তেমনি রিয়াল মাদ্রিদ যদি ফাইনালে চলে যায়, তাহলে সেটাও হবে একটা ঐতিহাসিক মুহূর্ত।’প্রথম লেগে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকেও রিয়াল মাদ্রিদের ফাইনালে যাওয়ার একেবারে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ইয়ুর্গেন ক্লপ। তবে শিষ্যদের সামর্থ্যের ওপরও পূর্ণ আস্থা আছে এই জার্মান কোচের। আজকের ম্যাচটিতেও যে সর্বশক্তি দিয়ে খেলতে হবে—সে কথাই শুধু শিষ্যদের স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। বলেছেন, ‘আমার খেলোয়াড়েরা ব্যর্থ হতে পারেন না। তবে কোনো সন্দেহ নেই যে তাঁদের নিজেদের সেরা পারফরমেন্সটাই দেখাতে হবে। আমরা এ রকম ধরে নিইনি যে, আমাদের ফাইনাল নিশ্চিত। আমরা এখনো সেখানে পৌঁছাইনি। কিন্তু এটার জন্য আমাদের সর্বাত্মক লড়াইটা চালাতে হবে।’ ওয়েবসাইট।