ইতিহাস গড়ার আনন্দ

ডাগ-আউটে তাঁকে মনে হয় আতঙ্কগ্রস্ত একজন মানুষ। আতঙ্কিত চাহনি, চেহারায় আতঙ্কের ছাপ, আতঙ্কগ্রস্তের মতো ছুটোছুটি। পরশু প্যালাসিও যখন হেডে সহজতম গোলের সুযোগটি মিস করলেন, হতাশায় নুইয়ে ডাগ-আউটে একজনের ওপর এমনভাবে পড়ে গেলেন, যেন ওই মিসেই দুনিয়ার শেষ। কখনো কখনো তাঁকে দেখে মনে হয় যেন কেঁদে ফেলবেন এখনই। পরশু সত্যিই কাঁদলেন আলেসান্দ্রো সাবেলা। তবে এই কান্নার জন্যই ছিল যে অনন্ত অপেক্ষা!
সাবেলার চোখে পানি, মুখে হাসি। স্বপ্নের ফাইনালে আর্জেন্টিনা। তাঁর ভাষায়, ‘ইতিহাস গড়েছে’ দল। এত এত মানুষের ভালো লাগা মিশে আছে যে আর্জেন্টাইন কোচের উচ্ছ্বাস বাঁধনহারা, ‘অনেক অনেক কারণে আমি খুশি। অনেকের জন্য খুশি। আমার ফুটবলারদের জন্য খুশি, পুরো সাপোর্ট স্টাফের জন্য খুশি, আর্জেন্টিনার প্রতিটি মানুষের জন্য খুশি, আমার পরিবার, দলের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত ছিলেন বা আছেন, আমাকে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করেছেন, সবার জন্য খুশি। আমরা ইতিহাস গড়েছি, আমরা ফাইনালে!’
এই ইতিহাস গড়ায় তিনি ‘আনসাং হিরো।’ লিওনেল মেসির তিনটি জাদুকরি মুহূর্ত, অ্যাঙ্গেল ডি মারিয়ার নিখুঁত ফিনিশিং, গঞ্জালো হিগুয়েইনের দুর্দান্ত গোল আর সার্জিও রোমেরোর টাইব্রেকার-বীরত্ব—একেকটি ধাপ পার হয়ে আর্জেন্টিনা এখন স্বপ্নের ফাইনালের ঠিকানায়।গ্রুপপর্বের নায়ক মেসি, পরের তিন ম্যাচে তিনজন। কিন্তু গোটা টুর্নামেন্টের নায়ক কিন্তু ডাগ-আউটের ওই আতঙ্কিত মানুষটিই।নেপথ্য নায়কও বলতে পারেন। স্কলারি-দেল বস্কদের মতো হাইপ্রোফাইল নন তিনি, লো-ফন গালদের মতো মাস্টার ট্যাকটিশিয়ান হিসেবেও খ্যাতি নেই।কিন্তু আর্জেন্টিনার যা প্রয়োজন, তিনি ঠিক তা-ই! অন্তত এই টুর্নামেন্টের পারফরম্যান্সে তো বলতেই হবে।২০০২ বিশ্বকাপের মার্সেলো বিয়েলসা, ২০০৬ সালে হোসে পেকারম্যান বা গত বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার দলের মতো তারকাবহুল নয় এই দল। কিন্তু সাবেলার এই দলই দুই যুগ পর ফাইনালে তুলে এনেছে আর্জেন্টিনাকে।
তবে সাবেলার সব কৃতিত্ব দিলেন তাঁর শিষ্যদেরই, ‘আমার ফুটবলারদের পেশাদারিতে আমি মুগ্ধ। ম্যাচের পর ম্যাচ চোয়ালবদ্ধ লড়েছে ওরা।আজকেই (পরশু) যেমন এক মুহূর্তের জন্য হাল ছাড়েনি, নিজেদের উজাড় করে দিয়েছে সবাই। শেষ ঘামের বিন্দু পর্যন্ত লড়ে গেছে।’ সবার মধ্যেও আলাদা করে বললেন হাভিয়ের মাচেরানোর কথা, ‘মাচেরানো এই দলের ধারাবাহিকতার প্রতীক, হার না-মানা মানসিকতার প্রতীক। অনেক বড় দায়িত্ব কাঁধে বয়ে এগিয়ে যাচ্ছে। অসাধারণ এক ফুটবলার।’
শেষ পর্যন্ত পরশুর ম্যাচটি আর্জেন্টিনা জিতেছে টাইব্রেকারে। তবে সাবেলার মতে, জয়টা প্রাপ্য ছিল তাদেরই, ‘দুদলই ছিল সমানে সমান, ব্যালান্সড ম্যাচ হয়েছে। তবে গোল করার পরিষ্কার সুযোগ আমরাই বেশি পেয়েছি। জয়টা তাই আমাদের প্রাপ্যই ছিল।’ ফিফাডটকম, গোলডটকম, ইয়াহু স্পোর্টস।