ইতিহাস গড়ার আনন্দে কলিংউড
টি-টোয়েন্টি ক্রিকেটের শুরু ২০০৫ সালে। বিশ্ব ক্রিকেটে একে এক বিপ্লবই বলা চলে। এই বিপ্লবে সত্যিই এক দুর্দমনীয় দলে পরিণত হতে চলেছে টি-টোয়েন্টি ক্রিকেটের জনক ইংল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জয় দিয়ে শুরু, গতকাল অ্যাডিলেড ওভালে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে এক উইকেটে হারিয়ে তারা এমন এক জায়গায় নিজেদের নিয়ে গেছে, যেখানে যাওয়ার স্বপ্ন এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের সত্যিই এক আরাধনার বিষয়। পরপর আটটি ম্যাচে জয় নিয়ে ইংল্যান্ড এক নতুন রেকর্ডই গড়ে ফেলেছে। বিশ্ব ক্রিকেটের আর কোনো দলই টি-টোয়েন্টি বিভাগে এতটা ঈর্ষণীয় সাফল্য পায়নি।ব্যাপারটি সত্যিই আত্মতৃপ্তি জোগাচ্ছে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলপতি পল কলিংউডকে। ‘এটা সত্যিই বিরাট কিছু’, কলিংউডের অভিমত। তিনি বলেছেন, ‘আমরা একটা বিশ্ব রেকর্ডের মালিক। ব্যাপারটিতে সবাই খুশি। আমরা সব সময়ই চেয়েছি ইতিহাস গড়তে। আর টি-টোয়েন্টি ক্রিকেটের মতো অনিশ্চিত একটি খেলায় পরপর আটটি জয় অবশ্যই ইতিহাস গড়ার মতোই একটি ব্যাপার।’অস্ট্রেলিয়ার বিপক্ষে এক উইকেটে জয় বিশেষ কিছুই মনে হচ্ছে কলিংউডের। ‘আরেকটু হলে আমাদের স্বপ্নযাত্রা থামিয়ে দিচ্ছিল শেন ওয়াটসন। কিন্তু দিনের শেষে ভালো খেলে যোগ্যতর দল হিসেবেই আমরা ম্যাচটি জিতেছি।’টি-টোয়েন্টি ক্রিকেটে পরপর আটটি ম্যাচে জয় বিশ্বের যেকোনো দেশের জন্যই কঠিন এক ব্যাপার হিসেবে মনে করেন কলিংউড। তিনি বলেন, ‘ইংল্যান্ড এই সাফল্য পেয়েছে। আমার মনে হয়, অদূর ভবিষ্যতে অন্য টেস্ট দলগুলোর এই সাফল্য ছোঁয়া কঠিন হবে।’অভিষিক্ত বোলার ওয়াকসকে ব্যাটিং অর্ডারে ওপরে পাঠানো এক সুচিন্তিত অথচ সাহসী সিদ্ধান্ত ছিল বলে জানিয়েছেন কলিংউড। সেই সঙ্গে এও জানিয়েছেন, পুরো আইডিয়াটিই কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের মাথা থেকে এসেছে।‘অ্যান্ডি সিদ্ধান্তটি নেওয়ার পরে বললেন, ওয়াকস খুব ভালো ব্যাট করে।’ ওয়াকসকে ওপরে তোলায় গ্রায়েম সোয়ান কিছুটা মনক্ষুণ্ন হয়েছিল, ব্যাপারটি আমরা বুঝেছি। কিন্তু ওয়াকস যখন শন টেইটকে সেই ছক্কাটি মারল, তখন সোয়ান মাথা থেকে ক্যাপটি খুলে অ্যান্ডিকে অভিবাদন জানায় তাঁর সিদ্ধান্তের জন্য। সত্যিই ভবিষ্যতে একজন ভালো অলরাউন্ডার হওয়ার সব গুণাবলিই ওয়াকসের রয়েছে।’ জানালেন কলিংউড।অস্ট্রেলিয়ার বিপক্ষে এক দারুণ জয়ের পর অস্ট্রেলিয়ার বন্যাদুর্গত মানুষের জন্য মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আরও একটি আত্মতুষ্টির দৃষ্টান্ত যে ইংলিশ খেলোয়াড়েরা স্থাপন করেছেন, সেটাও জানাতে ভোলেননি কলিংউড। দ্য টেলিগ্রাফ।