ইতিহাস গড়ার পথে শারাপোভা
অলিম্পিকের মতো খেলাধুলার তীর্থ-আসরে খেলার স্বপ্নটা গতবার কেড়ে নিয়েছিল কাঁধের চোট। তবে এবার লন্ডন অলিম্পিকে খেলবেন মারিয়া শারাপোভা। অলিম্পিকে খেলার স্বপ্ন তো পূরণ হচ্ছেই, সেই সঙ্গে ইতিহাসও গড়তে চলেছেন। অলিম্পিকে রাশিয়ার পতাকাবাহক হবেন তিনি। এই প্রথম রাশিয়ার কোনো নারী অ্যাথলেট অলিম্পিকে পাচ্ছেন পতাকা বহনের মতো সম্মানজনক দায়িত্ব। এ বছর ফ্রেঞ্চ ওপেন জিতে ক্যারিয়ার স্লাম পূর্ণ করেছেন এই রুশ তারকা। এই সম্মান রাশিয়ার পক্ষ থেকে তাঁরই পুরস্কার।১৯৫২ সালে হেলিসিংকি অলিম্পিকে প্রথম অংশ নেয় সোভিয়েত ইউনিয়ন। তখন থেকে অলিম্পিকে নিজ দেশের পতাকা বইবার দায়িত্বটা বরাবরই কোনো পুরুষ অ্যাথলেটই পালন করেছেন। আলেকজান্ডার কারেলিনের মতো কুস্তিগীর ও আলেকজান্ডার পোপভের মতো অলিম্পিকজয়ী সাঁতারুরা এর আগে এই সম্মান পেয়েছিলেন। এবার শারাপোভাকে দায়িত্বটা দিয়ে যেন দিনবদলেরই জয়গান গাইল রাশিয়া। প্রথমবার খেলতে এসেই এমন ইতিহাস গড়ে ফেলবেন, শারাপোভার সুদূরতম কল্পনাতেও বোধহয় এটা ছিল না। রয়টার্স।