ইতিহাস গড়ায় স্পেনের বাধা ইতালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলের বড় প্রতিযোগিতায় ইতালির বিপক্ষে কখনোই সরাসরি জয় পায়নি স্পেন। তবে জয়টা সরাসরি এল নাকি অন্যভাবে এল—তা নিয়ে একেবারেই চিন্তা করছে না ‘লা রোজা’রা। যেকোনোভাবেই আজ কিয়েভে ইতালিকে হারাতে চায় স্পেন।স্পেন জানে, আজ জিতলেই ফুটবল ইতিহাসের সেরা দলগুলোর তালিকায় নিজেদের নাম উঠে যাবে। তবে একই সঙ্গে আরও একটি বিষয়ে ওয়াকিবহাল তারা—ইউরোর ফাইনালে ইতালির বিপক্ষে জিততে হলে যথেষ্ট ঘাম ঝরাতে হবে তাদের। তবে জয়টা যেভাবেই আসুক, জিতলেই ফুটবল ইতিহাসের প্রথম দল হিসেবে টানা তিনটি বড় প্রতিযোগিতার শিরোপা যাবে স্প্যানিশদের ঘরে। গত বিশ্বকাপে স্পেনের শুরুটা একেবারেই ভালো ছিল না। সুইজারল্যান্ডের সঙ্গে এক গোলে হেরে যাওয়ার পর ভিসেন্তে দেল বস্কের ছেলেরা সর্বশেষ ১৯টি আন্তর্জাতিক ম্যাচের ১৭টিতেই জয় পেয়েছে। আর একটি জয় পেলেই তিনটি ইউরো জয়ে জার্মানির এক কৃতিত্বে ভাগ বসাতে পারবে তারা। টানা তিনটি বড় প্রতিযোগিতা জয়ের সেই গৌরব তো সঙ্গে থাকছেই। স্পেনের সুন্দর ফুটবল ২০০৮-এর ইউরো এবং ২০১০-এর বিশ্বকাপের মতো অতটা মন ভরাতে পারেনি ফুটবলামোদীদের; বরং আজকের ম্যাচে প্রতিপক্ষ ইতালিকে খালি চোখে দেখতে অনেক বেশি আক্রমণাত্মক মনে হচ্ছে। চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা সর্বশেষ ১৯টি ম্যাচে যে মাত্র দুটিতে হেরেছে! ইউরোয় তাদের ফাইনালে উঠে আসাটাই বরং অনেক বেশি নান্দনিক ও মেজাজি। দলটিতে রয়েছে রক্ষণের ঠাস বুনট, মধ্যমাঠের অপূর্ব গতি আর আক্রমণের উন্মত্ততা।মারিও বালোতেল্লির কথা ডেভিড সিলভা দেল বস্ককে বলে থাকতে পারেন। সিলভার ম্যানচেস্টার সিটি সতীর্থ বালোতেল্লির প্রতিভা কতটুকু সেটা হাড়ে হাড়ে টের পেয়েছে জার্মানরা। জার্মানির বিপক্ষে জ্বলে ওঠার পর বালোতেল্লি মুখিয়ে থাকবেন আজকের মহারণের পর নিজেকে অমর করে রাখতে।খেলাটা না জমে পারেই না ! রয়টার্স।