ইতিহাস গড়ে সমাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য এক ক্যারিয়ারের সমাপ্তি হলো ইতিহাস গড়ে। কিংবদন্তি হয়ে গিয়েছিলেন আগেই। ক্যারিয়ারের শেষ লড়াই জিতে পরশু ‘স্যার’ ক্রিস হয় নিজেকে নিয়ে গেলেন অনন্য এক উচ্চতায়। ৬ সোনা জিতে সর্বকালের সেরা ব্রিটিশ অলিম্পিয়ান এখন ৩৬ বছর বয়সী এই সাইক্লিস্ট, ছাড়িয়ে গেলেন ৫ সোনাজয়ী রোয়ার স্যার স্টিভ রেডগ্রেভকে।গত বৃহস্পতিবার বিশ্ব রেকর্ড গড়ে টিম স্প্রিন্টের সোনা জিতে ছুঁয়েছিলেন রেডগ্রেভকে। পরশু ছাড়িয়ে গেলেন কিরিনে সোনা জিতে। একটা জায়গায় অবশ্য রেডগ্রেভ অনন্য। ৫টি সোনা জিতেছিলেন তিনি টানা পাঁচ অলিম্পিকে। ক্রিস হয়ের ৬ সোনা এল ৩টি অলিম্পিকে। শুরুটা কিন্তু শেষের মতো এত বর্ণাঢ্য ছিল না। ২০০০ সালে সিডনিতে রুপা পেয়েছিলেন টিম স্প্রিন্টে। এথেন্সে ১ কিমি টাইম ট্রায়ালে সোনা। সর্বকালের সেরাদের তালিকায় ঢুকে গেলেন বেইজিংয়ে। ১০০ বছরের মধ্যে প্রথম ব্রিটিশ হিসেবে জিতেছিলেন এক অলিম্পিকে ৩টি সোনা। এবারের ২টি সোনা তাঁকে তুলে দিল চূড়ায়।দীর্ঘদিনের ভালোবাসা সাইক্লিংকে বিদায় জানানোর যন্ত্রণা, আবার ইতিহাস গড়ে গৌরবময় সমাপ্তির তৃপ্তি—আনন্দ-বেদনার যুগলবন্দী দেখল পরশু লন্ডন ভেলোপার্ক। চোখে জল আর মুখে হাসি নিয়ে হয় জানালেন তৃপ্তির কথা, ‘নিজের কীর্তি আমারই বিশ্বাস হচ্ছে না। নিজেকে দারুণভাবে গড়ে তোলার চেষ্টা তো করেছিই, তবে যা হলো সেটা স্রেফ অবাস্তব। আমার অলিম্পিক ক্যারিয়ারের একদম নিখুঁত সমাপ্তি।’খেলোয়াড়ি জীবনে খেতাব-সম্মান কম পাননি। এমবিই পেয়েছেন সেই ২০০৫ সালেই। ২০০৮ সালে স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের বিচারে ব্রিটেনের বর্ষসেরা, একই বছর বিবিসির বর্ষসেরা। ২০০৯ সালে ক্রীড়ায় অবদানের জন্য পান ‘নাইটহুড।’ সম্মানসূচক ডক্টরেট পেয়েছেন ইউনিভার্সিটি অব এডিনবরা (২০০৫) ও ইউনিভার্সিটি অব সেন্ট অ্যান্ড্রুজ থেকে। নিজ দেশ স্কটল্যান্ডের গ্লাসগোতে আগামী কমনওয়েলথ গেমসের (২০১৪) জন্য যে ভেলোড্রাম বানানো হচ্ছে, সেটির নাম স্যার ক্রিস হয় ভেলোড্রাম। খেলোয়াড়ি জীবনেই নিজের নামে স্টেডিয়াম দেখার সৌভাগ্য কজনেরই বা হয়েছে!তবে কঠোর পরিশ্রম, ত্যাগ-তিতিক্ষা, দৃঢ়প্রতিজ্ঞা দিয়ে গড়া অসাধারণ ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি বুঝি এটাই—‘ব্রিটেনের সর্বকালের সেরা অলিম্পিয়ান!’ এএফপি, ওয়েবসাইট।