ইতিহাস গড়ে সিরিজ জয় শ্রীলঙ্কার
অবশেষে দুঃখ ঘুচল শ্রীলঙ্কার। দীর্ঘ ক্রিকেট ইতিহাসে অনেক কিছুই পেয়েছেন লঙ্কানরা। কিন্তু হতাশা ছিল অস্ট্রেলিয়ার মাটি থেকে সিরিজ জয় করতে না পারার। সেই হতাশা আর পোড়াবে না তাঁদের। সিডনিতে আজ অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে অসিদের ২৯ রানে হারিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বাদ নিয়েছে শ্রীলঙ্কা। অন্যদিকে টানা সাত ম্যাচ হারের লজ্জায় ডুবেছে অস্ট্রেলিয়া।বৃষ্টির কারণে কয়েক দফা ম্যাচের পরিধি কমিয়ে আনা হয়। বেঁধে দেওয়া ৪১.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১৩ রান তোলে শ্রীলঙ্কা। ৮৬ রানে অপরাজিত থাকেন উদ্বোধনী ব্যাটসম্যান উপুল থারাঙ্গা। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান দিলশান করেন ৪৭ রান। অধিনায়ক কুমার সাঙ্গাকারা দলীয় সংগ্রহে যোগ করেন ৪৫ রান।ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে অস্ট্রেলিয়ার জয়ের জন্য লক্ষ্য নির্ধারিত হয় ৩৮ ওভারে ২৪০ রান। কিন্তু দুই বল বাকি থাকতে মাত্র ২১০ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন শেন ওয়াটসন। এ ছাড়া হোয়াইট ৩৫ ও স্মিথ ৩৩ রান করেন। শ্রীলঙ্কার হয়ে কুলাসেকেরা, পেরেরা, মুরালিধরন ও রণদিভ প্রত্যেকেই দুটি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন শ্রীলঙ্কার উদ্বোধনী ব্যাটসম্যান উপুল থারাঙ্গা।—ক্রিকইনফো