ইতিহাস ডাকছে তাবারেজকে
মন্টেভিডিওতে তাঁর ঘরের দেয়ালে বড় বড় করে চে গুয়েভারার একটা বাণী লেখা আছে। আচার-আচরণে সব সময় চে গুয়েভারাকে অনুসরণ করার চেষ্টা করেন। মুখে এক নিরাসক্ত ভঙ্গি, চোখে দার্শনিক ঔদাসিন্য মিলিয়ে এই মানুষটিকে ফুটবলের মতো খেলায় কেমন যেন বেমানান মনে হয়। লোকে তাঁকে ‘এল মায়েস্ত্রো’ বা ‘দ্য টিচার’ বলে ডাকে। আসলেই ফুটবল মাঠের চেয়ে কোনো কলেজের ক্লাসরুমেই তাঁকে বেশি মানিয়ে যেত।অথচ ফুটবলের মতো এই খেলাটিরই ‘মায়েস্ত্রা’ হয়ে উঠলেন এই অস্কার ওয়াশিংটন তাবারেজ। ফ্যাবিও ক্যাপেলো, মার্সেলো লিপ্পি, রেমন্ড ডমেনেখের মতো কৌশলী কোচ নামী-দামি দল নিয়ে যা পারলেন না, তাই করে ফেললেন তাবারেজ—‘পুঁচকে’ উরুগুয়েকে নিয়ে গেলেন সেমিফাইনালে।ফুটবলের খোঁজখবর যাঁরা রাখেন, উরুগুয়েকে ‘পুঁচকে’ বলায় চটে যেতে পারেন। আর্জেন্টিনা-ব্রাজিল যখন বিশ্বকাপ ট্রফি ছুঁয়েও দেখেনি, তখনই, ১৯৫০ সালের মধ্যে দুবার বিশ্বকাপ জেতা হয়ে গেছে উরুগুয়ের। এর পরও দুবার সেমিফাইনাল খেলেছে তারা। ১৯২৪ ও ১৯২৮ অলিম্পিকের ফুটবল সোনাও জিতেছে তারা। কিন্তু এ সবই হারিয়ে যাওয়া এক অতীতের গল্প। ১৯৭০ সালে মেক্সিকো বিশ্বকাপের সেমিফাইনাল খেলার পর থেকেই উরুগুয়েতে শুরু হয়ে গেল ফুটবলের এক ‘অন্ধকার যুগ’। গত ৯ বিশ্বকাপের ৫ বারই বাছাইপর্ব পার হতে পারেনি তারা।তবে শুধু খেলা দিয়ে এই সময়ে উরুগুয়ের ‘পতন’টা বোঝানো যাবে না। গত প্রায় তিন দশক উরুগুয়ের ফুটবল পরিণত হয়েছিল এক কালো অধ্যায়ে। খেলা ছেড়ে মারামারি, নেতিবাচক খেলা—নানা রকম খবর ছিল তাদের নিয়ে। সব মিলিয়ে দলটি আর কোনো দিন বিশ্ব পর্যায়ে মাথা তুলে দাঁড়াবে, এই আশাও করতে ভুলে গিয়েছিল উরুগুয়ের লোকজন।এই অন্ধকার থেকেই উরুগুয়ের ফুটবলকে টেনে তোলার দায়িত্ব কাঁধে নিলেন অস্কার তাবারেজ। বর্ণহীন খেলোয়াড়ি জীবন শেষে কোচিং শুরু করার আগে কিছুদিন একটা স্কুলে শিক্ষকতা করেছেন বলে ‘এল মায়েস্ত্রা’ নামটা পেয়ে গেছেন।১৯৮০ সালে কোচিং ক্যারিয়ার শুরু করার পর টুকটাক সাফল্য অনেক পেয়েছেন। দুবার ‘লিবার্তোদোরেস কাপ’ জিতেছে; একবার উরুগুয়ের পেনারল ক্লাবকে নিয়ে ও একবার আর্জেন্টিনার বোকা জুনিয়র্সকে নিয়ে।১৯৮৮ সালে প্রথম উরুগুয়ে দলের দায়িত্ব নিয়ে ১৯৮৯ কোপা আমেরিকার ফাইনালে তুললেন দলকে; যদিও ফাইনালে হারল তারা ব্রাজিলের কাছে। তাবারেজ ১৯৯০ বিশ্বকাপেও এলেন উরুগুয়েকে নিয়ে। এরপর কিছুদিন আবার বিভিন্ন ক্লাবে ঘুরে বেড়ালেন। সর্বশেষ ২০০৬ সালে বোকা থেকে এসে উরুগুয়ের দায়িত্ব নিলেন।পথ চলাটা মসৃণ হয়নি। বাছাইপর্ব থেকে ছিটকেই পড়তে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত কোস্টারিকার সঙ্গে প্লে-অফ খেলে বিশ্বকাপে এসেছেন। বিশ্বকাপে এসেই ‘মাস্টারি’টা বুঝিয়ে দিলেন। শুরু হলো উরুগুয়ের ইতিহাস পুনর্নির্মাণ।১৯৭০ সালের পর আবার সেমিফাইনালে উঠে এল উরুগুয়ে। এখন আর মাত্র একটা ধাপ। তারপরই ৬০ বছর ধরে জমাটবাঁধা বরফটা গলবে; আরেকবার বিশ্বকাপ ফাইনালে উঠবে উরুগুয়ে।তাবারেজ নিজে বলছেন, ‘আমি এসব নিয়ে ভাবতে চাইছি না। এতে মনঃসংযোগে প্রভাব পড়ে।’ কিন্তু ভাবতে তো তাবারেজকে হবেই। ইতিহাস যে হাতছানি দিচ্ছে তাঁকে। চে’র মতো ইতিহাস ছুঁতে হবে না! ওয়েবসাইট।