তাঁকে ডাকা হয় ‘ক্যাপ্টেন কুল’। ব্যাট যতই স্ফুলিঙ্গ ছড়াক, স্বভাবে তিনি সব সময়ই ধীরস্থির। ৩-০-তে এগিয়ে গিয়েও ধবলধোলাইয়ের প্রতিশোধস্পৃহায় টগবগ করে ফুটছেন না মহেন্দ্র সিং ধোনি। মোহালি টেস্ট শেষে তাই স্পষ্ট বলেছেন, ‘খেলাধুলায় প্রতিশোধ ব্যাপারটায় বিশ্বাস নেই আমার।’ কিন্তু এটা কি সত্যিই তাঁর মনের কথা? আজ ফিরোজ শাহ কোটলায় যখন টস করতে নামবেন, ধোনির মনে কি আঁকা থাকবে না ৪-০!এক সিরিজে চার টেস্ট কখনোই জেতেনি ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে তো নয়ই, সব মিলিয়েও ৮১ বছরের টেস্ট ইতিহাসে টানা চার টেস্ট জিততে পেরেছে মাত্র দুবার। অসংখ্য ইতিহাসের হাতছানি তাই আছেই। অস্ট্রেলিয়ায় ধবলধোলাই হওয়ার লজ্জার ক্ষতে প্রলেপ লাগানোর ব্যাপারটিও না থেকে পারেই না। সে ধোনি যতই বলুন প্রতিশোধস্পৃহা নেই! ইতিহাস গড়া আর জ্বালা জুড়ানোর সুযোগ একসঙ্গে সব সময় আসে না। ধোনির দলের সামনে সেই অনন্য সুযোগ। ওয়েবসাইট।সেই কাজটা আরও সহজ হয়ে যাচ্ছে সম্ভবত ম্যাচের আগেই। পিঠের চোটটা অনেক দিন থেকেই ভোগাচ্ছে মাইকেল ক্লার্ককে। তবে চোটের কারণে ক্যারিয়ারে একটি টেস্টও মিস করেননি। সেই সময়টা এল এমন সময়ে, যখন তাঁকে প্রয়োজন ছিল সবচেয়ে বেশি! ক্লার্ক বলছেন, শেষ মুহূর্ত পর্যন্ত খেলার চেষ্টা করে যাবেন। তবে এটাও যোগ করেছেন, সর্বোচ্চটা দিতে না পারলে মাঠে নামবেন না। কদিন আগেও যাঁর টেস্ট ক্যারিয়ার নিয়ে ছিল অনিশ্চয়তা, সেই শেন ওয়াটসনেরই আজ কোটলায় টস করার সম্ভাবনা বেশি।চার ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ধবলধোলাই হয়েছে একবারই। ১৯৬৯ সালে আলী বাখেরের সেই দুর্দান্ত দক্ষিণ আফ্রিকা দলের কাছে হেরেছিল বিল লরির দল। এবার সেই লজ্জার পুনরাবৃত্তির শঙ্কা। মান বাঁচানোর এই লড়াইয়ে ক্লার্ককে না পাওয়াটা বড় ধাক্কা অস্ট্রেলিয়ার জন্য। শুধু দলের অধিনায়কই তো নন, ক্লার্ক দলের সেরা ব্যাটসম্যান, সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার, সবচেয়ে ভরসার জায়গা! ক্লার্ক না থাকা মানে হীনবল এই অস্ট্রেলিয়া দলের শক্তি অর্ধেক কমে যাওয়া। ক্লার্ক না খেললে ওয়াটসন সরাসরি খেলবেন তাঁর জায়গায়। দেশে ফিরে যাওয়া মিচেল স্টার্কের জায়গায় একাদশে ফিরছেন জেমস প্যাটিনসন। জেভিয়ার ডোহার্টির জায়গায় গ্লেন ম্যাক্সওয়েল ও ময়েজেস হেনরিকেসের বদলে মিচেল জনসনের খেলার সম্ভাবনাও আছে। ভারতীয় শিবিরে কাল রাতটা হয়তো নির্ঘুম কেটেছে অজিঙ্কা রাহানের। বহুপ্রতীক্ষিত টেস্ট অভিষেক কি আজ হচ্ছে মুম্বাইয়ের ব্যাটসম্যানের?