ইতিহাস ডাকছে লন্ডনকে!
একবার চিন্তা করুন। ৯.৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড়েও অলিম্পিকে কোনো পদক পেলেন না একজন অ্যাথলেট। অবিশ্বাস্য! এই অবিশ্বাস্য ব্যাপারটাই নাকি এবার হতে যাচ্ছে লন্ডনে। আর এমনটা ভাবছেন যেনতেন কেউ নন, বিশ্বের দ্বিতীয় দ্রুততম মানব টাইসন গে। যুক্তরাষ্ট্রের এই স্প্রিন্টার মনে করছেন ইতিহাসের সেরা ও দ্রুততম ১০০ মিটার দৌড়টা এবার লন্ডনের অলিম্পিক স্টেডিয়ামেই হবে। মোনাকো থেকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে বার্তা সংস্থা রয়টার্সকে পরশু নিজের বিশ্বাসের কথা জানিয়েছেন গে, ‘আমি সত্যিই এটা বিশ্বাস করি। একটা পদক পেতে হলে কমপক্ষে ৯.৭ সেকেন্ডে দৌড়াতেই হবে। এটা সত্যিই চিত্তাকর্ষক, অবিশ্বাস্য।’গে যে ভুল বলেননি সেটার সাক্ষী রেকর্ড বই। এর আগে অলিম্পিকে ৯.৮ সেকেন্ডের নিচে ১০০ মিটার দৌড়েছেন শুধু উসাইন বোল্ট। ২০০৮ বেইজিং অলিম্পিকে ৯.৬৯ সেকেন্ডে বিশ্বজয় করেছিলেন বোল্ট। দ্বিতীয় হওয়া ত্রিনিদাদের রিচার্ড টম্পসনের লেগেছিল ৯.৮৯ সেকেন্ড। আর এবারের লাইনআপটা দেখুন। বোল্টের সঙ্গী স্বদেশি বিশ্ব চ্যাম্পিয়ন ইয়োহান ব্লেক, বিশ্ব রেকর্ডের সাবেক মালিক আসাফা পাওয়েল, দুই মার্কিন জাস্টিন গ্যাটলিন ও টাইসন গে। ২০০৯ সালে ৯.৬৯ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ানো গে ভাবছেন এবার ইতিহাসই না সৃষ্টি হয়ে যায়, ‘চার বা পাঁচজনের সম্ভাবনা আছে একটি মাত্র দৌড়ে ওটা (৯.৭) করা, এটা ভাবলেই তো মাথা খারাপ হয়ে যাওয়ার কথা।’এই পাঁচজনের সেরা সময়টা জেনে রাখুন, বোল্ট ৯.৫৮ সেকেন্ড (২০০৯), পাওয়েল ৯.৭২ (২০০৮), ব্লেক ৯.৭৫ (২০১২), গ্যাটলিন ৯.৮ (২০১২), গে ৯.৬৯ (২০০৯)। এঁদের বাইরেও অন্তত দু-তিনজন আছেন যাঁদের আনাগোনা ৯.৮ সেকেন্ডের আশপাশেই। লন্ডন সত্যিই সবাইকে ডাকছে। রয়টার্স।