ইতিহাস বদলে দেওয়ার স্বপ্ন ওঁদের চোখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ফেবারিট হওয়ার মতো তেমন কিছু বিশ্বকাপে আমরা কখনোই করিনি। আমরা কেন ফেবারিট হব!’—দিনকয়েক আগে সংবাদ সম্মেলনে বলছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। এই স্প্যানিশ মিডফিল্ডার বরাবরই খুব বিনয়ী। তবে এই কথাকে কেউ তাঁর বিনম্রতার উদাহরণ হিসেবে নিক, এটা কিন্তু তিনি চাননি। যুক্তি দিয়েই সবাইকে বোঝাতে চাইছিলেন, স্পেনকে যেন আর ফেবারিট বলা না হয়।তবে ইনিয়েস্তার চেষ্টা খুব একটা সফল হয়নি, ‘স্পেন, স্পেন’ রবটা স্তিমিত হয়নি মোটেও। বোদ্ধা থেকে শুরু করে ফুটবলের সামান্য খোঁজখবর রাখা লোকটির কাছে পর্যন্ত এবারের বিশ্বকাপের হট ফেবারিট স্পেন। আজ সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে স্পেন বড় জয় না পেলে সেটি হবে অঘটন। গত বিশ্বকাপের পর থেকেই ‘লা ফুরিয়া রোজা’দের যা পারফরম্যান্স, তাতে তাদের হট ফেবারিট না বলে উপায় নেই। কিন্তু ইনিয়েস্তার যুক্তিটাই বা ফেলবেন কী করে? বিশ্বকাপে ফেবারিটের মর্যাদা পেতে সাম্প্রতিক ফর্মটাই শুধু যথেষ্ট নয়, ইতিহাসটাকেও হিসেবে রাখতে হয়। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানির ফর্ম যেমনই হোক না কেন, সব সময়ই তারা ফেবারিট। সাম্প্রতিক সময়ে জঘন্য পারফরম্যান্সের পরও যেমন ইতালিকে কেউ হিসেবের বাইরে রাখতে পারছেন না। তো এই ইতিহাস স্পেনকে কোথায় রাখছে?‘কোয়ার্টার ফাইনালের দল’—বিশ্বকাপের স্পেনকে লোকে এই নামেই চেনে। কিন্তু ‘প্রথম রাউন্ডের দল’ বললেও কি খুব একটা ভুল হয়? এর আগে ১২ বিশ্বকাপে চারবার কোয়ার্টার ফাইনাল খেলে চারবারই হেরেছে তারা, কোয়ার্টার ফাইনালের দল বলার কারণ এটাই। কিন্তু প্রথম রাউন্ড থেকেও তো বাদ পড়েছে একই সমান চারবার! ১৯৫০ বিশ্বকাপে চতুর্থ হওয়াটাই স্পেনের সর্বোচ্চ সাফল্য, কিন্তু সেবার কোনো দ্বিতীয় রাউন্ড বা কোয়ার্টার ফাইনাল ছিল না। প্রথম রাউন্ডে চার গ্রুপের শীর্ষ চার দল সরাসরি খেলেছিল সেমিফাইনালে। বাকি তিনটি বিশ্বকাপে স্পেন বাদ পড়েছে দ্বিতীয় রাউন্ড থেকেই। এই ইতিহাস জানার পর স্পেনকে বিশ্ব ফুটবলের পরাশক্তি বলতেও আপত্তি হতে পারে আপনার। অথচ স্প্যানিশ লিগ অনেকের মতেই বিশ্বের সেরা। এটা নিয়ে সামান্য তর্ক হলেও, টেকনিক্যালি ‘লা লিগা’ যে সবচেয়ে নিখুঁত এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বিশ্ব ফুটবলের অন্যতম সফল ও জনপ্রিয় দুটি ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাও স্পেনের। দলে প্রতিভার কোনো কমতিও কখনো থাকে না। কিন্তু বিশ্বকাপে পূরণ করতে পারে না তারা প্রত্যাশার ছিটেফোঁটাও। বিশ্বকাপের বাইরেও তো গত ইউরো জয়ের আগে একমাত্র বড় সাফল্য ছিল ১৯৬৪ ইউরো জয়। যদিও সবকিছু পাল্টে দিচ্ছে গত ইউরো জয়টাই।দলে তারকা খেলোয়াড়ের সংখ্যা বিচার করলে এবারের বিশ্বকাপে স্পেনের ধারে-কাছে নেই কেউ। পজিশন অনুযায়ী খেলোয়াড়দের তুলনা করলে স্পেনের কাছে পাত্তা পাওয়ার কথা নয় কোনো দলেরই। স্রেফ রিজার্ভ বেঞ্চ দিয়েও দাঁড় করানো যায় শক্তিশালী একটা দল। গত এক বছরে তারা দুটি ম্যাচে প্রতিপক্ষকে ডুবিয়েছে ছয় গোলের লজ্জায়, পাঁচ গোল করেছে আরও চার ম্যাচে, হারিয়েছে আর্জেন্টিনা, ফ্রান্সের মতো দলকে। কিন্তু এসব কিছু নয়, এবারের স্পেনকে অন্য সব স্পেন দলের চেয়ে সবাই এগিয়ে রাখছে গত ইউরো জয়ের কারণেই। বড় টুর্নামেন্টে স্পেনের না পারার সবচেয়ে বড় কারণ মনে করা হয় চাপে ভেঙে পড়া। ইউরো জিতে এই দলটি সেই মানসিক বাধা পেরিয়ে গেছে বলেই মনে করছেন অনেকে।এমন মনে করাদের একজন ফার্নান্দো হিয়েরো। সাবেক এই ডিফেন্ডার বলছেন, ‘ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সাফল্যটা খুব জরুরি ছিল। দলের মানসিকতাটাই এখন পাল্টে গেছে। ইউরো জয়ে ভয়টাই কেটে গেছে।’ স্পেনের হয়ে চারটি বিশ্বকাপ খেলা ফুটবলার যখন এমনটা বলছেন, স্পেনের ওপর এবার বিশ্বাস রাখাই যায়।