ইতিহাস সঙ্গে নিয়ে চলে গেলেন মান্ত্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাধব মান্ত্রি
মাধব মান্ত্রি

নাম দিয়ে হয়তো তাঁকে চেনা যাবে না। মনে রাখার মতো কোনো রেকর্ড বা পরিসংখ্যানও নেই। তার পরও মাধব মান্ত্রির মৃত্যুতে শোকাতুর হয়ে উঠেছে ভারতের ক্রিকেট অঙ্গন। সাবেক এই উইকেটরক্ষকই ছিলেন ভারতের সবচেয়ে বেশি বয়সী টেস্ট ক্রিকেটার। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।
১৯৫১ সালে শুরু, ১৯৫৫-তে শেষ। চার বছরের ক্রিকেট ক্যারিয়ারে মান্ত্রি খেলেছিলেন মাত্র চারটি টেস্ট। নিশ্চিতভাবেই মনে রাখার মতো কোনো কিছু তাতে নেই। কিন্তু ভারতীয় ক্রিকেট অঙ্গনকে বদলে দিয়েছিলেন, এমন বেশ কিছু ক্রিকেটারের যাত্রা শুরুই হয়েছিল তাঁর হাত ধরে। সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান সুনীল গাভাস্কারের ক্যারিয়ারে বড় ভূমিকা আছে মান্ত্রির। গাভাস্কার ছিলেন মান্ত্রির ভাগনে। ১৯৭০ সালে গাভাস্কারকে মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে খেলার সুযোগ করে দিয়েছিলেন মুম্বাইয়ের নির্বাচক কমিটিতে থাকা মান্ত্রি। প্রথম ইনিংসেই শূন্য রানে আউট হয়েছিলেন গাভাস্কার। স্বজনপ্রীতির অভিযোগে সেসময় সমালোচনার মুখেই পড়তে হয়েছিল মান্ত্রিকে। কিন্তু তিনি যে পাকা জহুরি, সেটা পরে ঠিকই প্রমাণ করে দিয়েছিলেন গাভাস্কার। প্রথম টেস্ট ক্রিকেটার হিসেবে ছুঁয়েছিলেন ১০ হাজার রানের মাইলফলক। ভারতের সাবেক অধিনায়ক অজিত ওয়াদেকারও জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন মান্ত্রির জন্য।
১৯৬৮ সালে প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে বিদায়ের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের বিভিন্ন ভূমিকায় দায়িত্ব পালন করেছেন মান্ত্রি। ১৯৯০ সালে শচীন টেন্ডুলকারের প্রথম বিদেশ সফরের সময় তিনি ছিলেন দলের ম্যানেজার। তরুণ টেন্ডুলকারও সে সময় নানা দিক নির্দেশনা পেয়েছিলেন মান্ত্রির কাছ থেকে।