
সম্ভাবনাটা জাগিয়ে রেখেছিলেন আগের দিনই। কাল ছিল শুধু ইতিহাসে ঢুকে যাওয়ার অপেক্ষা। সেই অপেক্ষার প্রহরটি কাল দীর্ঘায়িত হলো ঘণ্টা খানেকের মতো। রবীন্দ্র জাদেজার বলে সিঙ্গেল নিয়ে বিদায়ী টেস্টে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় ঠাঁই নিলেন জ্যাক ক্যালিস। অবসরের ঘোষণা দিয়ে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি করা ক্যালিসই প্রথম দক্ষিণ আফ্রিকান।
ক্যালিস উল্লাসে মেতে উঠতেই কিংসমিডের দর্শকেরা দাঁড়িয়ে পড়েছে। ক্যালিসও ব্যাট-হেলমেট উঁচিয়ে ফিরিয়ে দিলেন অভিবাদন। ও প্রান্ত থেকে ছুটে এসে ডেল স্টেইন জড়িয়ে ধরলেন বুকে। গ্যালারির মতো দক্ষিণ আফ্রিকার ড্রেসিংরুমেও বইল করতালির বৃষ্টি। ভারতের ড্রেসিংরুমেও একজন করতালি দিয়ে দক্ষিণ আফ্রিকার ‘ক্রিকেট নায়ক’কে অভিনন্দিত করলেন—ভারতের কোচ ডানকান ফ্লেচার। ক্যারিয়ারের শুরুর দিকে ক্যালিসের কোচ ছিলেন এই জিম্বাবুইয়ান।
একটু পর আবারও কিংসমিডে করতালির বৃষ্টি। এবার ক্যালিস আউট! ব্যক্তিগত ১১৫ রানে দাঁড়িয়ে সেই জাদেজার বলেই উইকেটকিপার ধোনির হাতে ক্যাচ। বিদায়ী টেস্ট তো বটেই; এটা হতে পারে তাঁর শেষ টেস্ট ইনিংসও। দর্শক কি তাই জানিয়ে রাখল শেষের অভিবাদন? রাহুল দ্রাবিড়কে (১৩২৮৮) টপকে তৃতীয় সর্বোচ্চ রানের মালিক হয়ে ক্যালিসও (১৩২৮৯) ব্যাট উঁচিয়ে ধীরে ধীরে চলে গেলেন ড্রেসিংরুমের দিকে। অভিনন্দন জানাতে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা ড্রেসিংরুম ছেড়ে নেমে এলেন নিচে। জড়িয়ে ধরে অধিনায়ক গ্রায়েম স্মিথ চুমু এঁকে দিলেন কপালে। অভিনন্দনে ভিজতে ভিজতে ক্যালিস হারিয়ে গেলেন কাচঘেরা দেয়ালের আড়ালে। ওয়েবসাইট।
সেঞ্চুরি করে ক্যালিস ডারবান টেস্টটাকে আক্ষরিক অর্থেই বানিয়ে ফেললেন নিজের টেস্ট। তাঁর সেঞ্চুরিতে একরকম নিশ্চিত হয়েছে এটাও—একেবারেই অলৌকিক কিছু না ঘটলে দক্ষিণ আফ্রিকা টেস্টে হারছে না! আউট হওয়ার আগে নাইটওয়াচম্যান ডেল স্টেইনের সঙ্গে গড়েছেন ৮৬ রানের জুটি। মন্থর হয়ে পড়া উইকেটে ক্যালিসের শেষ সেঞ্চুরিটা হয়ে থাকল ধৈর্যের প্রতিমূর্তির ছবি। ২৭৩ বলে ছুঁয়েছেন ক্যারিয়ারের ৪৫তম টেস্ট সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৩১৬ বলে ১১৫। ১৩টি চার। উইকেটে কাটিয়েছেন ৩৯৩ মিনিট। ক্যালিসের একটু পর ফিরে যান স্টেইনও। পরে ডু প্লেসিস, পিটারসেনরা ওয়ানডের ধরনে ব্যাট করে দক্ষিণ আফ্রিকাকে নিয়ে যান ৫০০ রানে।
১৬৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারতের রান দিন শেষে ২ উইকেটে ৬৮। ফিরে গেছেন দুই ওপেনার। ধোনির দল এখনো পিছিয়ে ৯৮ রানে।