ইতিহাসকে ভাবনা থেকে দূরে রাখতে চায় হল্যান্ড
বিশ্বকাপের ফাইনালে উঠলেই যেন কী হয় দলটির! ১৯৭৪ ও ১৯৭৮—দুবার ফাইনালে উঠেও দুুবারই স্বাগতিক দলের কাছে হেরে হল্যান্ডের হয়েছে স্বপ্নভঙ্গ। ৩২ বছর পর আবার ফাইনালে উঠে ডাচরা কি পারবে এত বছরের দুঃখ ঘোচাতে?না, এবার হল্যান্ড অনেকটাই আত্মবিশ্বাসী। আগের দুবার ফাইনালে স্বাগতিক দলের কাছে হারলেও এবারের বিশ্বকাপের ফাইনালে হল্যান্ডের প্রতিদ্বন্দ্বী স্পেন। হোক না দলটা শক্তিশালী, হল্যান্ডও কম যায় নাকি! বাছাইপর্বের কথা বাদ দিন। বিশ্বকাপেই টানা ছয়টি ম্যাচ জিতে ফাইনালে উঠেছে ফিফা র্যাঙ্কিংয়ের চার নম্বরে থাকা এই দলটি। ফাইনালে ওঠার পথে হল্যান্ড হারিয়েছে ব্রাজিলের মতো ফুটবল পরাশক্তিকে। আত্মবিশ্বাসের চূড়াতেই থাকার কথা হল্যান্ডের কমলা বাহিনীর। হল্যান্ডের প্রতিদ্বন্দ্বী স্পেন এবারের বিশ্বকাপে সুন্দর ফুটবলের এক অনন্য নমুনা। বর্তমান ফুটবল বিশ্বের সেরা খেলোয়াড়দের সমন্বয়ে একটি অপ্রতিদ্বন্দ্বী দলও। সেমিফাইনালে জার্মানির মতো শক্তিশালী দলকে ট্যাকটিক্যাল লড়াইয়ে হারিয়ে এসেছে তারা, এমন একটি দলের বিপক্ষে অনেক বিশ্লেষকই হল্যান্ডকে ফেবারিট ভাবতে নারাজ। বিশ্লেষকেরা যা-ই বলুন, যা-ই ভাবুন না কেন—হল্যান্ডের কোচ বার্ট ফন মারউইক ফেবারিট নিয়েই কথা বলতে রাজি নন। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেছেন, ‘ফাইনালে কে ফেবারিট এসব নিয়ে ভাবতে চাই না আমি। বিশ্ববাসী কী বলছে তা জানারও প্রয়োজন নেই আমার। আমরা কেবল আমাদের সেরা খেলাটা খেলতে চাই।’ এর পরই ডাচ কোচ যোগ করেন, ‘২৮ আর ৩২ বছর আগে যা হয়েছে সেটার সঙ্গে এই দলের তুলনা করা ঠিক হবে না। ইতিহাসকে পেছনে ফেলে বিশ্বকাপ জয়ের অপেক্ষায় আছি আমরা।’বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি হল্যান্ডের বিশ্ব বিজয়ের সাক্ষী হওয়ার জন্য ফুটবলপ্রেমীরাও অপেক্ষায় আছে অনেক দিন। তাদের প্রার্থনা, জোহানেসবার্গের সকার সিটিতে যেন মিউনিখ কিংবা বুয়েন্স আয়ার্সের ভাগ্যবরণ না করতে হয় ডাচেদের।