ইতিহাসকে সামনে দেখছে সবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেবাননের চেয়ে র‌্যাঙ্কিংয়ে চৌদ্দ ধাপ এগিয়ে। সাম্প্রতিক ফলাফলেও লেবাননের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। লেবানন তাদের সর্বশেষ তিনটি প্রস্তুতি ম্যাচে হেরেছে, যদিও প্রতিপক্ষ ছিল শক্তিশালী—সংযুক্ত আরব আমিরাত, ওমান ও কুয়েত। আর বাংলাদেশ তাদের তিনটি আন্তর্জাতিক ম্যাচের একটিতে জিতেছে, একটি ড্রয়ের পাশে হেরেছে বাকি ম্যাচটি। এত কিছুর পরও সতর্ক বাংলাদেশ—ইতিহাসের বাঁকে দাঁড়ানো দলটি বিশ্বকাপের বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে জিতলেই ঢুকে যাবে এশিয়ার সেরা বিশে। এর আগে কখনোই বিশ্বকাপ বাছাইপর্বের সেরা বিশে খেলার সুযোগ পায়নি লাল-সবুজের দেশ। নতুন কোচ, স্বল্প প্রস্তুতি—তবু জয়ের লক্ষ্য নিয়েই আজ লেবাননের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে নামবেন আত্মপ্রত্যয়ী বিপ্লব-এমিলিরা। বৈরুতের স্পোর্টস সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচে জয় না হোক, অন্তত ড্র করলেও চলবে। বাংলাদেশের সামনে যে ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ, সেটা ভালোই বুঝতে পারছেন বাংলাদেশের অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য। কাল বৈরুত থেকে জানালেন, ‘এখানে গ্রীষ্মকাল চলছে। আবহাওয়া ভালো। কন্ডিশন নিয়ে ভাবছি না। আমাদের জন্য ইতিবাচক দিক হচ্ছে, প্রতিটি খেলোয়াড়ই ম্যাচ নিয়ে ভাবছে এবং সবাই জানে যে ইতিহাস থেকে এক ধাপ দূরে আমরা। আমি মনে করি, দলের ও দেশের জন্য এটা একটা দারুণ ব্যাপার।’ সুপার কাপ স্থগিত করে জাতীয় দলকে অনুশীলনের সুযোগ করে দেওয়া হয়েছিল। কিন্তু তাতে কতটুকুই বা লাভ হয়েছে! পরশু বৈরুতের হোটেলে উঠে ঘণ্টা চারেকের বিশ্রাম শেষে ছেলেদের নিয়ে অনুশীলনে নেমে পড়েন কোচ নিকোলা ইলিয়েভস্কি। বৈরুত মিউনিসিপালিটি স্টেডিয়ামে অনুশীলন হয়েছে কালও। নিজেদের মাঠে লেবাননের ফলাফল খুব ভালো নয়। সর্বশেষ আট ম্যাচের একটিও তারা জেতেনি। মাত্র দুটি ম্যাচ ড্র করেছে। লেবানন দেশের মাটিতে সর্বশেষ জিতেছিল ২০০৮ সালে। মালদ্বীপকে ওই ম্যাচে হারিয়েছিল ৪-১ গোলে। তবে এসব পরিসংখ্যানে চোখ না রেখে নিজেদের কাজটাই করতে হবে বাংলাদেশকে। লেবাননের কোচ এমিল রুস্তম বাংলাদেশকে যথেষ্ট সমীহের চোখে দেখছেন, ‘এই ম্যাচটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা এরই মধ্যে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছি। আমাদের খেলোয়াড়েরা কে কেমন খেলে, সেটা বুঝতে সাহায্য করেছে ম্যাচগুলো। আমাদের জাতীয় দল গত দুই বছর কোনো ম্যাচ খেলতে পারেনি। তবে আমরা হারার আগে হারব না। ঢাকায় যাওয়ার আগে এই ম্যাচ জিতে আমরা মানসিকভাবে এগিয়ে রাখতে চাই নিজেদের।’