ইতিহাসে আশ্রয় তাবারেজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়ের হাত ধরে হয়তো বদলে যাবে সব। গলে গলে ক্ষয়ে যাবে উত্তর মেরুর বরফ। ধূসর হবে চিরহরিত্ বনাঞ্চল। কিন্তু এই সত্য কোনো দিনই পাল্টাবে না, কেউ পাল্টাতে পারবেও না—বিশ্বকাপের প্রথম চ্যাম্পিয়নের নাম উরুগুয়ে!১৯৩০ বিশ্বকাপের সাক্ষী হিসেবে সেন্টেনারিও স্টেডিয়ামের ফুটবল জাদুঘরে চারকোনা স্বচ্ছ এক বাক্সে নিশ্চয়ই শুয়ে আছে সেই বলটি। এই সেন্টেনারিও স্টেডিয়ামেই ৮০ বছর আগে ৩০ জুলাই প্রতিবেশী আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল উরুগুয়ে। শুধু তা-ই নয়, ফুটবলের আজকের পরাশক্তি ব্রাজিল ১৯৫৮ সালে যখন প্রথম বিশ্বকাপ শিরোপার স্বাদ পেল, তত দিনে দু-দুবার বিশ্বকাপ আর অলিম্পিক চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের নাম লিখিয়ে ফেলেছে উরুগুইয়ানরা!সেই উরুগুয়ে বিশ্বকাপে যাচ্ছে আট বছর পর। অবধারিতভাবেই সঙ্গী হচ্ছে ইতিহাস। যে ইতিহাসে ভারাক্রান্ত নয়, দল অনুপ্রেরণাই খুঁজে নেয় বলে জানিয়েছেন কোচ অস্কার তাবারেজ, ‘বিশ্বকাপ আসলে কী এ সম্পর্কে পরিষ্কার ধারণা আছে বলেই আমরা ঠিক পথেই এগোচ্ছি। আমার খেলোয়াড়েরাও সেটা জানে।’স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, গত বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্স আর মেক্সিকোর সঙ্গে ‘এ’ গ্রুপে পড়েছে উরুগুয়ে। ১৯৭০ বিশ্বকাপে সেমিফাইনাল, এর পর থেকেই বিশ্বকাপের মতো বড় মঞ্চে মাত্র ৩৫ লাখ জনসংখ্যার দেশটি সেভাবে মেলে ধরতে পারেনি নিজেদের। ১৯৭৪ সালে প্রথম রাউন্ডেই বাদ, পরের দুটো আসরে জায়গা করে নিতেই ব্যর্থ। ’৮৬ আর ’৯০-এ দ্বিতীয় রাউন্ড। ২০০২ সালে বাদ পড়া প্রথম রাউন্ডেই।১৯৯০ বিশ্বকাপেও কোচ হিসেবে দায়িত্ব পালন করা তাবারেজ এই ব্যর্থতার ছবি ভালো করে জানেন বলেই বলছেন, ‘এখন পর্যন্ত ১৯৭০ বিশ্বকাপের পর আমরা মোটেও ভালো করতে পারিনি। মূল পর্বে আমরা মোটেও ভালো কিছু করিনি, তাই এবার আমাদের সামনে এসেছে নতুন সুযোগ।’সুযোগ আসলেই কড়া নাড়ছে দুয়ারে। তুলনামূলক সহজ গ্রুপ পড়েছে তাদের। এই ‘সহজ’টাই আবার ‘কঠিন’ হয়ে যেতে পারে বলেও সতর্ক তাবারেজ, ‘আমরা আশাবাদ, প্রথম ম্যাচ থেকেই আমরা আমাদের প্রত্যাশা অনুযায়ী ভালো খেলতে পারব। প্রথমত, প্রথম রাউন্ড পেরিয়ে যাব। তবে কাজটা কঠিন হবে। কারণ চারটি দলেরই যেমন দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা আছে, একইভাবে আছে বাদ পড়ে যাওয়ার শঙ্কাও। যেটা আর কোনো গ্রুপে আমি দেখি না।’প্রায় প্রতিটি বিশ্বকাপেই একেকটা দল চমক জাগায়। ১৯৬৬-তে উত্তর কোরিয়া, ’৯০-এ ক্যামেরুন, ১৯৯৮-এ ক্রোয়েশিয়া, ২০০২ বিশ্বকাপে তুরস্ক আর দক্ষিণ কোরিয়া। ‘এখন পর্যন্ত বিস্ময়-জাগানিয়া এই দলগুলোর কোনোটাই কিন্তু শিরোপা পর্যন্ত যেতে পারেনি। আমার আশা, আমরা এবার চমক দেখাব। এবং সেটি দেখাতে পারলে, কে জানে হয়তো আমরা বিশ্বকাপও জিততে পারি, কারণ আমাদের সেই ইতিহাস তো আছেই’—ইতিহাসেই আশ্রয় তাবারেজের। ওয়েবসাইট।