ইতিহাসে চান্ডিমাল

অর্জুনা রানাতুঙ্গা উঁচিয়ে ধরেছেন বিশ্বকাপ ট্রফি। আর তাঁকে ঘিরে বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেছেন মুরালিধরন-ভাস-জয়াসুরিয়া-অরবিন্দ ডি সিলভারা। শ্রীলঙ্কার আর দশজন উঠতি ক্রিকেটারের মতো দিনেশ চান্ডিমালও বেড়ে উঠেছেন দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল ওই ছবিটা হূদয়ে গেঁথে। কিন্তু কখনো কি ভাবতে পেরেছিলেন একদিন সেই স্বপ্নের নায়ককেই পেছনে ফেলে একটা ইতিহাস গড়বেন? রানাতুঙ্গাকে টপকে কাল চান্ডিমাল গড়ে ফেললেন শ্রীলঙ্কার সবচেয়ে কম বয়সী ওয়ানডে অধিনায়ক হওয়ার রেকর্ড। কাল এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে টস করতে নেমেই চান্ডিমাল হয়ে যান ইতিহাস। ওয়ানডেতে রানাতুঙ্গার অধিনায়কত্বের অভিষেক হয়েছিল ১৯৮৮ সালের ২৯ অক্টোবর, ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপে, ভারতের বিপক্ষে। সেদিন তাঁর বয়স ছিল ২৪ বছর ৩৩৩ দিন। তারও এক বছর পর জন্ম নেওয়া চান্ডিমালের কাল বয়স ছিল ২৩ বছর ২৪৪ দিন। শ্রীলঙ্কার সর্বকনিষ্ঠ ওয়ানডে অধিনায়ক হলেও কম বয়সী অধিনায়কদের তালিকায় চান্ডিমালের জায়গা হয়েছে ১৪ নম্বরে। এই তালিকায় বাংলাদেশিদের জয়জয়কার। শীর্ষ দশের চারজনই বাংলাদেশের। তালিকার সবার ওপরে রাজিন সালেহ। ২০০৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বার্মিংহামে অধিনায়কত্বে অভিষেকের দিনে রাজিনের বয়স ছিল ২০ বছর ২৯৭ দিন! এ ছাড়া সাকিব আল হাসান (২২ বছর ১২৪ দিন) সপ্তম, মোহাম্মদ আশরাফুল (২৩ বছর ১৩ দিন) অষ্টম ও মুশফিকুর রহিম (২৩ বছর ৪২) আছেন নয় নম্বরে। চান্ডিমালের প্রথম শ্রেণীর এবং লিস্ট ‘এ’ ম্যাচে অভিষেক ২০০৯। সামর্থ্যের প্রমাণ দিয়ে পরের বছরই আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ। ২০১০ সালের ৩০ এপ্রিল টি-টোয়েন্টি ও ১ জুন ওয়ানডে অভিষেক। টেস্ট অভিষেক পরের বছর ডিসেম্বরে। সেই থেকে এ পর্যন্ত খেলেছেন ৭টি টেস্ট। শুরুতে অনিয়মিত হলেও টেস্টে সম্প্রতি দারুন ফর্মে আছেন চান্ডিমাল। ক্যারিয়ারে দুটি সেঞ্চুরিই করেছেন গত মার্চে বাংলাদেশের বিপক্ষে সিরিজে। তবে ওয়ানডেতে শুরুর ঝলক দেখা যাচ্ছে না ব্যাটে। এ বছর যেমন ১৩ ম্যাচে ১৮.৬৬ গড়ে করেছেন করেছেন মাত্র ১৬৮ রান! যেখানে ক্যারিয়ার গড় ৩০.৯১। তবে শ্রীলঙ্কান ক্রিকেট তাঁর মধ্যেই খুঁজে ফিরছে ভবিষ্যৎ অধিনায়ককে। সেই আশাতেই তাঁকে করা হয়েছে অ্যাঞ্জেলো ম্যাথুসের ডেপুটি। কিন্তু অধিনায়ক ম্যাথুসের নিষেধাজ্ঞা আপাতত দুই ম্যাচের জন্য বানিয়ে দিল অধিনায়কই। অধিনায়কত্বের প্রথম প্রহরে টস হারলেও ম্যাচটা কিন্তু জিতলেন। ব্যাট হাতে দারুণ কিছু করে দিনটা স্মরণীয় করে রাখার সুযোগ চান্ডিমালকে দিলেন না কুমার সাঙ্গাকারা! সাঙ্গাকারা খেললেন তাঁর ক্যারিয়ার-সেরা ১৬৯ রানের ইনিংস। টপ-অর্ডার ব্যাটসম্যানদের সাফল্যে ইনিংসের শেষ মুহূর্তে নেমে চান্ডিমাল খেলতে পারলেন মাত্র ১টি বল, করলেন ১ রান। তবে এ নিয়ে তাঁর আফসোস থাকার কথা নয়।