ইতিহাসে চোখ ডর্টমুন্ড-চেলসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরুসিয়া ডর্টমুন্ড আর চেলসির মধ্যে মিল খুঁজে পাওয়া ভার। তবে ভাগ্য জার্মানি ও ইংল্যান্ডের ক্লাব দুটিকে আজ মিলিয়ে দিয়েছে একই বিন্দুতে। আজ চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের আগে অনুপ্রেরণা খুঁজতে দুই দলই শরণাপন্ন ইতিহাসের। ডর্টমুন্ড চাইছে গত বছরের মতো আরও একবার সেই রিয়াল-মিরাকলের। পেছনে তাকিয়ে চেলসি চাইছে ২০১২ সালের সেই নাপোলি-কাণ্ডের পুনরাবৃত্তি। গলার ফাঁস খুলতে তা ছাড়া উপায়ই বা কী!

গত বুধবার প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মাঠে গিয়ে ৩-০ গোলে হেরেছে ডর্টমুন্ড। সেমিফাইনালের রাস্তাটা তাদের জন্য কঠিন। হাল ছেড়ে না দিয়ে জার্মান ক্লাবটি শরণ নিচ্ছে গত বছরের সেই ম্যাচের। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে রিয়ালকে ৪-১ গোলে হারিয়েছিল তারা। সেবার পারলে এবার কেন নয়? ডর্টমুন্ড কোচ ইয়ুর্গেন ক্লপের আশার পালে হাওয়া লাগাচ্ছে রবার্ট লেভানডফস্কির প্রত্যাবর্তনও। গত বছর চারটি গোলই করেছিলেন এই পোলিশ স্ট্রাইকার। নিষেধাজ্ঞার কারণে প্রথম লেগে খেলতে না-পারা লেভানডফস্কিকে পেয়ে আজ ডর্টমুন্ড যেমন উজ্জীবিত থাকবে, প্রতিপক্ষ রিয়ালও থাকবে শঙ্কিত!

তবে জার্মানি-যাত্রার রিয়ালকে দেখে অবশ্য তা মনে হচ্ছে না। কার্লো আনচেলত্তির দল বরং আত্মবিশ্বাসে উড়ছে। ৩-০-তে এগিয়ে থাকায় নির্ভার তো বটেই, রিয়াল মাদ্রিদের সঙ্গী শনিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৪-০ জয়ের আত্মবিশ্বাসও। তবে কোচ আনচেলত্তির যা শঙ্কা ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে। কাল অনুশীলনে নেমে আবার চোট পেয়েছেন হাঁটুতে। মাঠ ছেড়েছেন অনুশীলন শেষ না করেই।  তাই আজ রোনালদো খেলবেন কি না, সংশয় রয়েই গেছে।

ডর্টমুন্ডের মতো না হলেও চেলসির কাজটাও কঠিন। পিএসজির মাঠ থেকে ৩-১ গোলে হেরে আসা মরিনহোর দলকে অন্তত ২-০ গোলে জিততে হবে। চেলসি অনুপ্রেরণা খুঁজছে নাপোলির ম্যাচ থেকে। ২০১২ সালে শেষ ষোলোর প্রথম লেগে নাপোলির মাঠে ৩-১ গোলে হারে আন্দ্রেস-ভিলাস বোয়াসের চেলসি। এরপর ভারপ্রাপ্ত কোচ রবার্টো ডি মাত্তেওয়ের অধীনে ফিরতি লেগে ৪-১ গোলে জিতে চেলসি শুধু কোয়ার্টার ফাইনালেই ওঠেনি, ফাইনালে বায়ার্ন মিউনিখকে হারিয়ে জিতে নেয় শিরোপাই। আবারও সে রকম কিছুরই আশায় মরিনহো, ‘আমি ম্যাচটা উপভোগ করতে চাই, কঠিন পরিস্থিতি আমি উপভোগ করি। আমরা জানি, এখন আমাদের দরকার ২-০, ৩-১, ৪-১ বা ৫-২। আমরা জানি, পিএসজির বিপক্ষে আমাদের দরকার একটা খ্যাপাটে পারফরম্যান্স। ভয়ডরহীনভাবেই তৈরি থাকতে হবে আমাদের, ঝাঁপিয়ে পড়তে হবে, তারপর দেখা যাবে কী ঘটে।’ মরিনহো তাই আজ একটু ঝুঁকি নিতেও প্রস্তুত, খেলাতে চান চোটগ্রস্ত স্যামুয়েল ইতোকে। তাঁর জন্য স্বস্তির খবর, চোটের কারণে আজ জ্লাতান ইব্রাহিমোভিচকে পাচ্ছে না পিএসজি। তবে দলের সেরা স্ট্রাইকারকে ছাড়াই ১৯৯৫ সালের পর দলকে সেমিফাইনালে তুলে দিতে আত্মবিশ্বাসী পিএসজি কোচ লরাঁ ব্লাঁ। এএফপি।

আ জ  মু খো মু খি

  বরুশিয়া ডর্টমুন্ড :  রিয়াল মাদ্রিদ

               চেলসি :  পিএসজি

· প্রথমে স্বাগতিক দল